প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মিসরের বিশ্বখ্যাত ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিদেশি শিক্ষার্থীদের সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। এ বছর স্নাতক সম্পন্ন করেছেন ৪৫টি দেশের মোট ১ হাজার ১৯০ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে ৮০৬ জন ছাত্র এবং ৩৮৪ জন ছাত্রী রয়েছেন।
সমাবর্তন উপলক্ষে আল-আজহার কর্তৃপক্ষ প্রকাশিত ছবিতে ‘আমি আল-আজহার, আর এরা আমার সন্তান’ শিরোনামে শিক্ষার্থীদের আনন্দঘন পরিবেশ ও প্রস্তুতির চিত্র তুলে ধরা হয়েছে। এই ছবিগুলোতে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মধ্যে গড়ে ওঠা শিক্ষা, সংস্কৃতি ও মানবিক সম্প্রীতির বন্ধন ফুটে উঠেছে।
রবিবার (২২ নভেম্বর) আল-আজহার সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে আল-আজহারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষাবিদ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান এবং উল্লেখযোগ্যসংখ্যক গ্র্যাজুয়েটকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে আল-আজহারের বিদেশি শিক্ষার্থীবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. নাহলা সাবরি আল-সাঈদি বলেন, "আল-আজহার থেকে শিক্ষাগ্রহণকারী বিদেশি গ্র্যাজুয়েটরা নিজ নিজ দেশে আল-আজহার ও মিসরের প্রকৃত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।"
তিনি আরো বলেন, এবারের আয়োজনটি চতুর্থ আসর। এটি বিদেশের মাটিতে দীর্ঘদিনের অধ্যবসায়, পরিশ্রম ও ত্যাগের এক সাফল্যময় পরিণতি। ‘মিসর—কল্যাণের আলো ছড়ায়, জ্ঞানকে করে আলোকিত’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা জ্ঞানার্জন ও মানবিক সম্প্রীতির বন্ধনে একত্র হয়েছেন।
নাহলা আল-সাঈদি বলেন, বিদেশি গ্র্যাজুয়েটরা মিসর ও তাঁদের নিজ নিজ দেশের মধ্যে গুরুত্বপূর্ণ মানবিক ও জ্ঞানভিত্তিক সেতুবন্ধন তৈরি করেন। এই সম্পর্ক কেবল কূটনৈতিক চুক্তির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং শিক্ষা, সংস্কৃতি ও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে তা আরো বিস্তৃত হয়।
তিনি নিজ নিজ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে এসব গ্র্যাজুয়েটকে দায়িত্বশীল ভূমিকা পালনের সুযোগ দেওয়ার পাশাপাশি আল-আজহারের সঙ্গে তাঁদের যোগাযোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ইসলামিক রিসার্চ একাডেমির মহাসচিব অধ্যাপক ড. মুহাম্মদ আল-জুন্দি, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ সিদ্দিক এবং আল-আজহার ইনস্টিটিউট সেক্টরের ভারপ্রাপ্ত প্রধান অধ্যাপক ড. আহমদ আল-শারকাওয়ি।
নাহলা আল-সাঈদি শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সহযোগিতার জন্য মিসর সরকার, আল-আজহারের গ্র্যান্ড ইমাম অধ্যাপক ড. আহমদ আত-তাইয়্যিব, বিদেশি ও আন্তর্জাতিক শিক্ষার্থী উন্নয়ন কেন্দ্র, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের পাশাপাশি শিক্ষার্থীদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন