প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বগুড়া শহরে জন্মদিনের দাওয়াতের মাধ্যমে বাড়িতে ডেকে হানিট্র্যাপ ও পিস্তল ঠেকিয়ে টাকা দাবির ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, তদন্তের মাধ্যমে সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী যুবক বলেছেন, বন্ধুর স্ত্রীর আমন্ত্রণে গিয়ে তিনি দুদফা হামলার শিকার হন। তার অভিযোগ, জড়িতরা বিকাশের মাধ্যমে ২ লাখ টাকা এবং মোবাইল ব্যাংকিং কার্ডের মাধ্যমে আরও ১ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছেন বগুড়া সদর থানার ওসি মো. ইব্রাহীম আলী। এর আগে, মঙ্গলবার শহরের জহুরুল নগর এলাকায় একটি বাড়িতে হানিট্র্যাপ ও মারপিটের ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন দুপচাঁচিয়া উপজেলার বড়ধাপ গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে গোলাম রব্বানী (২৬) এবং তার বন্ধু কাহালু উপজেলার বীরকেদার এলাকার সোবহান আলীর ছেলে আল আমিন (৩২)।
অভিযোগের সূত্রে জানা যায়, জহুরুল নগর মহল্লার রনি, তুহিন ও হিরা নামের তিন যুবকের সঙ্গে গোলাম রব্বানীর বন্ধুত্ব ছিল। সম্প্রতি বন্ধু রনির স্ত্রী মোবাইল ফোনের মাধ্যমে জন্মদিনের অনুষ্ঠানের দাওয়াত দেন। গত মঙ্গলবার, আল আমিনকে সঙ্গে নিয়ে গোলাম রব্বানী বন্ধু রনির বাড়িতে যান। জন্মদিনের আয়োজনে ইয়াবা ট্যাবলেট ও মদ ছিল। সেখানে আরও কয়েকজন যুবক উপস্থিত ছিলেন। তাদেরকে জোরপূর্বক মাদক সেবন করানোর চেষ্টা করা হয়। দুই যুবককে মারপিট করে পিস্তল ও ধারালো চাকু ঠেকিয়ে ঘরবন্দি রাখা হয়। জড়িতরা তাদের কাছে ৫ লাখ টাকা দাবি করে। দুদফা মারপিটের পর তাদের সামনে ইয়াবা, মদ, পিস্তল ও চাকু রেখে ভিডিও ধারণ করা হয়। সাড়ে তিন লাখ টাকা আদায় করে দুজনকে ছেড়ে দেয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহীম আলী জানিয়েছেন, বুধবার রাতে লিখিত অভিযোগ করা হয়েছে। তিনি আরও বলেন, "আমার সঙ্গে এখন পর্যন্ত বাদীপক্ষের সরাসরি দেখা হয়নি। ঘটনা সত্য হলে মামলা রেকর্ড করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন