প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে হামলার ঘটনা ঘটেছে। রংপুর নগরীর মাহিগঞ্জে মাদকবিরোধী ৫২ সদস্যের কমিটি গঠনের প্রেক্ষাপটে স্থানীয়দের সঙ্গে মাদক কারবারিদের সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে শাহিন ও অসীম নামে দুই যুবক আহত হন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার প্রতিবাদে শনিবার (২১ নভেম্বর) রাত ৯টা থেকে প্রায় দুই ঘণ্টা রংপুর-কুড়িগ্রাম-ঢাকা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। তাঁদের দাবি, মাদক কারবারে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে এলাকায় মাদক বিক্রি বন্ধ করতে হবে।
স্থানীয়দের বক্তব্য, শনিবার রাতে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে লাঠিসোঁটা হাতে ৫২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। মাদক বিক্রি ও কারবার বন্ধের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়। কিন্তু কমিটি গঠনের পর থেকেই মাদক কারবারে অভিযুক্তদের সঙ্গে কমিটির সদস্যদের মধ্যে বিরোধ দেখা দেয়। মাদক বিক্রিতে বাধা দেওয়ার কারণে কয়েক দিন ধরে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি চলছিল।
স্থানীয় রফিকুল ইসলাম, জব্বার মিয়া, আবুল কালামসহ এলাকাবাসীরা অভিযোগ করেন, মাদকবিরোধী কমিটির উদ্যোগে ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত কারবারিরা বিভিন্নভাবে বিরোধে জড়ান। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসীর অভিযোগ, রাতে হাসিনা নামে এক নারী মাদক কারবারি শাহিন ও অসীম নামে দুই যুবককে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা করেন। এই নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাসিনার স্বামী আমজাদ ও তাঁর সহযোগীরা লাঠিসোঁটা নিয়ে দুই যুবকের ওপর হামলা চালান। এতে শাহিন ও অসীম আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী রেলপথে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। প্রায় দুই ঘণ্টা রংপুর-কুড়িগ্রাম-ঢাকা রেলপথ অবরোধ করে রাখেন তাঁরা। এতে ওই রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়। বিক্ষোভকারীরা মাদক কারবারে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং এলাকায় মাদক বিক্রি বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষুব্ধ এলাকাবাসীর দাবি, মাদক কারবারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। তারা হাসিনা, তার স্বামী আমজাদ ও পরিবারের সদস্যদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে এলাকায় মাদক কারবার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। দাবি পূরণ না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
মাদকবিরোধী কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ ও রেলপথ অবরোধের ঘটনায় মাহিগঞ্জ এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা মিলন চ্যাটার্জি জানান, সংঘর্ষের পর স্থানীয়রা রেলপথ অবরোধ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন