প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মানুষ যখন আলোর পথে হাঁটে, সভ্যতার সমৃদ্ধি ঘটে এবং মানবতার উজ্জ্বলতা বৃদ্ধি পায়। অপরদিকে, যখন মানুষ পাপের অন্ধকারে নিমজ্জিত হয়, তখন ধ্বংস, বিপর্যয় ও মানবতার অবক্ষয় দেখা দেয়। সুতরাং, বলা যায় যে, মানুষের প্রকৃত মুক্তি গুনাহ থেকে বাঁচার মধ্যে নিহিত, এবং আল্লাহর আনুগত্যে নিজেকে গড়ে তোলার মাধ্যমে। গুনাহমুক্ত জীবন লাভের জন্য ছয়টি উপায় নিচে উল্লেখ করা হলো,
১. তাওবা পাপমুক্তির প্রথম দরজা : রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আদমসন্তানরা সবাই ভুল করে, আর উত্তম ভুলকারী তারা, যারা তাওবা করে।’ (তিরমিজি, হাদিস : ২৪৯৯)
তাওবা আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য একটি মহামূল্যবান উপহার। এটি কেবল আত্মাকে গুনাহ থেকে পরিশুদ্ধ করে না, বরং মানুষের ভেতরে নতুন উদ্যম ও আত্মবিশ্বাসের সঞ্চার করে। মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও অপরাধ স্বীকার এবং পরিবর্তনের প্রতিজ্ঞা মানসিক চাপ কমায়, অপরাধবোধ হ্রাস করে এবং আত্মার মধ্যে নতুন আলো জ্বালায়।
২. নামাজ যা গুনাহ থেকে রক্ষার ঢাল : মহান আল্লাহ তাআলা বলেন; ‘নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও গর্হিত কাজ থেকে বিরত রাখে।’ (সুরা : আনকাবুত, আয়াত : ৪৫)
প্রতিদিন পাঁচবার নামাজ আদায় করা মানুষের জীবনে আল্লাহর উপস্থিতি ও স্মরণকে নতুনভাবে জাগ্রত করে। প্রতিটি সিজদা বিনয়ের প্রশিক্ষণ, এবং প্রতিটি তাকবির গুনাহ থেকে দূরে থাকার প্রতিজ্ঞা।
৩. সৎসঙ্গ গ্রহণ : রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মানুষ তার বন্ধুর রীতিনীতির (দ্বীন ধর্মের) অনুসারী হয়। কাজেই তোমাদের প্রত্যেকেই যেন লক্ষ্য করে, সে কার সঙ্গে বন্ধুত্ব করছে।’ (আবু দাউদ, হাদিস : ৪৮৩৩)
সমাজবিজ্ঞানের গবেষণায় দেখা যায়, মানুষের আচরণ ও অভ্যাস তার পরিবেশ দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়। তাই গুনাহমুক্ত জীবন গড়তে চাইলে সৎসঙ্গ ও নেক পরিবেশ তৈরি করা অপরিহার্য।
৪. বেশি বেশি কোরআন তিলাওয়াত : মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই এই কোরআন এমন পথের দিকনির্দেশ করে, যা সর্বাধিক সঠিক।’ (সুরা : ইসরা, আয়াত : ৯)
কোরআন আলোর উৎস। এর প্রতিটি আয়াত অন্তরকে ধৌত করে এবং চরিত্রকে পরিশুদ্ধ করে। মনীষীদের মতে, যে হৃদয় কোরআনের তেলাওয়াত থেকে দূরে থাকে, তা শুকনো জমির মতো; আর যে হৃদয়ে কোরআন প্রবাহিত হয়, তা বসন্তের বাগানের মতো সজীব হয়ে ওঠে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত কোরআন পাঠ মানসিক প্রশান্তি বৃদ্ধি করে এবং আত্মাকে ইতিবাচক শক্তি জোগায়।
৫. নফল ইবাদত ও সুন্নাহ পালন : রাসুলুল্লাহ (সা.) বলেন, মহান আল্লাহ বলেছেন ‘আমার বান্দা নফল আমল দ্বারা ক্রমাগত আমার নিকটবর্তী হতে থাকে, অবশেষে আমি তাকে ভালোবাসতে থাকি।’ (বুখারি, হাদিস : ৬৫০২)
নফল নামাজ, রোজা, দান, রাতের তাহাজ্জুদ; এসব ছোট ছোট আমল বান্দাকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দেয়। বিজ্ঞানও বলছে, সৎকাজের মাধ্যমে মানুষের মস্তিষ্কে ডোপামিন ও সেরোটোনিন হরমোন নিঃসৃত হয়, যা সুখ, প্রশান্তি এবং ইতিবাচক শক্তি জাগায়।
৬. আত্মসমালোচনা ও আত্মপর্যালোচনা : হাসান আল-বসরি (রহ.) বলেছেন, ‘তুমি নিজের হিসাব নাও মৃত্যুর আগে; কারণ কিয়ামতের দিন তোমার হিসাব নেওয়া হবে।’ প্রতিদিনের শেষে কিছু সময় নিজের ভুলত্রুটি পর্যালোচনা করলে মানুষ দ্রুত সংশোধন হতে পারে। মনোবিজ্ঞানে একে self-reflection বলা হয়। এটি মানুষকে উন্নতির পথে ঠেলে দেয় এবং ভবিষ্যতের জন্য নতুন পরিকল্পনায় সাহায্য করে।
গুনাহমুক্ত জীবন একটি কাল্পনিক স্বপ্ন নয়, বরং সচেতন প্রচেষ্টা ও আল্লাহর সাহায্যের মাধ্যমে এটি সম্ভব। তাওবা, নামাজ, কোরআন তিলাওয়াত, সৎসঙ্গ, নফল আমল, আত্মপর্যালোচনা ও সুস্থ জীবনধারা—এই কৌশলগুলো যদি জীবনের অঙ্গ হয়ে যায়, তবে মানুষ পাপের অন্ধকার থেকে মুক্তি পেয়ে তাকওয়ার আলোয় আলোকিত হবে।
সর্বোপরি, গুনাহমুক্ত জীবনের সহজ কৌশল হলো আল্লাহর স্মরণ, তাঁর আনুগত্য ও আত্মসংযমের অনুশীলন। এই পথেই নিহিত রয়েছে মানবতার মুক্তি, সমাজের শান্তি এবং পরকালের অনন্ত সাফল্য।
মাহন আল্লাহ আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন দান করুন। আমিন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন