প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্র ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান ‘এফ/এ-এক্সএক্স’ সম্পূর্ণ প্রস্তুত হওয়ার জন্য অপেক্ষা না করে নির্ধারিত সময়ের আগেই চালকবিহীন ভয়ংকর যুদ্ধবিমান বা ড্রোন সামনে আনছে। মার্কিন নৌবাহিনীর বর্তমান চতুর্থ ও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানগুলোর সাথে এই অত্যাধুনিক ‘কোলাবোরেটিভ কমব্যাট এয়ারক্রাফট’ (সিসিএ) যুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মার্কিন সিনেটের একটি শুনানিতে নৌবাহিনীর ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি উইলিয়াম টোটি এই পরিকল্পনার বিষয়টি প্রকাশ করেন।
এই চালকবিহীন যুদ্ধবিমানগুলো তুলনামূলকভাবে কম খরচে নির্মিত হবে এবং বিমানবাহী রণতরীর আক্রমণক্ষমতা ও পরিধি বহুগুণ বাড়িয়ে দেবে। এগুলো পাইলটচালিত বিমানের পাশাপাশি অত্যন্ত ঝুঁকিপূর্ণ লড়াইয়ে অংশগ্রহণ করবে। ২০২৫ সালে অ্যান্ডুরিল, বোয়িং, জেনারেল অ্যাটমিকস ও নর্থরপ গ্রুম্যানকে এই ড্রোনের নকশা তৈরিতে যুক্ত করা হয়েছিল। রণতরীর জন্য পূর্বে পরিকল্পিত ‘এমকিউ-২৫ স্টিংরে’ ড্রোনটি মূলত আকাশে জ্বালানি সরবরাহের জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু নতুন সিসিএ ড্রোনগুলো সরাসরি সম্মুখযুদ্ধে অংশ নেবে।
এছাড়া, মার্কিন নৌবাহিনী, বিমানবাহিনী ও মেরিন কর্পস একটি সমন্বিত নিয়ন্ত্রণ কাঠামো তৈরি করছে, যার মাধ্যমে এক বাহিনীর পাইলটরা প্রয়োজনে অন্য বাহিনীর ড্রোন পরিচালনা করতে সক্ষম হবেন।
২০২৪ সালের ডিসেম্বরে চীন যুক্তরাষ্ট্রের আগে তাদের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের পরীক্ষামূলক উড্ডয়ন শুরু করলে ওয়াশিংটনে নতুন করে তোড়জোড় শুরু হয়। যুক্তরাষ্ট্রের ‘এফ/এ-এক্সএক্স’ বা বিমানবাহিনীর ‘এফ-৪৭’ এখনো পরীক্ষামূলক উড্ডয়নের পর্যায়ে পৌঁছাতে পারেনি, ফলে আকাশপথে নিজেদের আধিপত্য বজায় রাখতে দ্রুত এই চালকবিহীন যুদ্ধবিমান মোতায়েনের পথে হাঁটছে যুক্তরাষ্ট্র।
সূত্র: মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন