প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের কাশিমপুর কারা কমপ্লেক্সের নিরাপত্তা ও টহল জোরদার করার জন্য সিনিয়র জেল সুপার বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থার সহযোগিতা চেয়েছেন। এ উদ্দেশ্যে সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোকে চিঠি পাঠানো হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার হালিমা খাতুনের স্বাক্ষরে চিঠিটি প্রেরিত হয়।
এ বিষয়ে জানা গেছে, কাশিমপুর কারা ক্যাম্পাসে মোট চারটি কেন্দ্রীয় কারাগার অবস্থিত। বর্তমানে এসব কারাগারে রাজনৈতিক বন্দিসহ বিভিন্ন ধরনের প্রায় ১২ হাজার বন্দি রয়েছেন। কারাগারটি সরকারের জন্য অত্যন্ত স্পর্শকাতর ও সংবেদনশীল প্রতিষ্ঠান। এই কারণে চারটি কারাগারের নিরাপত্তা জোরদারের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য সংস্থার সহযোগিতা একান্ত প্রয়োজন বলে কারা কর্তৃপক্ষ মনে করছে।
চিঠিতে কারা ক্যাম্পাসের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরাপত্তা টহল বাড়ানোর জন্য সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
কারা কর্তৃপক্ষের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১৮ নভেম্বর গাজীপুরের জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে কারাগারের নিরাপত্তা বাড়াতে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। ওই পত্রের প্রেক্ষিতে সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোকে সহযোগিতা চেয়ে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিটি সাভার সেনানিবাসে ৯ পদাতিক ডিভিশনের সদর দপ্তরের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), গাজীপুরের পুলিশ কমিশনার, গাজীপুরের স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরবি) অধিনায়ক, কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসের অপারেশন শাখার কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
এছাড়া অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আটটি দপ্তরে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূইয়া জানিয়েছেন, কাশিমপুর কারাগার কেপিআইভুক্ত প্রতিষ্ঠান। কারাগারের নিরাপত্তা বৃদ্ধির জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। পরে কারা কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে জেলার সবগুলো কারাগারে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন