প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেয়ারবাজারে বিনিয়োগের জন্য একজন বিনিয়োগকারীকে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খুলতে হবে। প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অথবা সেকেন্ডারি বাজারে শেয়ার কেনাবেচার ক্ষেত্রে বিও হিসাব ছাড়া বিনিয়োগের কোনো সুযোগ নেই। তবে একজন বিনিয়োগকারী সর্বাধিক কতগুলো বিও হিসাব খুলতে পারবেন, সে বিষয়ে ডিপোজিটরি পার্টিসিপেন্ট (ডিপি) সংখ্যা অনুযায়ী কোনো নির্দিষ্ট সীমা নেই। ফলে একজন ব্যক্তি একাধিক ডিপির মাধ্যমে একাধিক বিও হিসাব খুলতে পারেন। অধিক সংখ্যক বিও খোলার সুযোগ থাকায় এটি কারসাজির একটি কারণ হিসেবে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন।
বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান আমার দেশকে জানান, অধিক সংখ্যক বিও হিসাব খোলার ক্ষেত্রে শৃঙ্খলা থাকা প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
সম্প্রতি শেয়ারবাজারে কারসাজির অভিযোগে আলোচিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরুর নামে ৩২টি বিও হিসাবের তথ্য প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রকাশিত আদেশের তফসিলেও তার নামে ৩২টি বিও হিসাবের উল্লেখ রয়েছে। একই তফসিলে আরো কয়েকজনের নামেও একাধিক বিও হিসাবের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে কাজী সাদিয়া হাসানের নামে ২৩টি, সায়াদুর রহমানের নামে ১১টি এবং কনিকা আফরোজের নামে ১০টি বিও হিসাব রয়েছে।
বিএসইসির তদন্তে আবুল খায়ের হিরুর বিরুদ্ধে একাধিক শেয়ারবাজারে কারসাজির প্রমাণ পাওয়া গেছে, যেখানে তিনি একাধিক বিও হিসাব ব্যবহার করেছেন। এনআরবিসি ব্যাংকের শেয়ার কারসাজির ঘটনায় তার নিজের নামে পাঁচটি বিও হিসাবের তথ্য পাওয়া গেছে। এসব হিসাবের মাধ্যমে শেয়ার কেনাবেচা ও স্থানান্তরের মাধ্যমে কৃত্রিম লেনদেনের প্রমাণ পাওয়া যায়। একই ঘটনায় তার পরিবারের সদস্যদের বিও হিসাবও ব্যবহৃত হয়েছে। অন্যদিকে ওয়ান ব্যাংকের শেয়ার কারসাজির ঘটনায় হিরু ও তার সহযোগীরা ১৪টি বিও হিসাব ব্যবহার করেছেন। শেয়ারবাজারে কারসাজির সঙ্গে জড়িত প্রায় প্রতিটি ঘটনায় একই ব্যক্তির একাধিক বিও হিসাবের সন্ধান পাওয়া গেছে।
কারসাজির ঘটনায় বিএসইসি বিভিন্ন সময় হিরুর বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করেছে। ২০২৪ সালের ডিসেম্বরে চারটি কোম্পানির শেয়ার কারসাজির ঘটনায় তাকে প্রায় সাড়ে ৩২ কোটি টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে এশিয়া ইন্স্যুরেন্স, সোনালী পেপার ও ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজির ঘটনায়ও তাকে জরিমানা করা হয়েছে। তার পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও পৃথক অর্থদণ্ড আরোপ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, একই ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের নিয়ন্ত্রণাধীন একাধিক বিও হিসাবের মাধ্যমে কোম্পানির শেয়ার কেনাবেচা করে। ধারাবাহিক লেনদেনের মাধ্যমে (সিরিজ ট্রেডিং) শেয়ারের দাম বৃদ্ধি ও কৃত্রিম চাহিদা তৈরি করা হয়। এতে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে শেয়ারটির প্রতি আগ্রহ সৃষ্টি হয় এবং দাম বাড়তে পারে। পরে বাড়তি দামে শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নেওয়া হয়। কিছু ক্ষেত্রে একই মালিকানার বিভিন্ন বিও হিসাবের মধ্যে শেয়ার হাতবদল করা হয়, যাতে প্রকৃত মালিকানা পরিবর্তন না হলেও বাজারে লেনদেনের পরিমাণ বেড়ে যায়। এর ফলে সাধারণ বিনিয়োগকারীরা কারসাজিচক্রের ফাঁদে পড়ে তাদের পুঁজি হারান। বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, শেয়ারবাজারে কারসাজির ক্ষেত্রে একই বিনিয়োগকারীর অধিক সংখ্যক বিও খোলার সুযোগ অন্যতম কারণ।
সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) বিধান অনুযায়ী একজন বিনিয়োগকারী এক বা একাধিক ডিপিতে বিও হিসাব খুলতে পারেন। ডিপোজিটরি (ব্যবহারিক) প্রবিধানমালা, ২০০৩-এর ২৬(১) বিধি অনুযায়ী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ছাড়া কোনো ব্যক্তি একই ডিপিতে একাধিক হিসাব খুলতে পারেন না। তবে তিনি অন্য ডিপিতে নতুন হিসাব খুলতে পারেন।
সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক মোতালেব হোসেন আমার দেশকে জানান, একজন বিনিয়োগকারী একাধিক ডিপিতে বিও হিসাব খুলতে পারেন। তবে একই ডিপিতে একাধিক হিসাব খোলার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। সব ডিপি মিলিয়ে একজন বিনিয়োগকারী কতগুলো বিও হিসাব খুলতে পারবেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সীমা নেই।
সিডিবিএলের তথ্যানুযায়ী বর্তমানে ৫৬০টি ডিপি রয়েছে। এভাবে প্রতিটিতে একটি করে হিসাব খোলার সুযোগ থাকলে একজন বিনিয়োগকারীর সম্ভাব্য বিও সংখ্যা ৫৬০টি পর্যন্ত হতে পারে।
ডিএসইর সাবেক সভাপতি ও শাকিল রিজভী স্টক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাকিল রিজভী আমার দেশকে বলেন, একজন বিনিয়োগকারী বিভিন্ন কারণে একাধিক ডিপিতে বিও হিসাব খুলতে পারেন। কোনো ডিপি বেশি কমিশন বা সুবিধা দিলে সেখানে হিসাব খোলার আগ্রহ তৈরি হতে পারে। আবার কোনো ডিপির কর্মকর্তার আচরণে অসন্তুষ্ট হলে বিনিয়োগকারী অন্য ডিপিতে হিসাব খুলতে পারেন। তবে এ ধরনের প্রয়োজনে সাধারণত পাঁচ থেকে সাতটির বেশি বিও হিসাবের প্রয়োজন হওয়ার কথা নয়। এর বাইরে বিপুল সংখ্যক হিসাব খোলার যৌক্তিকতা নেই বলেও তিনি মনে করেন। বিদ্যমান বিও হিসাবের শেয়ার অন্য ডিপিতে স্থানান্তরের জন্য লিংক অ্যাকাউন্ট ব্যবস্থাও রয়েছে। বিও হিসাব খোলার ব্যাপারে একটি সীমারেখা থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে ডিএসইর একজন সদস্য আমার দেশকে জানান, অধিক সংখ্যক বিও খোলার অন্যতম উদ্দেশ্যই হচ্ছে কারসাজি। কিছু অ্যাকাউন্টে শেয়ারের দাম বাড়ানো হয়; আর অন্য অ্যাকাউন্টগুলো থেকে সেগুলো বিক্রি করা হয়। অ্যাকাউন্ট ভিন্ন হলেও মূলত একই ব্যক্তি বা গোষ্ঠী এর সঙ্গে যুক্ত থাকে।
আগে আইপিওতে অধিক সংখ্যক আবেদন করার সুযোগ নিতে অনেক বিনিয়োগকারী একাধিক বিও হিসাব খুলতেন। তবে বর্তমানে আইপিওতে একজন আবেদনকারী নিজের নামে একটি এবং অন্য ব্যক্তির সঙ্গে যৌথ নামে একটিসহ মোট দুটি আবেদন করতে পারেন। এর বেশি আবেদন করলে সব আবেদন বাতিল হওয়ার বিধান থাকায় সাধারণ বিনিয়োগকারীদের বিও খোলার প্রবণতা কমেছে। কিন্তু সেকেন্ডারি মার্কেটে কারসাজির সুযোগ নিতে এখন একটি গোষ্ঠী বিপুল সংখ্যক বিও খুলছে।
সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, বিও খোলার জন্য বিনিয়োগকারীর জাতীয় পরিচয়পত্র, নিজের নামে ব্যাংক হিসাব, মোবাইল নম্বর, ছবি, স্বাক্ষর ও নমিনির তথ্যসহ প্রয়োজনীয় কাগজপত্র দিতে হয়।
২০১৯ সালের ২০ জুন বিএসইসির এক নির্দেশনায় অন্য ব্যক্তির বিও হিসাব খোলার ক্ষেত্রে একই জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর ও ব্যাংক হিসাব ব্যবহারের অনিয়ম বন্ধের নির্দেশ দেওয়া হয়। অর্থাৎ, হিসাবধারীর পরিচয় ও ব্যাংকসংক্রান্ত তথ্যের সঙ্গে বিও হিসাবের তথ্যের সামঞ্জস্য থাকা বাধ্যতামূলক।
বিও হিসাব খোলার জন্য সিডিবিএলের ডিজিটাল হিসাব খোলার নির্দেশিকায় ৪৫০ টাকা এককালীন খোলার ফি উল্লেখ রয়েছে। তবে ২০২৫-২৬ অর্থবছর থেকে বার্ষিক বিও হিসাব রক্ষণাবেক্ষণ ফি ৪৫০ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা করা হয়েছে। এই অর্থ সিডিবিএল, ডিপি ও বিএসইসির মধ্যে বণ্টনের বিধান রয়েছে। ২০২৪-২৫ অর্থবছর বা তার আগের বকেয়া ফি পুরোনো হারেই আদায়যোগ্য। নির্ধারিত ফি পরিশোধ না করলে হিসাব স্থগিত রাখার বিধানও রয়েছে।
সিডিবিএলের তথ্য অনুযায়ী বর্তমানে মোট সচল বিও হিসাব সংখ্যা ১৬ লাখ ৮৩ হাজার ৮৬৯টি। এর মধ্যে শেয়ার জমা রয়েছে ১২ লাখ ২,১৬৮ হিসাবে। শূন্য ব্যালান্স রয়েছে তিন লাখ ৯৫ হাজার ৮২৩ হিসাবে। আর কখনো ব্যবহার করা হয়নি—এমন হিসাবের সংখ্যা ৮৫ হাজার ৮৭৮টি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন