প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুদ্ধবিরতি চুক্তি এবং পূর্বসম্মত ২০ দফা পরিকল্পনার প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে গাজার যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন ও তদারকির দায়িত্ব ফিরিয়ে দেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র-নিয়ন্ত্রিত ‘বোর্ড অব পিস’ কড়া হুঁশিয়ারি প্রদান করেছে। চলতি সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একটি চিঠির মাধ্যমে এই সতর্কবার্তা জানানো হয়েছে, যা বোর্ডের জ্যেষ্ঠ দূত নিকোলাই ম্লাদেনভের পক্ষ থেকে পাঠানো হয়েছে। এই তথ্য একটি ইসরায়েলি সূত্র এবং বিষয়টি সম্পর্কে অবগত আরও দুটি সূত্রের মাধ্যমে জানা গেছে।
ম্লাদেনভ ওই চিঠিতে উল্লেখ করেছেন যে, বোর্ড অব পিস গাজার বিষয়ে নেতানিয়াহুর কাছে নতুন কোনো ছাড়ের আবেদন করছে না। বরং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা এবং ২০২৫ সালের অক্টোবরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলো পালন করলেই যথেষ্ট হবে, যেগুলোতে নেতানিয়াহু পূর্বে অনুমোদন দিয়েছেন। এই প্রতিশ্রুতিগুলোর মধ্যে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর নির্ধারিত মানদণ্ড পূরণ করা এবং হামাসের পরিবর্তে উপত্যকার শাসন ও নিরাপত্তা পরিচালনার জন্য গঠিত সংস্থাগুলোকে কাজ করার সুযোগ দেওয়া অন্তর্ভুক্ত রয়েছে।
বোর্ড অব পিস ইতোমধ্যে একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট প্রশাসন গঠন করেছে এবং কয়েক হাজার ফিলিস্তিনি নিয়োগের জন্য আবেদন গ্রহণ করছে। পাশাপাশি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে (আইএসএফ) কাজ করার জন্য শত শত মরক্কোর সেনাকে প্রশিক্ষণও দেওয়া হয়েছে। তবে ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা (এনসিএজি) এখনও গাজায় প্রবেশ করতে পারেনি, পুলিশ বাহিনীর প্রশিক্ষণ মিসরে শুরু হয়নি এবং আইএসএফও উপত্যকায় মোতায়েন হয়নি। নেতানিয়াহু সরকার এসব সংস্থার কার্যক্রম শুরুর জন্য প্রয়োজনীয় অনুমোদন দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে।
চলতি বছরের শুরুতে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা বাস্তবায়নে প্রধান বাধা হিসেবে দেখা দিয়েছে হামাস। অস্ত্র সমর্পণ নিয়ে টালবাহানা করলেও গত ৩০ জুলাই গোষ্ঠীটি বোর্ডের নিরস্ত্রীকরণ রোডম্যাপে সম্মত হয়েছে। কিন্তু পর্যায়ক্রমিক কাঠামোর কারণে ইসরায়েল ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং অস্ত্র হস্তান্তর সহজতর করার লক্ষ্যে গঠিত সংস্থাগুলোর কার্যক্রম আটকে দিয়েছে।
সূত্রগুলো জানায়, দীর্ঘ কয়েক মাস ধরে বোর্ড ইসরায়েলের ওপর কড়া চাপ প্রয়োগ থেকে বিরত ছিল, কারণ নির্বাচনী প্রচারণার সময় নেতানিয়াহু এমন কোনো পদক্ষেপ নেবেন না যা প্রতিদ্বন্দ্বীরা দুর্বলতা হিসেবে দেখাতে পারে। তবে ২৭ অক্টোবরের নির্বাচন কোনো চূড়ান্ত ফল ছাড়াই শেষ হওয়ার পর বোর্ড অব পিস আর অপেক্ষা না করার ইঙ্গিত দিয়েছে এবং নেতানিয়াহুর বিরুদ্ধে জনসম্মুখে চাপ বাড়াতে শুরু করেছে।
এই সপ্তাহে বোর্ডের অন্যতম রূপকার জ্যারেড কুশনার সতর্ক করে বলেছেন যে, গাজা নীতিতে পরিবর্তন না আনলে ইসরায়েল ‘বৈশ্বিক একঘরে অবস্থার’ দিকে এগিয়ে যাবে। বোর্ডের জ্যেষ্ঠ উপদেষ্টা জশ গ্রুয়েনবাউম হুঁশিয়ারি দিয়েছেন যে, ইসরায়েল ২০ দফা পরিকল্পনা আটকে রাখা অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন প্যানেল গাজার যুদ্ধ-পরবর্তী ব্যবস্থাপনার দায়িত্ব ফিরিয়ে দেবে। এর ফলে উপত্যকার প্রায় ২০ লাখ বাসিন্দার দায়িত্ব ইসরায়েল, হামাস, জাতিসংঘ, ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) অথবা এদের কোনো সমন্বিত পক্ষের ওপর গিয়ে পড়বে। মঙ্গলবারের চিঠিতেও ম্লাদেনভ প্রায় একই বার্তা দিয়েছেন।
২০২৫ সালের নভেম্বরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা অনুমোদন করে এবং ২০২৭ সালের শেষ পর্যন্ত গাজার যুদ্ধ-পরবর্তী রূপান্তর তদারকির দায়িত্ব বোর্ড অব পিসকে দেয়। তবে ইসরায়েল পুনর্গঠন পরিকল্পনায় বাধা দিলে ম্লাদেনভ আগেই এই দায়িত্ব ফিরিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন, যদিও কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়নি।
সূত্রগুলোর মতে, চিঠি পাঠানোর পরের কয়েক দিনে বোর্ড লক্ষ্য করেছে যে নেতানিয়াহু তার অবস্থান পরিবর্তনে আগ্রহী হয়ে উঠছেন। এরপর নেতানিয়াহু কুশনারের সঙ্গে ফোনে কথা বলেন এবং জানান যে ইসরায়েল ২০ দফা পরিকল্পনা বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া শুরু করবে। ইসরায়েলের চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, রোববার নিরাপত্তা মন্ত্রিসভা বৈঠকে বসে আইএসএফ মোতায়েনের অনুমতিসহ গাজা-সংক্রান্ত কয়েকটি পদক্ষেপ অনুমোদন দেবে। সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ম্লাদেনভের ব্রিফিংয়ের আগেই ইসরায়েল অগ্রগতি দেখাতে চাইছে বলে জানিয়েছে একটি ইসরায়েলি সূত্র।
এদিকে, হামাসের শীর্ষ নেতাদের এবং ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় অভিযুক্তদের ওপর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলা জোরদার করেছে। যেসব হামলায় সেনাদের ওপর আসন্ন হুমকি নেই এমন ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হয়, তা যুদ্ধবিরতির লঙ্ঘন। একটি সূত্র জানিয়েছে, মার্কিন কর্মকর্তারা সব ক্ষেত্রে এমনটি ঘটেনি বলে মনে করেন এবং বেসামরিক প্রাণহানি বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছেন।
সংশ্লিষ্ট ওই সূত্রের মতে, চলমান হামলা নিরস্ত্রীকরণ প্রচেষ্টাকে ভেস্তে দেওয়ার ঝুঁকি তৈরি করছে, কারণ এতে হামাস সদস্যরা ভাবতে পারেন যে অস্ত্র সমর্পণ করলেও বা না করলেও তাদের হত্যা করা হবে। সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন