প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভোরের আলো ফুটতে শুরু করতেই একে একে পাখিরা এসে জড়ো হতে থাকে। বিদ্যুতের তার, ঘরের চাল অথবা গাছের ডাল- সব জায়গাতেই তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। কিছুক্ষণ পর, হাতে খাবারের ব্যাগ নিয়ে হাজির হন এক ব্যক্তি। ব্যাগ থেকে চানাচুর বের করে রাস্তার ওপর ছিটিয়ে দিলেই মুহূর্তের মধ্যে ঝাঁকে ঝাঁকে নেমে আসে হাজারো পাখি। প্রতিদিনের এই দৃশ্য এখন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার হাটখোলা এলাকার মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছে।
এটি পাখিপ্রেমী বুদ্দু মিয়ার কাহিনী। প্রতিদিন ফজরের নামাজ আদায় করার পর, একটি কৌটায় চানাচুর নিয়ে বের হন তিনি। প্রায় এক কিলোমিটার পথ হাঁটতে হাঁটতে পাখিদের জন্য খাবার ছিটিয়ে দেন। আর তার পেছনে উড়ে চলে আসে ঝাঁকে ঝাঁকে পাখি। দৃশ্যটি যেন রূপকথার বাঁশিওয়ালার গল্পকেও হার মানায়। তবে এখানে কোনো বাঁশির সুর নেই, বরং ভালোবাসার টানেই বুদ্দু মিয়ার পিছু নেয় পাখিরা।
পেশায় সবজি ব্যবসায়ী বুদ্দু মিয়া প্রায় ১২ বছর ধরে এভাবে পাখিদের খাবার খাওয়াচ্ছেন। একদিন ভোরে হাঁটার সময় তিনি লক্ষ্য করেন, কিছু পাখি তার পেছনে আসছে। পরে তিনি পাখিগুলোকে কিছু খাবার দেন। সেখান থেকে শুরু হয় এই ব্যতিক্রমী উদ্যোগ। সময়ের সাথে সাথে পাখির সংখ্যা বাড়তে থাকে এবং পাখিদের সঙ্গে তার এক অন্যরকম সম্পর্ক গড়ে ওঠে।
রোদ, ঝড় কিংবা বৃষ্টি- কোনো কিছুই বুদ্দু মিয়ার এই নিয়মিত আয়োজনকে থামাতে পারেনি। যতদিন তিনি বেঁচে থাকবেন, ততদিন এভাবেই পাখিদের খাবার দিতে চান। এ কাজের মধ্যেই তিনি আত্মতৃপ্তি খুঁজে পান বলে জানান পাখিপ্রেমী বুদ্দু মিয়া।
বুদ্দু মিয়ার পাখিদের প্রতি এমন ভালোবাসাকে প্রকৃতিপ্রেমের অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, প্রতিদিনের এই ছোট উদ্যোগে পাখিদের প্রতি মানুষের মমত্ববোধের একটি সুন্দর উদাহরণ তৈরি হয়েছে।
নগরায়ন, অবাধে বৃক্ষ নিধনসহ মানুষের নানা কর্মকাণ্ডে পাখিদের নিরাপদ আবাসস্থল ক্রমেই কমে যাচ্ছে। এমন পরিস্থিতিতে বুদ্দু মিয়ার মতো মানুষের ছোট ছোট উদ্যোগ পাখি ও প্রকৃতি রক্ষায় অন্যদেরও অনুপ্রাণিত করতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন