প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা মুসলমানদের গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় ইসরায়েলের জন্য উদ্বেগের নতুন কারণ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলি আইন বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ আফ্রিকার করা গাজায় গণহত্যার মামলায় এই রায় একটি গুরুত্বপূর্ণ নজির হিসেবে বিবেচিত হতে পারে। তাদের আশঙ্কা, রাষ্ট্রের সরাসরি গণহত্যার দায় নির্ধারণ এবং গণহত্যার উদ্দেশ্য প্রমাণের ক্ষেত্রে আইসিজের এই সিদ্ধান্ত ইসরায়েলের বিরুদ্ধে চলমান মামলাকে প্রভাবিত করতে পারে।
ওয়াইনেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের জ্যেষ্ঠ কর্মকর্তারা আইসিজের এই রায়কে ‘বিপজ্জনক নজির’ হিসেবে উল্লেখ করেছেন। তাদের মতে, মিয়ানমারের ক্ষেত্রে আদালত যে নীতিগত অবস্থান নিয়েছে, তা সরাসরি ইসরায়েলের ক্ষেত্রে প্রয়োগ করা না গেলেও এর মাধ্যমে নতুন আইনি পথ তৈরি হয়েছে।
ইসরায়েলি কর্মকর্তারা জানান, এই রায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে যে কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য সরাসরি দায়ী করা যেতে পারে এবং গণহত্যার উদ্দেশ্যও প্রমাণ করা সম্ভব। ফলে দক্ষিণ আফ্রিকার করা মামলায় ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগের বিচারিক মূল্যায়নে এই রায়ের প্রভাব পড়তে পারে।
এর আগে বৃহস্পতিবার জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজে রায় দেন, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে সামরিক অভিযানের সময় রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছিল। আদালত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার দায়ে দায়ী করার ক্ষেত্রে এটিই আদালতের প্রথম রায়।
গাজা মামলায় কী প্রভাব পড়তে পারে
দক্ষিণ আফ্রিকা ২০২৩ সালের ২৯ ডিসেম্বর ইসরায়েলের বিরুদ্ধে আইসিজেতে মামলাটি দায়ের করে। দেশটির অভিযোগ, গাজায় সামরিক অভিযান চালিয়ে ইসরায়েল ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে। তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানকে কেন্দ্র করে মামলাটি করা হয়।
ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের আইনজীবী তামি ক্যানার মন্তব্য করেন, মিয়ানমার সংক্রান্ত রায়টি একটি গুরুত্বপূর্ণ নজির, যা ইসরায়েলের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। তিনি বলেন, জাতিসংঘের সর্বোচ্চ আদালত এই প্রথম কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার দায়ে দায়ী বলে নির্ধারণ করেছেন।
জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইউভাল শানি মনে করেন, মিয়ানমারের বিষয়ে দেওয়া সিদ্ধান্ত ইসরায়েলের উদ্বেগের কারণ হওয়া উচিত। তিনি উল্লেখ করেন, গণহত্যার অভিযোগ প্রমাণের পদ্ধতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। এখন বিচ্ছিন্ন কিছু ঘটনা বা বক্তব্যের পরিবর্তে সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে সেখান থেকে একমাত্র যুক্তিসংগত সিদ্ধান্ত কী হতে পারে, তা বিবেচনা করা হচ্ছে।
গাজায় প্রাণহানি ও যুদ্ধবিরতি লঙ্ঘন
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি সামরিক অভিযানে উপত্যকাটিতে ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজারের বেশি আহত হয়েছেন। নিহত ও আহতদের অধিকাংশই নারী ও শিশু। এ ছাড়া ইসরায়েলি হামলায় গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে।
২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ১ হাজার ৬৬২ ফিলিস্তিনি নিহত এবং আরও ৬ হাজার ৭ জন আহত হয়েছেন।
মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের সর্বশেষ রায়ের ফলে গাজায় গণহত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকার করা মামলাটি নতুন করে আন্তর্জাতিক আইনি ও কূটনৈতিক আলোচনার কেন্দ্রে চলে আসতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন