প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২০ নভেম্বর ২০২৬ : লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান তিনে নামিয়ে এনেছে রিয়াল মাদ্রিদ, যা সম্ভব হয়েছে ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রের সহায়তা ছাড়া। তবে, ভিনিসিয়াসকে এবার নিজের দলে জায়গা ফিরে পেতে লড়াই করতে হবে।
শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে লস ব্লাঙ্কোসরা সেল্টা ভিগোর মুখোমুখি হতে যাচ্ছে। এ ম্যাচে জয়ী হলে তারা সাময়িকভাবে বার্সেলোনার সমান পয়েন্টে পৌঁছে যাবে। চুল টানার ঘটনায় ঘরোয়া ফুটবলে চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ভিনিসিয়াস এ ম্যাচে খেলতে প্রস্তুত।
ভিনিসিয়াসের অনুপস্থিতিতে, হোসে মরিনিওর দল ক্যাম্প ন্যুতে এল ক্লাসিকোয় বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনাকে পরাজিত করেছে। পাশাপাশি, সেভিয়া, রেসিং সান্তানদার ও ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয়ও তাদের দখলে এসেছে।
এই সময়ে চ্যাম্পিয়ন্স লিগে এইকে এথেন্স ও আরবি লিপজিগের বিপক্ষে জয়ের ম্যাচ দুটিতে ভিনিসিয়াস একাদশে ছিলেন। তবে, গত কয়েক বছরে রিয়ালের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠার পেছনে যে দুর্দান্ত ফর্ম ছিল, তা তিনি খুঁজে পাননি।
২০১৮ সালে ফ্ল্যামেঙ্গো থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর ভিনিসিয়াস বিশ্ব ফুটবলের অন্যতম বিপজ্জনক আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে পরিচিতি অর্জন করেন। ২০২২ ও ২০২৪ সালে দলকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
তবে, চলতি মৌসুমে নিজের ছন্দ ফিরে পেতে ভিনিসিয়াস বেশ ভুগছেন। রিয়ালের হয়ে তার একমাত্র গোলটি এসেছে আগস্টে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে।
এদিকে, রিয়ালের রেকর্ড দামে দলে আসা ইয়ান ডিওমান্দে নতুন ক্লাবের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়েছেন। সর্বশেষ আট ম্যাচে চার গোল করে বাঁ প্রান্তে নিজের জায়গার দাবি জোরালো করেছেন তিনি।
আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে ভিনিসিয়াস কিছুটা স্বস্তি পেয়েছেন। জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে পাঁচ গোল করে যেন নিজেকে ফিরে পেয়েছেন এই ফরোয়ার্ড। ক্লাব ফুটবলেও এই পারফরম্যান্স ধরে রেখে ছন্দ ফেরানোর আশা করছেন তিনি।
গত গ্রীষ্মে রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জনে ভিনিসিয়াস জড়িয়ে পড়েছিলেন। শেষ পর্যন্ত ২০৩২ সাল পর্যন্ত নতুন চুক্তি করেন তিনি। তবে, ওই সময় নিজের পারফরম্যান্সের মান ধরে রাখতে পারেননি বলে স্বীকার করেছেন এই ব্রাজিলিয়ান।
বিশ্বকাপের শেষ ষোলো থেকে আর্লিং হালান্ডের নরওয়ের কাছে অপ্রত্যাশিতভাবে বিদায় নেয় ব্রাজিল। সেই পরাজয়ের প্রভাবও ভিনিসিয়াসের ওপর পড়েছিল।
চলতি সপ্তাহে সাংবাদিকদের ভিনিসিয়াস বলেন, “বিশ্বকাপের পর নিজের যতটা ভালো প্রস্তুতি নেওয়া উচিত ছিল, ততটা নিতে পেরেছি বলে মনে হয় না। কারণ, ওই টুর্নামেন্টের প্রভাব সব ব্রাজিলিয়ানের জন্যই অনেক বড়। এত দ্রুত বিদায় নেওয়া আমাদের প্রত্যাশিত ছিল না।”
তিনি আরও বলেন, “ছুটির সময়টা উপভোগ করেছি, বিশ্রাম নিয়েছি, মানসিকভাবে স্বস্তিতে থেকেছি এবং পরিবারের সঙ্গে বেশি সময় কাটিয়েছি। সাম্প্রতিক বছরগুলোর তুলনায় অনুশীলনও কম করেছি।”
ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা তাঁকে ‘চাপে’ ফেলেছিল বলে জানান ভিনিসিয়াস। একই সঙ্গে দীর্ঘদিন ধরে ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে নিজের সেরাটা ধরে রাখার কঠিন দিকটিও তুলে ধরেন তিনি।
“আমার মনে হয়, এত বছর ধরে একই পর্যায়ে থেকে একই রকম পরিসংখ্যান কেবল ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসিই ধরে রাখতে পেরেছেন।”
“আমি মানুষ, প্রায়ই ভুল করি। তবে সব সময় নিজেকে উন্নত করার চেষ্টা করি।”
চলতি মৌসুমে ভিনিসিয়াসের আরেকটি গোল এসেছে আগের আন্তর্জাতিক বিরতিতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচে।
রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় প্রেদ্রাগ মিয়াতোভিচ স্প্যানিশ রেডিও স্টেশন কাদেনা সেরকে বলেছেন, ক্লাবের চেয়ে ব্রাজিলের হয়ে খেলতেই ভিনিসিয়াসকে বেশি খুশি মনে হচ্ছে।
মিয়াতোভিচ বলেন, “আমার মনে হয়, গত গ্রীষ্মটা ভিনিসিয়াসের জন্য বেশ কঠিন ছিল। কারণ, সে থাকবে কি না, চুক্তি নবায়ন করবে কি না-এ নিয়ে তার মনে সংশয় ছিল।”
“এই পজিশনে ডিওমান্দে ভালো খেলছে। এখন মরিনিওকেই সিদ্ধান্ত নিতে হবে। তবে একটা বিষয় পরিষ্কার, ভিনি খুশি থাকলে ভালো খেলে। আর এখানে খেলার চেয়ে জাতীয় দলের হয়ে খেলতে তাকে অনেক বেশি খুশি দেখছি।”
আগের মৌসুমগুলোতে দ্বিতীয়ার্ধে নিজের সেরা ছন্দে ফিরেছেন এই ব্রাজিলিয়ান।
ভিনিসিয়াস বলেন, “গত মৌসুমে ডিসেম্বর পর্যন্ত আমার গোল ছিল মাত্র পাঁচটি। এরপর মৌসুম শেষ করেছি ২০টির বেশি গোল নিয়ে।”
গত পাঁচ মৌসুমের প্রতিটিতেই রিয়ালের হয়ে অন্তত ২২টি গোল করেছেন তিনি।
মাঝেমধ্যে দলের নিজস্ব সমর্থকদের সমালোচনা ও দুয়োধ্বনির মুখেও পড়েছেন ভিনিসিয়াস। তবে মরিনিও তাঁর প্রতি ধৈর্য দেখিয়েছেন। একই সঙ্গে এই ফরোয়ার্ডের কাছ থেকে তাঁর সবচেয়ে ভয়ংকর রূপ ফিরে পাওয়ার প্রত্যাশাও জানিয়েছেন।
সেপ্টেম্বরে পর্তুগিজ এই অভিজ্ঞ কোচ বলেন, “সেরা ছন্দে থাকা ভিনি ম্যাচের ভাগ্য গড়ে দেয়- যেভাবে একসময় বেনফিকার কোচ থাকাকালে সে আমার বিপক্ষে ম্যাচের ভাগ্য নির্ধারণ করেছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন