প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের ২০২৬-২৭ অর্থ বছরের বিভিন্ন খাতের বাজেট বরাদ্দের টাকা ভুয়া বিল ভাউচার ব্যবহার করে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।
অভিযোগে বলা হয়েছে, ওই কার্যালয়ের সদ্য সাবেক পরিসংখ্যান কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. মনিরুল হক বিদ্যুৎ বিল, কম্পিউটার সামগ্রী ক্রয়, কম্পিউটার মেরামত, মনহারি পণ্য এবং বিভিন্ন অনুষ্ঠান ও উৎসবের জন্য সরকারি বরাদ্দের টাকা ভুয়া বিল ভাউচার দিয়ে উত্তোলন করে আত্মসাৎ করেছেন।
এর আগে, নৌযান শুমারি কর্মীদের প্রশিক্ষণ কর্মশালার খাবার টাকার আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরবর্তীতে গত ১৮ অক্টোবর তাকে চরফ্যাশন উপজেলায় বদলি করা হয়। ২৯ অক্টোবর দশমিনা উপজেলা পরিসংখ্যান কার্যালয় ত্যাগ করার পর বরাদ্দের টাকা আত্মসাতের বিষয়টি আলোচনায় আসে।
দশমিনা উপজেলা পরিসংখ্যান কার্যালয় সূত্রে জানা যায়, অফিস পরিচালনার জন্য চলতি অর্থ বছরে বিভিন্ন খাতে অর্থ বরাদ্দ দেয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অর্থ বিভাগ। বরাদ্দ ছাড়ের ৭ দিনের মধ্যে মনহারি বাবদ ৩০ হাজার, কম্পিউটার সামগ্রী বাবদ ১৮ হাজার, অনুষ্ঠান ও উৎস বাবদ ১৪ হাজার, বিদ্যুৎ বিল বাবদ ৬ হাজার, কম্পিউটার মেরামত বাবদ ৪ হাজার, আসবাবপত্র মেরামত বাবদ ৩ হাজার এবং বইপত্র বাবদ ১৭শ টাকা সহ বিভিন্ন খাতের বরাদ্দের টাকা সরকারি কোষাগার থেকে উত্তোলন করেন মনিরুল হক।
নিয়ম অনুযায়ী, ২০২৬ সালের জুন থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত অফিস পরিচালনার জন্য বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। এসব বরাদ্দের টাকা দিয়ে পুরো অর্থ বছর অফিস পরিচালনা করতে হবে। তবে নিয়মনীতির তোয়াক্কা না করে একসাথে ভুয়া বিল ভাউচার দিয়ে টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে ওই কর্মকর্তার বিরুদ্ধে।
অনুসন্ধানে জানা যায়, চলতি অর্থ বছরে পরিসংখ্যান অফিসে কোনো অনুষ্ঠান বা উৎসব অনুষ্ঠিত হয়নি। এমনকি পরিসংখ্যান দিবসও উপজেলায় অনুষ্ঠিত হয়নি। এরপরেও অনুষ্ঠান ও উৎসব খাতের ১৪ হাজার টাকা ভুয়া বিল ভাউচার দিয়ে উত্তোলন করা হয়। যার পুরো টাকাই আত্মসাৎ করেন মনিরুল।
অপরদিকে, প্রতি অর্থবছরে বিদ্যুৎ বিলের বরাদ্দের টাকা উত্তোলন করা হয়। তবে প্রায় তিন বছরের ৮,৩১৭ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। প্রতি অর্থ বছরেই বিদ্যুৎ বিলের বরাদ্দের টাকা উত্তোলন করা হলেও বছরের পর বছর ধরে বিদ্যুৎ বিলের টাকা পরিশোধ না করে টাকা আত্মসাৎ করেন। বার বার পল্লী বিদ্যুৎ অফিস থেকে নোটিশ দেওয়া হলেও তিনি বিল পরিশোধ করেননি। সবশেষ ২০২৬-২৭ অর্থ বছরে বিদ্যুৎ বিল বাবদ ৬ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে উত্তোলন করেন। তবে সেই বিদ্যুৎ বিলের টাকা পরিশোধ না করেই বদলি জনিত কারণে কর্মস্থল ত্যাগ করেন। এবিষয়টি জানাজানি হলে গত মঙ্গলবার বিদ্যুৎ ৬ হাজার টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করেন। এখনও ২৩১৭ টাকা বাকি রয়েছে। এদিকে, মনহারি খাতের ৩০ হাজার, কম্পিউটার সামগ্রী খাতের ১৮ হাজার, কম্পিউটার মেরামত বাবদ ৪ হাজার সহ বিভিন্ন খাতের টাকা ভুয়া বিল ভাউচার দিয়ে উত্তোলন করে আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ উঠেছে।
পুরো এক বছরের টাকা ভুয়া বিল ভাউচার দিয়ে একদিনে উত্তোলনের বিষয়ে জানতে উপজেলা পরিসংখ্যান কার্যালয়ে গেলে কোনো তথ্য পাওয়া যায়নি। উপজেলা জুনিয়র পরিসংখ্যান সহকারী রাবেয়া বেগম ও চেইনম্যান আনোয়ার হোসেন বলেন, ‘বরাদ্দের টাকা উত্তোলনের বিষয়ে আমড়া কিছু জানি না। যিনি দায়িত্বে ছিলেন তিনিই ভালো বলতে পারবেন।
বরাদ্দের টাকা আত্মাসাতের অভিযোগের বিষয়ে জানতে চাইলে মনিরুল হক বলেন, কোনো টাকা আত্মসাৎ করিনি। কিছু বিদ্যুৎ বিল বকেয়া পড়ে যায়। পরে গত মঙ্গলবার তা পরিশোধ করে দিয়েছি। এ বিষয়ে জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ পরিচালক নাজমুল হক বলেন, 'বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখবো। যদি আত্মসাতের অভিযোগ সত্য প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন