প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় হেগের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দায়ের করা মামলার জন্য বহুল প্রতীক্ষিত রায় নিয়ে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। রায় শুনতে শিবিরে হাজার হাজার রোহিঙ্গা জড়ো হয়েছেন।
মামলার বিচারিক কার্যক্রমে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর ব্যাপক হত্যাযজ্ঞ, নারী ও শিশুদের প্রতি সহিংসতা এবং নির্যাতনের অভিযোগের পক্ষে গুরুত্বপূর্ণ প্রমাণ উঠে এসেছে। এতে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যার পাশাপাশি বিভিন্ন ধরনের সহিংসতার প্রমাণ পাওয়ার কথা জানানো হয়েছে। এই ঘটনায় মিয়ানমারের সামরিক বাহিনীর সংশ্লিষ্টতার বিষয়টিও বিচারিক প্রক্রিয়ায় উঠে এসেছে।
বিচারপ্রক্রিয়ায় রোহিঙ্গাদের ওপর নির্যাতন-নিপীড়নের বিষয়ে দাখিল করা দুটি প্রতিবেদনকে আদালত নির্ভরযোগ্য হিসেবে বিবেচনা করেছে। একই সঙ্গে প্রমাণের বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা ও মূল্যায়নের মানদণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে।
আদালতের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে, কোনো প্রমাণের পক্ষে অন্য কোনো প্রমাণের সমর্থন পাওয়া গেলে সেটিকে অধিক গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়। তবে কোনো প্রমাণ নিজস্ব ভিত্তিতেই বিশ্বাসযোগ্যতা অর্জন করলে, সেটিও অন্য প্রমাণের সত্যতা ও নির্ভরযোগ্যতা প্রতিষ্ঠায় সহায়ক হতে পারে। বিশেষ করে অন্য প্রমাণটি তুলনামূলকভাবে শক্তিশালী বা নির্ভরযোগ্য কোনো উৎস থেকে এলে তার গুরুত্ব আরও বাড়ে।
আদালত স্পষ্ট করেছে, কোনো সাক্ষ্য বা তথ্যের পক্ষে অন্য প্রমাণের সমর্থন না থাকলেই যে সেটির প্রমাণমূল্য থাকবে না, বিষয়টি এমন নয়। বরং প্রতিটি তথ্য ও ঘটনা যাচাইয়ের ক্ষেত্রে আদালত প্রচলিত ও স্বীকৃত বিচারিক মানদণ্ড অনুসরণ করবে।
এ ছাড়া জাতিসংঘের অনুসন্ধানকারী সংস্থাগুলোর প্রচলিত পদ্ধতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রমাণ মূল্যায়নের ক্ষেত্রে একটি ন্যূনতম মানদণ্ড অনুসরণ করা হয়েছে বলেও আদালত উল্লেখ করেছে।
দীর্ঘদিন ধরে নিজ দেশ থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কাছে এই বিচারপ্রক্রিয়া ন্যায়বিচার, দায়ীদের জবাবদিহি এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের প্রত্যাশার সঙ্গে গভীরভাবে জড়িত। কুতুপালংসহ উখিয়া-টেকনাফের বিভিন্ন শিবিরে বসবাসরত রোহিঙ্গারা এই রায়ের দিকে তাকিয়ে আছেন দীর্ঘদিন। তাদের প্রত্যাশা, আন্তর্জাতিক বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে গণহত্যার দায়ীদের জবাবদিহি নিশ্চিত হবে এবং তারা নিজ দেশে নিরাপদে ফিরে যাওয়ার পথ সুগম হবে।
এই রায় ঘোষণার সময় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মাঠে বড় পর্দায় মাইক লাগিয়ে হাজারো রোহিঙ্গাদের রায় শুনতে দেখা যায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন