প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তান আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে। যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দিয়ে গত জুলাই থেকে এ পর্যন্ত চতুর্থ দেশ হিসেবে আদালতটি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এর আগে ভেনেজুয়েলা, চাদ ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নাউরু (নাওয়েরু) একই প্রক্রিয়া শুরু করেছে।
আইসিসির পরিচালনা পর্ষদ তাজিকিস্তানের এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে। আনুষ্ঠানিকভাবে জাতিসংঘকে দেশটি তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছে। আইসিসি প্রতিষ্ঠার চুক্তি রোম সংবিধি থেকে তাজিকিস্তানের প্রত্যাহার ২০২৭ সালের ২০ নভেম্বর কার্যকর হওয়ার কথা রয়েছে।
আইসিসি গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও আগ্রাসনের অপরাধে ব্যক্তির বিচার করে। তবে সংশ্লিষ্ট দেশের আদালত বিচার করতে অনিচ্ছুক বা অক্ষম হলে কেবল এ আদালত হস্তক্ষেপ করতে পারে।
গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২৪ সালে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আইসিসি। তবে এখনো ওই পরোয়ানা কার্যকর হয়নি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার বিরোধিতা করে আইসিসির বিচারক ও কৌঁসুলিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর আগে আফগানিস্তানে মার্কিন বাহিনীর কর্মকাণ্ড নিয়ে আইসিসির তদন্তের বিরুদ্ধেও অবস্থান নেয় ওয়াশিংটন।
গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, তারা আইসিসির কার্যক্রম অকার্যকর করে দেওয়ার চেষ্টা করবে। ওয়াশিংটন আদালতটিকে ‘বিশ্ববাদী আমলাতন্ত্রের’ একটি প্রয়োগকারী সংস্থা হিসেবে বর্ণনা করে। একই সঙ্গে অভিযোগ করে, আইসিসি যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করছে।
তাজিকিস্তানের আইসিসি ছাড়ার সিদ্ধান্তের আগে দেশটির সঙ্গে আদালতটির বিরোধ তৈরি হয়েছিল। ২০২৫ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাজিকিস্তান সফরে গেলে তাকে গ্রেপ্তার করার অনুরোধ জানিয়েছিল আইসিসি। কিন্তু তাজিকিস্তান সেই অনুরোধ পালন করেনি।
গত মার্চে আইসিসি জানায়, পুতিনকে গ্রেপ্তারের অনুরোধ পালন না করে তাজিকিস্তান আদালতের নির্দেশনা মানতে ব্যর্থ হয়েছে। ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
এদিকে আফ্রিকার দেশ বুরকিনা ফাসো, মালি ও নাইজারও ২০২৫ সালে আইসিসি ছাড়ার ঘোষণা দিয়েছিল। আদালতটিকে ‘নব্য ঔপনিবেশিক দমন-পীড়নের’ হাতিয়ার হিসেবে আখ্যা দিয়ে তারা এ সিদ্ধান্তের কথা জানায়। গত জুনে দেশ তিনটি জাতিসংঘকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের বিষয়টি জানায়। এর আগে অবশ্য যুক্তরাষ্ট্র আইসিসি ছাড়ার জন্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে অভিযান শুরু করেনি। তিন দেশের যৌথ ঘোষণার অংশ ছিল আইসিসি ছাড়ার সিদ্ধান্ত।
বর্তমানে আইসিসির সদস্যরাষ্ট্র ১২৫টি। প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করা সাতটি দেশ এখনো আনুষ্ঠানিকভাবে সদস্যপদে রয়েছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ইসরাইল ও ভারত আইসিসির সদস্য নয়।
এএম
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন