প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
একসময় বিরোধী দলের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ মুখ ছিলেন তিনি। কারাবাস, রাজনৈতিক প্রতিকূলতা এবং দীর্ঘ নির্বাসিত জীবন পেরিয়ে গেছেন। দেশের বাইরে থেকেও দলের নেতৃত্ব সামলেছেন। অবশেষে, ১৭ বছরের বেশি সময় পর দেশে ফিরে নির্বাচনে নেতৃত্ব দিয়েছেন দলকে। বর্তমানে তিনি দেশের সরকারপ্রধান। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার (২০ নভেম্বর) তার জন্মদিন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথমবারের মতো তিনি জন্মদিন উদযাপন করবেন।
তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করলেও তার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল একেবারে তৃণমূল থেকে। সময়ের পরিক্রমায় সেই পথচলা তাকে দেশের রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে নিয়ে এসেছে।
শিক্ষাজীবন ও রাজনীতিতে হাতেখড়ি
তারেক রহমানের শিক্ষাজীবন শুরু হয় ঢাকার শাহীন স্কুল অ্যান্ড কলেজে। পরবর্তীতে রেসিডেনশিয়াল মডেল স্কুল থেকে মাধ্যমিক এবং আদমজী কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। শিক্ষাজীবনের পাশাপাশি পারিবারিক রাজনৈতিক পরিবেশ তাকে রাজনীতির প্রতি আগ্রহী করে তোলে।
১৯৮৮ সালে বাবার জন্মস্থান বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। এই সময় থেকেই তার রাজনৈতিক জীবনের নতুন অধ্যায় শুরু হয়।
১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে জনমত গঠন ও সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ করেন তারেক রহমান। দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বিতা করা পাঁচটি আসনের নির্বাচনী প্রচার কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করেন। ১৯৯৩ সালে বগুড়া জেলা বিএনপির সদস্য হন তিনি। পরবর্তী সময়ে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা বৃদ্ধি পায়।
কারাবাস থেকে দীর্ঘ নির্বাসন
তারেক রহমানের রাজনৈতিক জীবনের অন্যতম কঠিন সময় আসে ২০০৭ সালে। সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি গ্রেফতার হন। ওই সময় তারেক রহমানকে কারাগারে শারীরিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ ওঠে। একাধিক মামলার মুখোমুখি হওয়ার পর ২০০৮ সালে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি। এরপর শুরু হয় তার দীর্ঘ প্রবাসজীবন।
দেশের বাইরে থাকলেও বিএনপির রাজনীতি থেকে বিচ্ছিন্ন হননি তিনি। লন্ডনে অবস্থান করেই দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং রাজনৈতিক আন্দোলনে নেতৃত্ব দিতে থাকেন। ২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দি হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে দীর্ঘ সময় বিদেশে থেকেই দলটির নেতৃত্ব দেন তিনি।
প্রবাসজীবনের দীর্ঘ সময়জুড়ে দেশে ফেরা, রাজনৈতিক অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের বিষয়গুলো তার বক্তব্য ও রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্ব পেয়েছে।
প্রত্যাবর্তন থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্তন আসে। দীর্ঘদিন পর দেশে ফেরার অনুকূল পরিস্থিতি তৈরি হয় তারেক রহমানের জন্য। অবশেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তিনি। তার প্রত্যাবর্তন ঘিরে রাজধানীতে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
দেশে ফিরে রাজনৈতিক কর্মকাণ্ডে সরাসরি সক্রিয় হন তারেক রহমান। দলকে নির্বাচনের জন্য প্রস্তুত করার পাশাপাশি রাষ্ট্র পরিচালনা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন তিনি।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই জয়ী হন তারেক রহমান। এরপর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।
জন্মদিনে আয়োজন
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যানের জন্মদিন উপলক্ষে দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। শুক্রবার বাদ জুমা গুলশানের কালাচাঁদপুর দাখিল মাদ্রাসা এবং উত্তর বারিধারার এতিমখানায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সময় এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে।
এ ছাড়া বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তার জন্মদিন পালন করবেন বলে জানা গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন