প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (ডিএফসি)-এর অর্থায়নের জন্য বাংলাদেশের পুনরায় যোগ্যতা অর্জন ঢাকা-ওয়াশিংটন কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্বকে আরো শক্তিশালী করবে। বাংলাদেশে জ্বালানি, প্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে মার্কিন বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আগামী বছরের শুরুর দিকে বাংলাদেশ সফরের জন্য ডিএফসির একটি প্রতিনিধি দল আসবে, যা বিনিয়োগের সংশ্লিষ্ট খাত ও সম্ভাব্য প্রকল্প নিয়ে আলোচনা করবে। গতকাল বৃহস্পতিবার এক মার্কিন কূটনীতিক এই বিষয়গুলো নিয়ে আলাপ করেছেন।
মার্কিন কূটনীতিক বাংলাদেশে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, ডিএফসির অর্থায়নের জন্য বাংলাদেশের পুনরায় যোগ্যতা অর্জন বিনিয়োগ সম্প্রসারণ এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তটি প্রমাণ করে যে, ওয়াশিংটন একটি শক্তিশালী অর্থনৈতিক অংশীদারত্ব গড়ার প্রতিশ্রুতিকে বাস্তব পদক্ষেপের মাধ্যমে রূপ দিতে আগ্রহী। এই পদক্ষেপগুলো বেসরকারি পুঁজি আকর্ষণ, অবকাঠামোগত উন্নয়নে সহায়তা এবং বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে ভূমিকা রাখবে।
কূটনীতিক আরও বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে একটি উন্নত অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে চায়। দ্বিপাক্ষীয় ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড’ (এআরটি), জ্বালানি বিষয়ক সমঝোতা স্মারক এবং ডিএফসি সংক্রান্ত সর্বশেষ সিদ্ধান্ত এক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি উল্লেখ করেন, ২০১৮ সালে ডিএফসি তার বর্তমান কাঠামোয় প্রতিষ্ঠিত হওয়ার পর, বাংলাদেশই প্রথম দেশ যারা পুনরায় এই সংস্থার অর্থায়নের যোগ্যতা অর্জন করল।
মার্কিন কূটনীতিক জানান, শ্রম মানদণ্ড ও সংস্কার নিয়ে ওয়াশিংটন এবং ঢাকার বিভিন্ন সরকারের মধ্যে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে শ্রম সংক্রান্ত বিভিন্ন উদ্বেগের কারণে বাংলাদেশ ডিএফসির সুবিধা পাওয়ার যোগ্যতা হারিয়েছিল। ২০১৩ সালে রানা প্লাজা ট্র্যাজেডির পর বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ‘জেনারালাইজড সিস্টেম অব প্রেফারেন্সেস’ (জিএসপি) সুবিধার যোগ্যতা হারায়। পরবর্তীতে শ্রম সংক্রান্ত বিভিন্ন উদ্বেগের কারণে ডিএফসি-এর সহায়তা পাওয়ার ক্ষেত্রেও বাংলাদেশ অযোগ্য হয়ে পড়েছিল।
অন্তর্বর্তী সরকারের নেওয়া প্রাথমিক শ্রম সংস্কার এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রাসঙ্গিক কনভেনশনগুলোতে যুক্ত হওয়ার বিষয়টি বাংলাদেশের যোগ্যতা পুনর্বিবেচনার পরিবেশ তৈরিতে সহায়তা করেছে। গত ফেব্রুয়ারিতে নতুন শ্রম আইন পাস করা এবং তা বাস্তবায়নের পথে ধারাবাহিক অগ্রগতি এই সিদ্ধান্ত অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন।
কূটনীতিক বলেন, শুধুমাত্র আইন পাস করাই যথেষ্ট ছিল না। আমাদের দেখতে হয়েছে যে, দীর্ঘ সময় ধরে সেই আইন বাস্তবায়নের ক্ষেত্রে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না। শ্রম সংস্কার পুরোপুরি বাস্তবায়িত হতে সময় লাগবে, তবে ধারাবাহিক অগ্রগতি মার্কিন কর্তৃপক্ষের কাছে বাংলাদেশের যোগ্যতা পুনর্বহাল করার জন্য যথেষ্ট ভিত্তি তৈরি করেছে।
বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত একটি মূল্যায়ন প্রক্রিয়ার পর, চলতি মাসের শুরুর দিকে ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ব্ল্যাক বাংলাদেশের যোগ্যতা অনুমোদন করেছেন।
প্রতিষ্ঠানটি কীভাবে কাজ করে তা ব্যাখ্যা করতে গিয়ে কূটনীতিক জানান, ডিএফসি প্রথাগত উন্নয়ন ব্যাংক থেকে সম্পূর্ণ আলাদা। তিনি বলেন, ডিএফসি হলো যুক্তরাষ্ট্রের বিনিয়োগ শাখা। এটি কোনো উন্নয়ন ব্যাংক নয়। প্রথাগত সহায়তার পরিবর্তে বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে ওয়াশিংটনের কৌশলের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো এই ডিএফসি। এটি বাণিজ্যিকভাবে লাভজনক এমন প্রকল্পগুলোতে অর্থায়ন, ঋণের নিশ্চয়তা, রাজনৈতিক ঝুঁকি বীমা এবং ইকুইটি বিনিয়োগ সুবিধা দিতে পারে, যা একইসঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থকে এগিয়ে নেয়। তিনি বলেন, ডিএফসির অর্থায়ন বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক এবং প্রতিটি প্রকল্পকে আর্থিক সক্ষমতা, উন্নয়ন সম্ভাবনা এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যের ভিত্তিতে আলাদাভাবে মূল্যায়ন করা হবে।
প্রতিষ্ঠানটি সাতটি অগ্রাধিকারমূলক খাতে মনোযোগ দেয়। তা হলোÑগুরুত্বপূর্ণ খনিজসম্পদ, স্বাস্থ্যসেবা, জ্বালানি, আর্থিক পরিষেবা, কৃষি ও খাদ্য নিরাপত্তা, অবকাঠামো ও লজিস্টিকস, এবং প্রযুক্তি ও টেলিযোগাযোগ। এর মধ্যে জ্বালানি, প্রযুক্তি এবং টেলিযোগাযোগ খাতকে বাংলাদেশে ডিএফসির প্রাথমিক কার্যক্রম শুরুর জন্য বিশেষভাবে সম্ভাবনাময় বলে উল্লেখ করেন ওই কূটনীতিক।
তিনি বলেন, আমার মনে হয় জ্বালানি খাতে অত্যন্ত জোরালো সম্ভাবনা রয়েছে। একইভাবে প্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতেও দারুণ সম্ভাবনা রয়েছে। তবে নতুন করে যোগ্যতা অর্জনের পর বাংলাদেশের জন্য এখন পর্যন্ত কোনো বিনিয়োগ প্রকল্প অনুমোদিত বা আগে থেকে নির্ধারিত হয়নি। যেহেতু বাংলাদেশ এখন ডিএফসির সহায়তা পাওয়ার যোগ্য, তাই আগ্রহী কোম্পানি ও অন্যান্য প্রতিষ্ঠান এখন সম্ভাব্য প্রকল্পগুলো নিয়ে অনুসন্ধান শুরু করতে পারে।
মার্কিন কূটনীতিক জানান, ডিএফসির একটি প্রতিনিধি দল আগামী বছরের শুরুর দিকে বাংলাদেশ সফর করবে। তারা সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা করবে এবং বিনিয়োগের সুযোগগুলো খতিয়ে দেখবে। তিনি বলেন, প্রকল্পগুলোকে অবশ্যই ডিএফসির নির্ধারিত যোগ্যতা পূরণ করতে হবে এবং মার্কিন স্বার্থের সঙ্গে প্রাসঙ্গিক থাকতে হবে।
উভয় দেশের বৃহত্তর অর্থনৈতিক সম্পর্কের ওপর আলোকপাত করে তিনি বলেন, দ্বিপক্ষীয় ‘রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট’ বা পারস্পরিক বাণিজ্য চুক্তি ওয়াশিংটন ও ঢাকার মধ্যকার ভবিষ্যৎ সহযোগিতার একটি রূপরেখা। তিনি আরো বলেন, ডিএফসির অর্থায়ন পাওয়ার মতো নির্ভরযোগ্য প্রকল্প গড়ে তুলতে হলে বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতির উন্নতি, ব্যবসায়িক পরিবেশ শক্তিশালী করা এবং নীতিগত নিশ্চয়তা বা নিয়ন্ত্রক কাঠামো নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
পারস্পরিক বাণিজ্য চুক্তি, জ্বালানি খাতে সহযোগিতা এবং ডিএফসির যোগ্যতা অর্জনের বিষয়টি একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে, যা উভয় দেশের অভিন্ন অর্থনৈতিক স্বার্থকে এগিয়ে নিতে সহায়তা করবে। তিনি বলেন, এই সর্বশেষ সিদ্ধান্তটি বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যতের প্রতি যুক্তরাষ্ট্রের বাড়তি অঙ্গীকারেরই বহিঃপ্রকাশ।
গত ১৬ নভেম্বর ডিএফসি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে তাদের অর্থায়ন পাওয়ার যোগ্য বলে ঘোষণা করে। বাংলাদেশ সরকার ১৭ নভেম্বরের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। সরকার এটিকে ওয়াশিংটনের সঙ্গে ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার একটি উল্লেখযোগ্য ফলাফল এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন