প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
একটি বাংলা ডিসকো গান, যা চার দশকেরও বেশি আগে রেকর্ড করা হয়েছিল, বর্তমানে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। গানটির নাম ‘আজ শনিবার’। ১৯৮২ সালে প্রকাশিত এই গানটি এখন জনপ্রিয় ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)-এর রেডিও স্টেশন ওয়ার্ল্ডওয়াইড এফএমে স্থান পেয়েছে। এই গেমের মাধ্যমে নতুন প্রজন্মের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের শ্রোতাদের কাছে গানটি পৌঁছাচ্ছে।
গানটির শিল্পী রূপা বিশ্বাস সেন। জিটিএ ৬-এ গানটি অন্তর্ভুক্ত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার সম্পর্কে আলোচনা শুরু হয়েছে। এই বিষয়ে রূপা অত্যন্ত উচ্ছ্বসিত। তিনি ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি ভীষণভাবে আপ্লুত। সংগীতের কোনো ভাষা নেই।’
রূপার আশা ছিল, গানটি কানাডা ও যুক্তরাষ্ট্রের শ্রোতাদের কাছে পৌঁছাবে। যদিও গানটি বাংলা ভাষার, তিনি চান ভিন্ন ভাষাভাষী মানুষও এটি শুনে উপভোগ করুক।
যেভাবে তৈরি হয়েছিল ‘আজ শনিবার’
আশির দশকের শুরুতে রূপা কানাডা সফরে যান। সেখানে একটি অনুষ্ঠানে গান পরিবেশন করার পর সংগীতশিল্পী আশিস খান ও প্রণেশ খানের সঙ্গে তার পরিচয় ঘটে। তাদের সহযোগিতায় তিনি একটি অ্যালবাম তৈরি করেন, যাতে তিনটি গান অন্তর্ভুক্ত ছিল—‘আজ শনিবার’, ‘মজা ভারি মজা’ ও ‘এই মরশুমে’।
সেই সময় বাংলা গানে প্রচলিত ধারার প্রভাব ছিল বেশি। ডিসকো ও জ্যাজের মিশেলে তৈরি ‘আজ শনিবার’ কিছুটা ভিন্নধর্মী ছিল। তবে ১৯৮২ সালে প্রকাশের পর গানটি প্রত্যাশিত সাড়া পায়নি এবং একসময় এটি বাড়ির একটি ট্রাঙ্কে রাখা হয়।
ট্রাঙ্ক থেকে ভিডিও গেমে
বহু বছর পর দুর্গাপূজার আগে বাড়ি পরিষ্কার করতে গিয়ে রূপার ছেলে দেবায়ন রেকর্ডটি খুঁজে পান। পরে রেকর্ড কোম্পানি গানটি জিটিএ ৬-এ ব্যবহারের জন্য প্রস্তাব দেয়। পুরো প্রক্রিয়া সম্পর্কে রূপা শুরুতে কিছুই জানতেন না। গানটি নির্বাচিত হওয়ার পর তার ছেলে ও পুত্রবধূ তাকে বিষয়টি জানান।
নতুন প্রজন্মের শ্রোতাদের কাছ থেকে এমন সাড়া পেয়ে আবেগাপ্লুত রূপা। তিনি বলেন, ‘আমি বিশ্বাসই করতে পারছি না, এই প্রজন্ম আমার পরিশ্রম উপভোগ করছে এবং তার প্রশংসা করছে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।’
রূপা বিশ্বাস সেন এখনো নিয়মিত গান করেন। তার সংগীতজীবনে অনুপ্রেরণা হিসেবে রয়েছেন আরতি মুখার্জি, মান্না দে, লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলে। চার দশকেরও বেশি সময় পর ‘আজ শনিবার’-এর নতুন করে পরিচিতি পাওয়া তার সংগীতজীবনে একটি ভিন্ন অভিজ্ঞতা যোগ করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন