প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের শোচনীয় পরাজয়ের পর অনেক হিসাব নিকাশ পাল্টে গেছে। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের হয়ে কে লড়বেন, তা নিয়ে চলছে বিভিন্ন জল্পনা-কল্পনা। যদিও কেউ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি, তবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রার্থিতার দৌড়ে এগিয়ে আছেন।
শুক্রবার, ট্রাম্প এশিয়া সফর থেকে ফিরে হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে অংশ নেন। ৯০ মিনিটের দীর্ঘ সংবাদ সম্মেলনে তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তবে এক পর্যায়ে তিনি সংবাদ সম্মেলনকে প্রেসিডেন্ট নির্বাচনের অডিশন রাউন্ডে পরিণত করেন। সংবাদ সম্মেলনে ট্রাম্পের ডান কাঁধের পেছনে দাঁড়িয়ে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, এবং বাঁ পাশে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
এই দৃশ্যটি আগামী কয়েক মাস প্রেসিডেন্ট পদে প্রার্থিতার ‘ছায়া প্রাইমারি’ হিসেবে কাজ করবে। সংবাদ সম্মেলনে ট্রাম্প ভ্যান্স ও রুবিও দুজনকেই কথা বলার জন্য আমন্ত্রণ জানান। তবে ট্রাম্পের স্বভাবসুলভ টুইস্ট তখনো বাকি ছিল।
ট্রাম্পের দৃষ্টিতে সেদিনের আসল তারকা ছিলেন না ভ্যান্স বা রুবিও। বরং তিনি ছিলেন তার নতুন চিফ অফ স্টাফ স্টিফেন মিলার। সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘এই মুহূর্তে এই কক্ষের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হলেন স্টিফেন মিলার।’ ভ্যান্স নাকি রুবিও—কে বেশি ভালো প্রেসিডেন্ট হিসেবে বিবেচনা করা হবে, এমন প্রশ্ন হেসে উড়িয়ে দিয়ে ট্রাম্প বলেন, ‘আমার কাছে ব্রেকিং নিউজ আছে। সে (মিলার) এই দুজনের চেয়েও ভালো করেছে।’
এরপর মিলারের দিকে তাকিয়ে ট্রাম্প জানতে চান, ‘তুমি কি প্রেসিডেন্ট পদে লড়তে চাও?’ তবে মিলার কখনোই প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ করেননি। আদর্শিক দিক থেকে মিলার ট্রাম্পের সবচেয়ে কাছের এবং অনুগত। গত দুই বছরে ট্রাম্পের কঠোর সব সিদ্ধান্তের মূল রূপকার ছিলেন মিলার।
৮০ বছর বয়সী ট্রাম্প তার দীর্ঘদিনের অনুগত এবং প্রশাসনের কঠোর অভিবাসী বিতাড়ন অভিযানের মূল পরিকল্পনাকারী মিলারকে ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি’ হিসেবেও প্রশংসা করেন। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পর প্রথম বড় ধরনের রদবদলে, গত ৬ নভেম্বর সুসি ওয়াইলসের স্থলাভিষিক্ত করে মিলারকে চিফ অফ স্টাফ হিসেবে নিয়োগ দেন ট্রাম্প। এর মাধ্যমে ট্রাম্প মেয়াদের বাকি দুই বছর লড়াই করে কাটানোর স্পষ্ট বার্তা দিয়েছেন।
শুক্রবার সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় কট্টরপন্থি স্টিফেন মিলার তার বসের প্রশংসা করে বলেন, ‘গত দুই বছরে প্রেসিডেন্ট ট্রাম্প যা অর্জন করেছেন, তা আমেরিকার ইতিহাসে অন্য যেকোনো প্রেসিডেন্টের অর্জনের চেয়ে অনেক বেশি।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন