প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে সঙ্গে নিয়ে ঐতিহ্যবাহী জৈন্তা রাজবাড়ী পরিদর্শন করেছেন সিলেট-৪ আসনের এমপি, শ্রম-কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রনালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ বেলা ২ টায় পরিদর্শনের সময় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজবাড়ী প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি উল্লেখ করেন, রাজবাড়ীর ধ্বংসাবশেষকে নতুন রূপে দাঁড় করানো হবে। শিল্পকলা একাডেমী প্রতিষ্ঠা করা হবে। সেইসঙ্গে দৃষ্টিনন্দন স্থাপনাও গড়ে তোলা হবে, থাকবে একটি মিউজিয়াম। প্রয়োজনে পুরাকীর্তিগুলো সংরক্ষণের ব্যবস্থা করা হবে।
সংস্কৃতি মন্ত্রী বলেন, জৈন্তা রাজবাড়ী প্রাচীন জৈন্তিয়া রাজ্যের শাসকদের ঐতিহাসিক বাসভবন ও রাজধানীর ধ্বংসাবশেষ। এগুলো নিয়ে কৌতূহল অশেষ, ইতিহাসও স্বর্ণাক্ষরে ঝলমল। কিন্তু বাস্তবে এগুলো বির্বণ। তাই ভবিষ্যৎ প্রজন্মকে অতীত ইতিহাসের পরিচয় তুলে ধরতে, এগুলোর যথাযথ যত্ন নিতে হবে আমাদের।
এ সময় মন্ত্রী, প্রবাসী কল্যাণ মন্ত্রী অরিফুল হক চৌধুরী কর্মযজ্ঞের প্রশংসা করেন এবং বলেন, ইতিহাস ঘেরা এই এলাকার মানুষের ভাগ্য ভালো, কারণ তারা একজন এমপি ও মন্ত্রী পেয়েছেন। তার হাতে আপনাদের এলাকা ইতিহাসের নতুন অধ্যায়ে সংযোজিত হবে। তিনি সেটি করতে পারবেন, কারণ মাননীয় প্রধানমন্ত্রীও তার উপর আস্থা রাখেন। তিনি সঙ্গে থাকলে, ঘোষিত সকল পদক্ষেপ দ্রুত বাস্তবায়ন করতে পারবো আমরা। আমরা চাই জৈন্তা রাজবাড়ীর ইতিহাস কেবল মুখে মুখে নয়, বাস্তবেও যেন তার অনুভূতি নিতে পারেন, ইতিহাস গবেষকসহ দর্শনার্থী পর্যটকরা।
প্রসঙ্গত, মেঘালয়, আসামের বরাক উপত্যকা এবং বৃহত্তর সিলেটের বিস্তীর্ণ অঞ্চল জৈন্তিয়া রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। দেব বংশের শেষ রাজা জয়ন্ত রায়ের কন্যা জয়ন্তীর নামানুসারে 'জয়ন্তা' বা 'জৈন্তিয়া' নামকরণ প্রচলিত রয়েছে। ১৮৩৫ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জৈন্তিয়া রাজ্য দখল করে নেয় এবং স্বাধীন শাসনের অবসান ঘটে। জৈন্তাপুর এলাকায় প্রাচীন রাজপ্রাসাদের ভগ্নস্তূপ, তোরণ, পাথরের থাম ও চাতাল, কুয়া এবং বিভিন্ন মন্দিরের ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। জৈন্তাপুর বাসস্ট্যান্ডের কাছাকাছি সংরক্ষিত জৈন্তেশ্বরী মন্দির ও আশপাশের এলাকায় বিশাল আকৃতির মেগালিথিক পাথরসহ প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন আজও গৌরবময় ইতিহাসের সাক্ষী হয়ে বয়ে বেড়াচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন