প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের কেরালার ১৭ বছর বয়সি উদ্যোক্তা রাউল জন আজু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন। মস্কোয় অনুষ্ঠিত আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক (এআই) সম্মেলন ‘এআই জার্নি ২০২৬’-এ তার পুতিনের সঙ্গে সাক্ষাৎ হয়। কিশোর উদ্যোক্তা সেই মুহূর্তের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও প্রকাশ করেছেন।
ছবির ক্যাপশনে রাউল লিখেছেন, ‘এখনো বিষয়টি বিশ্বাস করে উঠতে পারছি না। ছোটবেলায় নিছক আনন্দের জন্য ভিডিও তৈরি করা থেকে শুরু করে ১৭ বছর বয়সে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা- জীবন আমাকে এমন সব সুযোগ দিয়েছে, যা স্বপ্নেও কল্পনা করিনি।’
‘এআই জার্নি ২০২৬’ সম্মেলনটি বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শুরু হয়েছে এবং এটি তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে। রাশিয়ার দূতাবাস রাউলকে ‘থিংকক্রাফট প্ল্যাটফর্মের নির্মাতা এক স্কুলছাত্র’ হিসেবে উল্লেখ করেছে। দূতাবাস আরও জানায়, তরুণ এআই প্রতিভার মধ্যে রাউলও ছিল, যারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছে।
রুশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশন শেষে পুতিনের সঙ্গে রাউলের সাক্ষাৎ হয়। ভারতীয় ‘এআই কিড’ হিসেবে পরিচিত রাউল কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন প্রযুক্তি ও টুল তৈরি করে ইতোমধ্যে পরিচিতি অর্জন করেছেন। পাশাপাশি এআই প্রযুক্তিতে মানুষকে প্রশিক্ষণ দেওয়া এবং নিজের প্রযুক্তিপ্রেমকে স্টার্টআপে রূপ দেওয়ার মাধ্যমে আলোচনায় এসেছে তিনি।
রাউলের প্রযুক্তি জগতের যাত্রা শুরু হয় মাত্র নয় বছর বয়সে। নিজে নিজেই কৃত্রিম বুদ্ধিমত্তা শেখার পর তিনি প্রতিষ্ঠা করেন ‘এআই রিয়েলম টেকনোলজিস’ নামে একটি স্টার্টআপ। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১৫ জন কর্মী কাজ করছেন। বিশ্বজুড়ে প্রায় পাঁচ লাখ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউএন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের প্রযুক্তি জগতে আসার গল্প তুলে ধরেন রাউল। তিনি জানান, ভিডিও এডিটিংয়ের মাধ্যমে প্রযুক্তির প্রতি আগ্রহ তৈরি হয় তার। তার বাবা অ্যাডোবিতে চাকরি পাওয়ার পর প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রিমিয়াম সফটওয়্যার বিনামূল্যে ব্যবহারের সুযোগ পান তিনি। সেখান থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়। পরে স্কুলের বিজ্ঞান প্রকল্পের জন্য ‘মিবট’ নামে একটি রোবট তৈরি করেন।
রাউলের ব্যক্তিগত জীবন নিয়েও তৈরি হয়েছে কৌতূহল। সাধারণত কিশোর-কিশোরীরা বাবার কাছে হাতখরচ চাইলেও রাউলের ক্ষেত্রে চিত্রটি ভিন্ন। তার বাবা বর্তমানে ছেলের প্রতিষ্ঠানে কাজ করেন এবং মাসে দুই লাখ রুপি বেতন পান।
‘এআই জার্নি ২০২৬’ কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের এক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন। এতে ভারত, চীন, রাশিয়া, সার্বিয়া, ব্রাজিল, কেনিয়া, কাজাখস্তান ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
সম্মেলনে পুতিনের সঙ্গে রাউলের সাক্ষাৎ এবং সেলফি প্রকাশের ঘটনা তাকে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন