প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গঙ্গারামপুর গ্রামে পৈতৃক সম্পত্তিতে নির্মিত পাকা বাসভবন থেকে বের হওয়ার রাস্তায় বেড়া ও গোয়ালঘর নির্মাণ করে বাড়ির পরিবারের চলাচলের পথ অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে। এতে চলার পথ বন্ধ হয়ে যাওয়ায় বাড়ির মালিক চরমভাবে বিপাকে পড়েছেন।
অভিযোগে জানা যায়, বেগনাই মৌজার গঙ্গারামপুর গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে মো. সুরুজ্জামান ক্রয়কৃত ও বাবার হিস্যা অনুযায়ী ৭ শতক জমির মালিক হন। ৭ শতক জমির মধ্যে বাড়ির সামনে ১ শতক জায়গা রেখে ৬ শতক জায়গার ওপর পাকা ভবন নির্মাণ করেন তিনি।
বাড়ির মালিক সুরুজ্জামান ঢাকায় কর্মরত থাকায় নিজ ভবন রেখে ঢাকায় চলে যান। ঢাকায় থাকার সুযোগে তারই ভাতিজা মৃত এশারত আলীর ছেলে হাসান গংরা ভবনের সামনে চলাচলের জন্য খালি রাখা ১ শতক জায়গার ওপর গোয়ালঘর ও বেড়া দিয়ে ঘর থেকে বের হওয়ার সকল রাস্তা বন্ধ করে দীর্ঘদিন ধরে অবরুদ্ধ করে রেখেছেন বলে অভিযোগ। এ বিষয়ে কথা বললে হাসান গংদের নারী-পুরুষরা নানা হুমকি-ধমকি ও মারপিট করতে উদ্যত হন বলেও অভিযোগে বলা হয়।
জায়গার মালিক সুরুজ্জামান বলেন, আমার বাবার দুই প্লটের জায়গা ছিল। এক প্লট বাড়ি, আরেক প্লট বাগানবাড়ি। আমি দুই প্লটের জায়গা চাচার নিকট হতে রেজিস্ট্রি বণ্টননামা করে নিই। যার হাল দাগ নং- ৪২৬ ও ৪৩২। এই দাগে বণ্টননামা সূত্রে ৭ শতক জায়গার ওপর ৬ শতক জায়গাতে পাকা ভবন নির্মাণ করি। বাকি ১ শতক জায়গা ভবনের সামনে চলাচল করতে রেখে দিই। আমার অনুপস্থিতিতে সামনের জায়গা বেদখল দিতে জোরপূর্বক গোয়ালঘর নির্মাণসহ ঘরের সামনের অংশে বাঁশ ও কাঠের বেড়া দিয়ে আমাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, আমার জায়গা খালি করতে দীর্ঘ দুই বছর ধরে ভাতিজা ও তার পরিবারসহ এলাকার মুরব্বিদের নিকট বিচার প্রার্থনা করি, কিন্তু প্রতিপক্ষরা আমার পৈতৃক বাড়ি থেকে বিতাড়িত করার অপকৌশলের ষড়যন্ত্রে মেতে উঠেছে।
এ বিষয়ে ভাতিজা হাসান গংরা বলেন, এই জায়গার ওপর রেকর্ড মামলা দায়ের করা হয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গোয়ালঘর সরাবেন না তারা।
এ বিষয়ে পাশের বাড়ির মালিক সিদ্দিক বলেন, সুরুজ্জামান জায়গা ছেড়ে না দিয়ে ভবন নির্মাণ করেছেন। ভবনের সামনের গোয়ালঘরের জায়গা হাসান গংদের।
এদিকে সুরুজ্জামান জায়গা বেদখল হতে উদ্ধার পেতে রায়গঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী পরিবার অবরুদ্ধ অবস্থা থেকে রেহাই ও তার চলাচলের ব্যবস্থা সচল রাখতে বাড়ির সামনের গোয়ালঘর ও বেড়া অপসারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন