প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টাঙ্গাইলের দেলদুয়ার-লাউহাটী-সাটুরিয়া সড়কের কাজ তিন বছর পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি। ২৪ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি এখন সাধারণ যাত্রীদের জন্য এক ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে শুরু হওয়া এই প্রকল্পের কাজ বাস্তবায়ন না হওয়ায় যাত্রীদের দুর্ভোগ যেন কমছেই না।
সূত্রে জানা যায়, দীর্ঘদিন খানাখন্দে পড়ে থাকার পর ২০২৩ সালে সড়কটির টেন্ডার অনুষ্ঠিত হয়। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ২৯৪ কোটি টাকা ব্যয়ে মোট ২৪.৬৫০ কিলোমিটার রাস্তার কাজ শুরু করে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান।
টাঙ্গাইল অংশ থেকে কাজ শুরু করে ১২ কিলোমিটার পর্যন্ত কাজ সম্পন্ন হলেও অদৃশ্য কারণে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে নির্মাণ কাজ বন্ধ করে দেন ঠিকাদারি প্রতিষ্ঠান। কর্তৃপক্ষ এবং ঠিকাদারের মধ্যে দর কষাকষির এক পর্যায়ে ঠিকাদার মামলা করেন। এরপর থেকে আর কাজ শুরু হয়নি।
এদিকে, খানাখন্দে ভরা সড়কে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে এবং গাড়ি বিকল হচ্ছে। সড়কে অসংখ্য ছোট-বড় গর্ত রয়েছে, যা বৃষ্টির পর পুকুরে পরিণত হয়ে যায়। এসব কারণে সাধারণ যাত্রীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না। বছরের পর বছর ধরে এই ব্যস্ততম সড়কটি নির্মাণ কাজ শেষ না হওয়ায় ভোগান্তির মাত্রা বেড়ে গেছে।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম মন্তব্য করেন, "দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল দশা। এর আগে ঠিকাদার কাজ শুরু করলেও হঠাৎ আর কাজ করতে দেখছি না।" তিনি আরও জানান, "এই সড়ক দিয়ে চলাচল করতে প্রায় প্রতিদিন কেউ না কেউ দুর্ঘটনার কবলে পড়ছেন। যানবাহন নষ্ট হচ্ছে।"
গাড়িচালক আজগর আলী বলেন, "এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়তই আমাদের বিভিন্ন গাড়ি নষ্ট হচ্ছে। অনেক সময় অটোরিকশার যন্ত্রপাতি খুলে পড়ে থাকে সড়কে।"
স্থানীয় বাসিন্দা আবুল কালাম জানান, "সড়কটি দিয়ে চলাচল এতটাই কষ্ট হয় যে, মুমূর্ষু রোগী হাসপাতালে নিতে গেলে আরও বেশি অসুস্থ হয়ে পরে।" তিনি দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান।
এ বিষয়ে টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহরিয়ার আলম বলেন, "দেলদুয়ার-লাউহাটী সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি প্যাকেজে কাজ চলমান ছিল। কাজের ধীরগতির কারণে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের চুক্তি বাতিল করা হয়। পরে এ সিদ্ধান্তের বিরুদ্ধে ঠিকাদার আদালতে মামলা করেন। মামলা চলমান থাকায় কাজ করা যাচ্ছে না।"
তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, দ্রুত সমস্যার সমাধান হলে টাঙ্গাইলের দেলদুয়ার-লাউহাটি-সাটুরিয়া সড়কটির কাজ শেষ হলে মানিকগঞ্জের সঙ্গে টাঙ্গাইলসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মানুষের যোগাযোগ সহজ হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন