প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের ফৌজদারহাট বিসিক শিল্পনগরীতে ১৯ হাজার বর্গফুট জমির বরাদ্দ বাতিলের আদেশ প্রত্যাহারের মাধ্যমে সরকারের ৩ কোটি ৩৭ লাখ ৭৯ হাজার ৩৪০ টাকা রাজস্ব ক্ষতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলার আসামিদের মধ্যে বিসিকের সাবেক চেয়ারম্যান, শিল্প মন্ত্রণালয়ের সাবেক সচিব ও অতিরিক্ত সচিব অন্তর্ভুক্ত রয়েছেন।
মামলার আসামিরা হলেন—ওয়াহেদ টিউব অ্যান্ড মেটাল লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক আহমেদ ফয়সাল চৌধুরী, বিসিকের সাবেক চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) মুশতাক হাসান মুহ. ইফতিখার, শিল্প মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বলাই কুমার হালদার, সাবেক অতিরিক্ত সচিব বাসুদেব আচার্য্য, সাবেক অতিরিক্ত সচিব পরাগ এবং সাবেক সচিব মোহাম্মদ আব্দুল্লাহ।
বৃহস্পতিবার, দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ মামলাটি দায়ের করেন সংস্থাটির সহকারী পরিচালক সৈয়দ আলম। আজ বৃহস্পতিবার, দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।
মামলার এজাহার অনুযায়ী, ১৯৭৯ সালের ২৩ জানুয়ারি চট্টগ্রামের ফৌজদারহাট বিসিক শিল্পনগরীতে কলাপসিবল টিউব উৎপাদন প্রকল্পের জন্য ওয়াহেদ টিউব অ্যান্ড মেটাল প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে ২৪ হাজার বর্গফুট জমি বরাদ্দ দেওয়া হয়েছিল। পরবর্তীতে প্রতিষ্ঠানটি দীর্ঘ সময় ধরে বন্ধ থাকার কারণে ১৯৯৩-৯৪ সালে বিসিকের প্লট বরাদ্দ কমিটির সভায় ওই জমির বরাদ্দ বাতিল করা হয়। একই সময়ে ৫ হাজার বর্গফুট জমি মেসার্স হাইটেক ট্রেড লিমিটেডের নামে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এরপর, ২০১৫ সালের ৩ মার্চ ওয়াহেদ টিউব অ্যান্ড মেটাল প্রিন্টিং ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ফয়সাল চৌধুরী বাতিল হওয়া অবশিষ্ট ১৯ হাজার বর্গফুট জমি পুনরায় বরাদ্দের জন্য আবেদন করেন। তিনি নতুন ধার্য করা মূল্য পরিশোধ এবং বিসিকের নিয়মকানুন মেনে চলার অঙ্গীকার করেন। এ বিষয়ে একই বছরের ১৭ মে বিসিকের চট্টগ্রাম কার্যালয় থেকে শিল্প মন্ত্রণালয়ের বিসিক শাখায় একটি চিঠি পাঠানো হয়।
এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১৫ সালের ২ আগস্ট অনুষ্ঠিত বিসিকের ৫৭তম প্লট বরাদ্দ কমিটির সভায় প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ার কারণে বিষয়টি নিষ্পত্তি হয়নি। পরবর্তী সময়ে ২০১৭ সালের ৩ এপ্রিল অনুষ্ঠিত ৫৮তম সভায় এ নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়। একই বছরের ৩ মে উদ্যোক্তার কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।
দুদকের অভিযোগে বলা হয়েছে, তৎকালীন বিসিক চেয়ারম্যান মুশতাক হাসান মুহ. ইফতিখার দাপ্তরিক ক্ষমতার অপব্যবহার করে ওই ১৯ হাজার বর্গফুট জমির বরাদ্দ বাতিলের আদেশ প্রত্যাহারের উদ্যোগ নেন। তিনি শিল্প মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়ে নোট অনুমোদন করেন এবং সচিবের কাছে একটি চিঠি পাঠান।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, শিল্প মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার নথিতে বিসিকের প্রস্তাবের ভিত্তিতে অন্যান্য পাওনা পরিশোধ সাপেক্ষে জমির বরাদ্দ বাতিলের আদেশ প্রত্যাহারের ব্যবস্থা নিতে বিসিককে বলার সুপারিশ করা হয়। এ নোটে প্রশাসনিক কর্মকর্তা বলাই কুমার হালদার, সাবেক অতিরিক্ত সচিব বাসুদেব আচার্য্য, সাবেক অতিরিক্ত সচিব পরাগ এবং সাবেক সচিব মোহাম্মদ আব্দুল্লাহ স্বাক্ষর করেন। পরে ২০১৭ সালের ২৩ আগস্ট শিল্প মন্ত্রণালয় থেকে বিসিক চেয়ারম্যান বরাবর এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়।
দুদকের অভিযোগ, আসামিরা পরস্পর যোগসাজশে বিসিক প্লট বরাদ্দ নীতিমালা, ২০১০-এর ১৯(২) ধারা লঙ্ঘন করে ওয়াহেদ টিউব অ্যান্ড মেটাল প্রিন্টিং ইন্ডাস্ট্রিজের অনুকূলে ১৯ হাজার বর্গফুট জমির বরাদ্দ বাতিলের আদেশ প্রত্যাহারের ব্যবস্থা করেন। এতে সরকারের মোট ৩ কোটি ৩৭ লাখ ৭৯ হাজার ৩৪০ টাকা রাজস্ব ক্ষতি হয়েছে। এর মধ্যে জমির মূল্য বাবদ ৩ কোটি ৩১ লাখ ১৭ হাজার টাকা এবং ভ্যাট বাবদ ৬ লাখ ৬২ হাজার ৩৪০ টাকা রয়েছে।
জানা গেছে, ২০১৭ সালের ১০ জুলাই আহমেদ ফয়সাল চৌধুরী নতুন করে আবেদন করেন। এতে নতুন নিয়মে জমির মূল্য পরিশোধ না করে আগে পরিশোধিত মূল্যে বকেয়া সার্ভিস চার্জ দিয়ে প্রতিষ্ঠানটি চালুর অনুমতি চান তিনি। এ বিষয়ে বিসিকের পক্ষ থেকে জানানো হয়, নতুন নিয়মে মূল্য পরিশোধের শর্তে জমি বরাদ্দের নির্দেশনা দিয়েছে শিল্প মন্ত্রণালয়। ফলে এ বিষয়ে বিসিক পর্যায়ে করণীয় কিছু নেই। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪০৯ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন