প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পবিত্র কোরআনে ‘উম্মাহ’ শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। তবে একটি আয়াতে ইবরাহিম (আ.)-কে ‘উম্মাহ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই ইবরাহিম ছিলেন একাই একটি উম্মাহ; তিনি ছিলেন আল্লাহর একান্ত অনুগত।’ (সুরা আন-নাহল, আয়াত : ১২০)
তাফসিরবিদরা ‘উম্মাহ’ শব্দের যে ব্যাখ্যা দিয়েছেন, তাতে দেখা যায়—তিনি এমন একজন কর্মনিষ্ঠ, ধৈর্যশীল ও আদর্শস্থানীয় ব্যক্তি, যিনি সত্যের বিজয় এবং সত্যের দিকে মানুষকে আহ্বান করার জন্য নিজের সর্বোচ্চ প্রচেষ্টা, শ্রম ও ত্যাগ নিয়োজিত করেছেন।
ইবরাহিম (আ.) : একাই একটি উম্মাহ হয়ে ওঠার অনন্য দৃষ্টান্ত
ইবরাহিম (আ.) সম্পূর্ণরূপে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করেন এবং মানুষকে শিরকের শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য আজীবন প্রচেষ্টা চালিয়ে যান। তখনই তিনি ‘একাই একটি উম্মাহ’ হওয়ার যোগ্যতা অর্জন করেন। তাঁর জীবন ও মৃত্যু ছিল আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত। আল্লাহ তাআলা বলেন, ‘বলুন, নিশ্চয়ই আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন ও আমার মৃত্যু—সবই বিশ্বজগতের রব আল্লাহর জন্য।’ (সুরা আল-আনআম, আয়াত : ১৬২)
নবুয়তের ধারাবাহিকতায় সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ (সা.)ও ছিলেন একাই একটি উম্মাহ। কারণ পূর্ববর্তী নবীদের যা কিছু আল্লাহ দান করেছিলেন, তাঁকে তার সবকিছুই প্রদান করা হয়েছিল; বরং এর সঙ্গে আরো অতিরিক্ত মর্যাদা ও বৈশিষ্ট্য দান করা হয়েছিল।
শুধু তা-ই নয়, তিনি তাঁর সাহাবিদের এমনভাবে গড়ে তুলেছিলেন, যেন তাঁদের প্রত্যেকেই একেকজন স্বতন্ত্র উম্মাহ হয়ে উঠতে পারেন।
উম্মাহর ইতিহাসে ‘একক ব্যক্তিই একটি উম্মাহ’
‘একক ব্যক্তিই একটি উম্মাহ’ এমন হতে হলে যে অবশ্যই উমর ইবনে আবদুল আজিজ (রহ.) হতে হবে, যিনি একটি রাষ্ট্রের গতিপথ সংশোধন করবেন—এমন কোনো কথা নেই।
এমনও নয় যে তাকে সালাহুদ্দিন আইয়ুবি (রহ.) হতে হবে, যিনি পরাজিত ও বিপর্যস্ত একটি উম্মাহকে লাঞ্ছনার গহ্বর থেকে উদ্ধার করবেন।
তাকে আবু হামিদ আল-গাজালি (রহ.) হতে হবে, যিনি ‘ইহইয়াউ উলুমিদ্দিন’ রচনার মাধ্যমে দ্বিনের জ্ঞানচর্চায় নবজাগরণের এক অধ্যায় রচনা করবেন—এমনও নয়।
এমনকি আধ্যাত্মিকতার উপমা-পুরুষ আবদুল কাদির জিলানি (রহ.) হতে হবে, তাও নয়।
বরং এমন ব্যক্তি যেকোনো যুগে, যেকোনো জনপদে থাকতে পারেন। তাঁর জন্য বিখ্যাত হওয়া কিংবা বিশেষ কোনো উপাধির অধিকারী হওয়া শর্ত নয়।
এমনকি সেই ব্যক্তি আপনিও হতে পারেন—আল্লাহ আপনাকে জীবনের যে অবস্থানে স্থাপন করেছেন, সেখান থেকেই! এর জন্য প্রয়োজন ‘পুনর্জাগরণমূলক দায়িত্ববোধ’।
এই দায়িত্বের পরিধি অত্যন্ত বিস্তৃত। এর অন্তর্ভুক্ত হলো—নিজের আত্মার পুনর্জাগরণ, সমাজের পুনর্জাগরণ, মূল্যবোধের পুনর্জাগরণ, নৈতিকতার পুনর্জাগরণ ও দ্বিনের পুনর্জাগরণ।
‘একক ব্যক্তিই একটি উম্মাহ’ : পবিত্র কোরআনের একটি অনন্য দৃষ্টান্ত
সুরা আল-কাসাসে এমন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে, যিনি মুসা (আ.)-কে সতর্ক করার জন্য ছুটে এসেছিলেন। আল্লাহ তাআলা বলেন, ‘নগরীর দূরপ্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে এলো। সে বলল, হে মুসা! নেতৃস্থানীয় ব্যক্তিরা তোমাকে হত্যা করার ষড়যন্ত্র করছে।’ (সুরা আল-কাসাস, আয়াত : ২০)
ঘটনার প্রেক্ষাপট ছিল এমন যে ফেরাউনের সম্প্রদায়ের নেতারা মুসা (আ.)-কে হত্যা করার সিদ্ধান্ত নিয়ে একত্র হয়েছিল। ঠিক সেই সময় ওই ব্যক্তি মুসা (আ.)-এর কাছে এসে সংক্ষিপ্ত অথচ অত্যন্ত কার্যকর একটি পরামর্শ দিলেন। তিনি তাঁকে দ্রুত সেখান থেকে বেরিয়ে যাওয়ার এবং হিজরত করার পথ দেখালেন, যাতে ফেরাউনের অত্যাচার ও নির্যাতনের হাত থেকে নিজের দ্বিন ও জীবন রক্ষা করতে পারেন।
সেই মুহূর্তে এই একজন ব্যক্তি যেন একাই একটি উম্মাহতে পরিণত হয়েছিলেন। কারণ তিনি একাই একজন নবীকে রক্ষা করতে এবং তাঁর দাওয়াতের ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হয়েছিলেন।
সুরা ইয়াসিনের আরেকজন ‘একক ব্যক্তি-উম্মাহ’
সুরা ইয়াসিনে আমরা আরো একজন ব্যক্তির সাক্ষাৎ পাই। তিনিও নগরীর দূরপ্রান্ত থেকে ছুটে এসেছিলেন। তবে তাঁর উদ্দেশ্য ছিল নিজের সম্প্রদায়কে রাসুলদের অনুসরণ করার আহ্বান জানানো এবং তাদের সামনে আলোচনার সুযোগ সৃষ্টি করা। আল্লাহ তাআলা বলেন, ‘নগরীর দূরপ্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে এলো। সে বলল, হে আমার সম্প্রদায়! তোমরা রাসুলদের অনুসরণ করো।’ (সুরা ইয়াসিন, আয়াত : ২০)
মুসা (আ.)-এর ঘটনার ওই ব্যক্তি এবং সুরা ইয়াসিনের এই ব্যক্তির মূল উদ্দেশ্য ছিল অভিন্ন। তা হলো দ্বিনের দাওয়াতের মর্যাদা রক্ষা করা এবং মুসলিম জনগোষ্ঠীর অস্তিত্ব ও নিরাপত্তা সংরক্ষণ করা।
তবে পরিস্থিতি ও ঘটনার ভিন্নতার কারণে তাঁদের বক্তব্য উপস্থাপনের পদ্ধতিতে পার্থক্য ছিল।
সারকথা হলো, ‘একক ব্যক্তিই একটি উম্মাহ’ বলতে এমন ব্যক্তিকে বোঝায়, যিনি নিজের উম্মাহর দুঃখ-দুর্দশা, উদ্বেগ, আদর্শ ও বৃহত্তর লক্ষ্য নিজের হৃদয়ে ধারণ করেন এবং উম্মাহর পুনর্জাগরণের জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যান। তিনিই সেই চিরন্তন কোরআনিক আদর্শ, সংখ্যায় একজন ব্যক্তি হলেও তাঁর অন্তরে ধারণ করেন সমগ্র জনগোষ্ঠীর চেতনা ও প্রাণশক্তি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন