প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে আগাম কোনো পদক্ষেপ না নেওয়া নিয়ে সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও দ্য ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম মন্তব্য করেছেন, "প্রকৃতপক্ষে এটি ছিল একটি ফাঁদ। আর আওয়ামী লীগ সেই ফাঁদেই পা দিয়েছে।"
রোববার (২২ নভেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই বিষয়টি তুলে ধরেন।
ফেসবুক পোস্টে শফিকুল আলম উল্লেখ করেন, "অনেকে প্রশ্ন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কেন আগাম কোনো পদক্ষেপ নেননি আওয়ামী লীগের বিরুদ্ধে। এটি ছিল তার একটি বড় রাজনৈতিক কৌশল। এ কৌশল নিঃসন্দেহে অনেকের মনে বিস্ময়ের জন্ম দিয়েছিল। কিন্তু বলতে হয় নিখুঁতভাবেই কাজ করেছে পরিকল্পনা অনুযায়ী কৌশলটি।"
তিনি আরও লেখেন, "দা হাতে আওয়ামী লীগের কর্মীরা বিএনপির সংসদ সদস্যদের বাড়িসহ আরও বহু মানুষের বাড়িতে আগুন দিয়েছে। থানায় অগ্নিসংযোগ করেছে। এমনকি টুপি পরা কিংবা দাড়ি রাখা বাসযাত্রীদের থামিয়েছে। তাদের রাজনৈতিক পরিচয় ও আনুগত্য যাচাই করেছে।"
এসব ঘটনার দৃশ্যগুলো ছিল অত্যন্ত ভয়াবহ-এটা সত্য উল্লেখ করে সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, "অনেকে মনে করেন এতে সরকারের দুর্বলতা প্রকাশ পেয়েছে। আওয়ামী লীগের আবার ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে—এমন একটি ধারণাও জনমনে সৃষ্টি হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে এটি ছিল একটি ফাঁদ। আর আওয়ামী লীগ সেই ফাঁদেই পা দিয়েছে।"
তিনি লেখেন, "পাঁচজনের মৃত্যু, অসংখ্য বাসে অগ্নিসংযোগ এবং অতর্কিত মোলোটভ ককটেল ও পেট্রোল বোমা হামলা। আওয়ামী লীগ শেষ পর্যন্ত তাহলে কী অর্জন করল? ভারতের সংবাদমাধ্যমে কিছু সহানুভূতিশীল সংবাদ প্রচার? এ ছাড়া তাদের অর্জন বলতে তেমন কিছুই ছিল না।"
শফিকুল আলম বলেন, "এটা ঠিক যে পরিকল্পিতভাবে তাদের নেত্রীর প্রত্যাবর্তনের জন্য তারা রাজনৈতিক পরিবেশ ও গতি তৈরি করার চেষ্টা করছিল। অপরিণত ও আগাম সন্ত্রাসের মাধ্যমে আওয়ামী লীগ নিজেই তা নষ্ট করেছে।"
তিনি আরও লেখেন, "সরকারকে কার্যত খুব বেশি কিছুই করতে হয়নি। সহিংসতা বৃহত্তর গোপালগঞ্জ অঞ্চল ছাড়িয়ে প্রকৃত অর্থে আর বিস্তৃত হতে পারেনি। এমনকি আওয়ামী লীগ কর্মীদের হাতে পাঁচজন নিহত হওয়ার ঘটনাও পরিস্থিতিকে আরও বড় সংঘাতের দিকে নিয়ে যেতে পারেনি।"
"পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এরপর সালাহউদ্দিন আহমদ তিন বাহিনীর প্রধানদের গোপালগঞ্জে পাঠান। নিরাপত্তা বাহিনী বড় ধরনের অভিযান শুরু করার আগেই খবর আসে, তরুণ আওয়ামী লীগ কর্মীরা ইতোমধ্যে অন্য জেলাগুলোতে পালিয়ে গেছে। গোপালগঞ্জ এখন শান্ত ও নীরব।"
শফিকুল আলম লেখেন, "এদিকে আওয়ামী লীগকে আরও রাজনৈতিকভাবে মোকাবিলা করতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলগুলোর প্রতি বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। এটি ছিল এক অসাধারণ রাজনৈতিক চাল। যার জন্য আওয়ামী লীগ ও তার বিদেশি প্রভুরা প্রস্তুত ছিল না।"
জামায়াতের আমির দ্রুত এই উদ্যোগকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে বসেন। এর ঠিক পরদিনই জামায়াত ও তাদের মিত্ররা বিরোধীদের মোকাবিলায় ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করে।
শফিকুল আলম বলেন, "আওয়ামী লীগ ও তাদের ভাষ্যকাররা দাবি করতে পারেন, এই রাজনৈতিক ঐক্য আসলে আওয়ামী লীগের পুনরুত্থানের প্রতিক্রিয়া মাত্র। কিন্তু সংসদে থাকা দলগুলো বাস্তবে যা অর্জন করেছে- তা অভূতপূর্ব। এটি হলো নির্বাচনের পর থেকে যে রাজনৈতিক ঐক্যের অভাব ছিল, সেটির একটি দৃশ্যমান চিত্র তুলে ধরা।"
তিনি উল্লেখ করেন, "এই ঐক্যের ফলে আওয়ামী লীগের সামনে কৌশলগত খুব কম সুযোগই রয়েছে। এখন তাদের সামনে দুটি পথ—হয় সহিংসতা আরও বাড়ানো, নয়তো ক্রমশ গভীর রাজনৈতিক গুরুত্বহীনতার মুখোমুখি হওয়া।"
শফিকুল আলম আরও লেখেন, "কার্যত আওয়ামী লীগ এখন এমন একটি পরিস্থিতিতে পড়েছে, যেখানে সহিংসতা বাড়াতে গেলে তার পরিণতি আরও ভয়াবহ হতে পারে।"
"সরকার ও বিরোধী দলগুলোকে কোনো রাজনৈতিক সমঝোতায় বাধ্য করতে চাইলে এখন তাদের সামনে সহিংসতার মাত্রা আরও বাড়ানো ছাড়া আর কোনো পথ নেই। আর আওয়ামী লীগের অতীত ইতিহাস বিবেচনায় নিলে, এমন পথে হাঁটা তাদের জন্য খুব কঠিন হওয়ার কথা নয়।"
তিনি সতর্ক করে বলেন, "কিন্তু আরও হত্যাকাণ্ড এবং আকস্মিক হামলা দলটিকে সাধারণ মানুষের কাছ থেকে আরও বিচ্ছিন্ন করে ফেলবে। অন্যদিকে, বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটলে তীব্র জনরোষ কিংবা গণপ্রতিশোধের আশঙ্কা তৈরি হতে পারে।"
শফিকুল আলম লেখেন, "আওয়ামী লীগ কোনো গেরিলা বাহিনী নয়। তাই এই সংঘাত বাড়ানোর কৌশল তাদের জন্য বহন করা সম্ভব নয়। আওয়ামী লীগের পলাতক নেতৃত্ব যত দ্রুত বিষয়টি উপলব্ধি করবে, মাঠপর্যায়ে তাদের কর্মীদের জন্য ততই মঙ্গল হবে।"
তিনি সময়ের গুরুত্ব তুলে ধরে লেখেন, "মূলত জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান পুনরুদ্ধার করার জন্য আওয়ামী লীগের হাতে রমজান পর্যন্ত সময় রয়েছে। তাদের নেত্রী যদি দেশে ফিরতে চান, তাহলে এর মধ্যেই তাকে দেশে ফেরার একটি পথ খুঁজে বের করতে হবে।"
শফিকুল আলম বলেন, "বিএনপি সরকার তাকে দেশে ফিরিয়ে নেবে না, যদি না তাকে প্রত্যর্পণের মাধ্যমে ফিরিয়ে আনা হয়। শ্রীরাধা দত্ত উল্লেখ করেছেন, ভারত কখনোই তাকে প্রত্যর্পণ করবে না।"
"কারণ, ভারতের সবচেয়ে প্রিয় বিদেশি স্বৈরশাসককে প্রত্যর্পণের কারণে সৃষ্ট রাজনৈতিক সংকট সামাল দেওয়ার সামর্থ্য বিজেপির নেই!"
তিনি বলেন, "রমজানের পর আসবে বর্ষাকাল। তখন হাসিনা এবং কলকাতায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের বিষয়ে ভারতের অবস্থান নতুন করে পর্যালোচনা করা ছাড়া দেশটির সামনে খুব বেশি বিকল্প থাকবে না।"
"সম্ভবত তাদের নীরবে পশ্চিমা দেশগুলোতে, বিশেষ করে যুক্তরাজ্যে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হবে।"
শফিকুল আলম উল্লেখ করেন, "হাসিনা বুঝতে পারবেন, পশ্চিমা ও ভারতীয় সংবাদমাধ্যম তার পরিচিত ও বারবার বলা রাজনৈতিক বয়ানের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। এমনকি তাকে নীরব থাকার পরামর্শও দেওয়া হতে পারে।"
"এটি হবে ঢাকার প্রতি একটি ইঙ্গিত—নয়াদিল্লি এখন তারেক রহমানের আনুষ্ঠানিক সফর গ্রহণের জন্য প্রস্তুত।"
আর ড. শফিকুর রহমানের কথা-বাংলাদেশের বিরোধীদলীয় নেতার ২০২৯ সালের কোনো এক সময়ে আধা-সরকারি সফরে নয়াদিল্লি যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন