প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এক তরুণীকে পরকীয়ার অভিযোগ তুলে রাস্তা থেকে টেনে বাড়ির আঙিনায় নিয়ে বিবস্ত্র করে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্যাতনের শিকার তরুণী নীলফামারী ডোমারের সোনারায় ইউনিয়নের একটি কলেজের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে রোববার (২৩ নভেম্বর) বিকেলে নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ডুগডুগি পাটোয়ারীপাড়ায়। জানা গেছে, ঘটনার দিন বিকেলে ওই তরুণী তার ভাবির সাথে বাড়ির সামনে বসে গল্প করছিলো। এ সময় একই গ্রামের আব্দুল বাকীর স্ত্রী ও পুত্রবধূ এসে তাদের সাথে ঝগড়া শুরু করেন। একপর্যায়ে মেয়েটিকে টেনেহিঁচড়ে আব্দুল বাকীর স্ত্রী ও পুত্রবধূ তাদের বাড়ির ভেতরে নিয়ে উঠানের মধ্যে বেধড়ক মারধর করেন। মেয়েটি তাদের হাত-পা ধরে আকুতি জানালেও তারা কোনো রেহাই না দিয়ে মেয়েটিকে বিবস্ত্র করে আঘাত করতে থাকেন।
ভুক্তভোগী ওই মেয়ের অভিযোগ, “আসিফ আমার প্রতিবেশী চাচা, তিনিও আমাকে বেটি বলে ডাকেন। তার সাথে এর বাইরে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু আজ আমি আর আমার ভাবী বাড়ির পাশে বসে গল্প করছিলাম, এ সময় হঠাৎ আসিফের মা ও তার বউ আমাদের অশ্লীল ভাষায় গালাগালি করতে থাকেন। তার সাথে আমার পরকীয়ার অভিযোগ দিতে থাকেন। একপর্যায়ে অভিযোগের প্রতিবাদ করলে তারা আমাকে বাড়িতে তুলে নিয়ে যান এবং বিবস্ত্র করে খুব মারধর করেন। আমি অনেক অনুরোধ করেছি, এরপরও তারা আমাকে ছাড়েননি। আমার কাপড় ছিঁড়ে একপ্রকার উলঙ্গ করে মেরেছেন। একপর্যায়ে আমাকে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। আমাকে অপবাদ দিয়ে ভবিষ্যত নষ্ট করলো ও অকারণে মারলো, আমি এর বিচার চাই।”
মারধরের শিকার হওয়া মেয়েটির মা ও ভাবি জানান, “তারা বিনা কারণে আমাদের মেয়েকে বাইরে থেকে তুলে বাড়িতে নিয়ে বিবস্ত্র করে মারধর করলো। যার সাথে সম্পর্কের কথা বলা হচ্ছে, সে তো বিবাহিত, তার একটা বাচ্চাও রয়েছে। আমাদের মেয়েকে আসিফ ভাতিজি বলে ডাকেন, তাদের মাঝে কোনো অনৈতিক সম্পর্ক নেই। আমরা গরিব মানুষ মেয়েটির ভবিষ্যত তারা শেষ করে দিলো, আমাদের মেয়ের ওপর এই নির্যাতনের বিচার চাই।”
মেয়েকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় দুশ্চিন্তায় তারা বাবা ও ভাই। তারা বলেন, “আমরা অসহায় মানুষ বিনা কারণের আমার মেয়ে তারা অপবাদ দিলো। এই মেয়ের ভবিষ্যতে বিয়ে শাদী দিতে অনেক ঝামেলায় পড়তে হবে। আমরা গরিব মানুষ কি করবো ভেবে পাচ্ছিনা। এই ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি করেছেন তারা।”
এ বিষয়ে আসিফ জানায়, “মেয়েটির সাথে আমি কোনোদিন ফোনেও কথা বলিনি কেউ প্রমাণ দিতে পারবেনা। আমি অনলাইন জুয়া খেলে অনেক টাকা নষ্ট করেছি পরিবারে খরচ ঠিকমতো দিতে পারিনা তাই হয়ত আমার পরিবারের লোকজন তাকে আমার সাথে সম্পর্কে বিষয় সন্দেহ করে মারধর করছে। আমি ওই মেয়েকে কখনোই খারাপ চোখে দেখিনি সে আমার সম্পর্কে ভাতিজি।”
এ বিষয়ে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার ফাইজুল্লাহ বিপু জানান, “রাতে মেয়েটি আমাদের হাসপাতালে ভর্তি হয়। ভর্তির সময় তার শরীরের বিভিন্ন স্থানে মারধরের চিহ্ন পাওয়া গেছে। মেয়েটির ভাষ্যমতে তাকে কেউ মারধর করেছে। মানসিকভাবে ভেঙে পড়েছে মেয়েটি, বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন