প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুনামগঞ্জের ছাতক-ভোলাগঞ্জের দীর্ঘদিনের পরিত্যক্ত রোপওয়ে (রজ্জুপথ) যদি সংস্কার করে ক্যাবল কার চালু করা হয়, তবে এটি পর্যটনশিল্পে নতুন দিগন্ত খুলে দিতে পারে। নদী, টিলা, হাওর এবং মেঘালয়ের নীল পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ সৃষ্টি হলে, ছাতক ও ভোলাগঞ্জ দেশি-বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হয়ে উঠতে পারে। অভিজ্ঞ মহল এবং স্থানীয় সচেতন ব্যক্তিরা এমন সম্ভাবনার কথা উল্লেখ করেছেন।
জানা যায়, বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন ছাতক-ভোলাগঞ্জ রোপওয়েটি দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের অবহেলা ও অযত্নের কারণে অকেজো অবস্থায় পড়ে রয়েছে। দক্ষিণ এশিয়ার বৃহত্তম এই রোপওয়ে মূলত দেশের রেলপথে পাথর পরিবহনের জন্য নির্মিত হয়। তৎকালীন পাকিস্তান সরকার তুলনামূলক কম খরচে ও দ্রুত পাথর পরিবহনের সুবিধার্থে ব্যয়বহুল এই প্রকল্প হাতে নিয়েছিল। ১৯৬৪ সালে নির্মাণকাজ শুরু হয়ে ১৯৭০ সালে তা সম্পন্ন হয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়ার পর রোপওয়েটি পুনরায় সংস্কার করা হয়। দীর্ঘদিন চালু থাকার পর নানা অব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের অভাবে একপর্যায়ে এটি বন্ধ হয়ে যায়। রোপওয়ে অফিস সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৩১ ডিসেম্বর থেকে এটি সম্পূর্ণ বন্ধ রয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৯ কিলোমিটার দীর্ঘ এই রোপওয়েতে ১২০টি ট্রেসেল বা খুঁটি রয়েছে। চারটি স্টেশন রয়েছে—ছাতক, অ্যাঙ্গেল-১, অ্যাঙ্গেল-২ ও ভোলাগঞ্জ। এতে ৪২৫টি বাকেট ছিল। ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত ২৪৬টি বাকেট চালু ছিল। প্রতিটি বাকেটের ধারণক্ষমতা ছিল ১২ দশমিক ৯২ ঘনফুট বা প্রায় ৬০০ কেজি। রোপওয়েটির বার্ষিক পাথর পরিবহনক্ষমতা ছিল প্রায় ১২ লাখ ঘনফুট। বন্ধ হওয়ার পর থেকে রোপওয়ের বিভিন্ন স্থানে একাধিক ট্রেসেল হেলে পড়েছে। তার ছিঁড়ে বাকেটও মাটিতে পড়ে রয়েছে। দীর্ঘদিনের অযত্নে গুরুত্বপূর্ণ এই অবকাঠামোটি ক্রমেই নষ্ট হয়ে যাচ্ছে। সম্প্রতি রজ্জুপথের পাথরসহ সরকারি সম্পদ লুটপাটের অভিযোগ উঠেছে।
একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, ছাতকের প্রাইম সিমেন্ট লিমিটেড কর্তৃপক্ষ ২০১৭ সালের ১৪ নভেম্বর পাথর পরিবহনের সুবিধার্থে রোপওয়ের যন্ত্রপাতি ও পাথর কোয়ারির জমিসহ ৫০ বছরের জন্য ইজারা নিতে বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করে। তবে রেলওয়ে কর্তৃপক্ষ সে আবেদনে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি বলে জানা গেছে।
অভিজ্ঞ মহলের মতে, সড়ক ও নৌপথে পাথর পরিবহনের বিকল্প সুযোগ সৃষ্টি হওয়ায় বর্তমানে পাথর পরিবহনে এই রোপওয়ের আগের মতো প্রয়োজনীয়তা নেই। তাই পরিত্যক্ত রোপওয়েটি সংস্কার করে সেখানে আধুনিক ক্যাবল কার চালুর উদ্যোগ নেওয়া যেতে পারে। বিশ্বের বিভিন্ন দেশের মতো পর্যটনবান্ধব ক্যাবল কার ব্যবস্থা চালু হলে এটি দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন অবকাঠামো হয়ে উঠতে পারে।
সর্বনিম্ন ২০ ফুট থেকে সর্বোচ্চ ১৬৭ ফুট উচ্চতার ট্রেসেল অতিক্রম করে ১৯ কিলোমিটার দীর্ঘ ক্যাবল কারে ভ্রমণের মাধ্যমে নদী, টিলা ও হাওরের মনোরম দৃশ্য উপভোগের সুযোগ তৈরি হবে। পাশাপাশি ভোলাগঞ্জের সাদা পাথর এবং মেঘালয়ের নীল পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের জন্য অনন্য আকর্ষণ হয়ে উঠতে পারে। এতে দেশি-বিদেশি পর্যটকদের পাশাপাশি ছাতক-ভোলাগঞ্জ যাতায়াতকারী সাধারণ মানুষ ও ব্যবসায়ীরাও উপকৃত হতে পারেন।
এ উদ্যোগ বাস্তবায়িত হলে ছাতক ও ভোলাগঞ্জ এলাকায় হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট ও মার্কেটসহ বিভিন্ন পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান গড়ে ওঠার সুযোগ তৈরি হবে। স্থানীয় ব্যবসা-বাণিজ্য বাড়বে, নতুন কর্মসংস্থান তৈরি হবে এবং সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পেতে পারে। প্রতিদিন বিপুলসংখ্যক পর্যটক ও যাত্রীর যাতায়াতের মাধ্যমে এই দুই জনপদে অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তার ঘটতে পারে।
এ ছাড়া মহান মুক্তিযুদ্ধের ৫ নম্বর সাব-সেক্টর দোয়ারাবাজারের বাঁশতলা (হকনগর) এলাকায় উন্নত যোগাযোগব্যবস্থা ও পর্যটনসুবিধা গড়ে তোলা হলে ক্যাবল কারে আসা পর্যটকদের জন্য মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানটি পরিদর্শনের সুযোগ তৈরি হবে।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতাদের অভিমত, অবহেলা ও অযত্নে সরকারি কোটি কোটি টাকার মূল্যবান সম্পদ নষ্ট হচ্ছে। বাংলাদেশ রেলওয়ের কাছ থেকে যথাযথ প্রক্রিয়ায় ইজারা নিয়ে রোপওয়েটিকে পর্যটন খাতে ব্যবহার করা গেলে এটি একটি সম্ভাবনাময় ও লাভজনক প্রকল্পে পরিণত হতে পারে। একই সঙ্গে সরকারের রাজস্ব আয় এবং স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়বে। তাঁরা মনে করেন, এ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় উদ্যোক্তা ও প্রবাসী বিনিয়োগকারীদের এগিয়ে আসা প্রয়োজন। দীর্ঘদিনের পরিত্যক্ত রোপওয়েটি নতুন রূপে পর্যটনের আকর্ষণ হয়ে উঠবে কি না, এখন সেই প্রত্যাশাই স্থানীয়দের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন