প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেবের ৫৫৭তম জন্মবার্ষিকী উদ্যাপনের জন্য ২৩০০-এর বেশি ভারতীয় শিখ তীর্থযাত্রী পাকিস্তানে পৌঁছেছেন। রোববার (২২ নভেম্বর) তারা ওয়াগাহ সীমান্তের মাধ্যমে পাকিস্তানে প্রবেশ করেন। পাকিস্তানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এ বছর ভারত থেকে মোট ২ হাজার ৩৩৯ জন শিখ তীর্থযাত্রী আসেন।
পাকিস্তানের ইভাকুই ট্রাস্ট প্রপার্টি বোর্ডের (ইটিপিবি) মুখপাত্র আমির হাশমি জানিয়েছেন, ভারত থেকে আসা তীর্থযাত্রীরা নানকানা সাহিবে গুরু নানকের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তাঁদের জন্য পাকিস্তানের হাইকমিশন প্রায় ৩ হাজার ১০০টি ভিসা প্রদান করেছে।
ওয়াগাহ সীমান্তে তীর্থযাত্রীদের স্বাগত জানান ইটিপিবির চেয়ারম্যান কামার জামান, সচিব নাসির মুশতাক, পাকিস্তান শিখ গুরুদ্বারা প্রবন্ধক কমিটির সভাপতি ও পাঞ্জাবের সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী সর্দার রমেশ সিং অরোরা এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় তীর্থযাত্রী দলের নেতাদের ফুল দিয়ে বরণ করা হয়।
তীর্থযাত্রীদের যাতায়াতকে সহজতর করতে সীমান্তে অভিবাসন ও ব্যাগেজ তল্লাশির জন্য বিশেষ কাউন্টার স্থাপন করা হয়। নিরাপত্তা নিশ্চিত করতে রেঞ্জার্স সদস্যদের মোতায়েন করা হয়। এছাড়া, মুদ্রা বিনিময়, পরিচয়পত্র তৈরি ও বাসের টিকিট দেওয়ার ব্যবস্থা রাখা হয়।
হাশমি জানান, তীর্থযাত্রীরা তিনটি পৃথক বহরে কঠোর নিরাপত্তার মধ্যে নানকানা সাহিবের উদ্দেশে রওনা হয়েছেন। আগামী ২৪ নভেম্বর গুরু নানকের জন্মস্থান গুরুদ্বারা জন্মস্থান-এ মূল ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০ হাজারের বেশি শিখ ওই আয়োজনে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। উৎসবের আনুষ্ঠানিকতা ২২ নভেম্বর শুরু হয়ে ২৪ নভেম্বর পর্যন্ত চলবে।
অনুষ্ঠানে পাকিস্তানের ধর্মবিষয়ক ফেডারেল মন্ত্রী সর্দার মুহাম্মদ ইউসুফসহ কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে থাকবে ভোগ, অখণ্ড পাঠ সাহিব এবং ঐতিহ্যবাহী পালকিবাহী শোভাযাত্রা নগর কীর্তন।
ইটিপিবির চেয়ারম্যান কামার জামান বলেন, পাকিস্তানে অবস্থানকালে ভারতীয় তীর্থযাত্রীরা যেন কোনো অসুবিধায় না পড়েন, সে জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে, তাঁরা ভালোবাসা, শান্তি ও ভ্রাতৃত্বের স্মৃতি নিয়ে দেশে ফিরবেন।
এদিকে, পাকিস্তান শিখ গুরুদ্বারা প্রবন্ধক কমিটির সভাপতি ও পাঞ্জাবের সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী রমেশ সিং অরোরা ভারতের প্রতি কার্তারপুর করিডর দ্রুত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। এই করিডরের মাধ্যমে শিখ তীর্থযাত্রীরা কার্তারপুরের গুরুদ্বারা দরবার সাহিবে যেতে পারেন। ২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘাতের পর করিডর দিয়ে যাতায়াত বন্ধ করে দেয় ভারত।
ভারত থেকে আসা আকাল তখত কর্তৃপক্ষের নেতা কালদীপ সিং গুরগাজ বলেন, পাকিস্তানের সঙ্গে শিখ সম্প্রদায়ের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সম্পর্ক রয়েছে। তিনি মন্তব্য করেন, দেশটিতে তাঁদের গুরুদ্বারগুলো নিরাপদে সংরক্ষিত আছে। দিল্লি গুরুদ্বারা ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধি দলের নেতা পরমজিৎ সিং বলেন, গুরু নানকের স্মৃতিবিজড়িত হওয়ায় শিখদের কাছে পাকিস্তানের বিশেষ গুরুত্ব রয়েছে।
মূল অনুষ্ঠান শেষে ২৫ নভেম্বর তীর্থযাত্রীরা ফারুকাবাদের গুরুদ্বারা সাচা সৌদা পরিদর্শন করবেন। এরপর হাসান আবদালে গিয়ে গুরুদ্বারা পাঞ্জা সাহিবে রাত কাটাবেন। ২৭ নভেম্বর তাঁরা নারোওয়ালের কার্তারপুরে গুরুদ্বারা দরবার সাহিবে যাবেন। ২৯ ও ৩০ নভেম্বর লাহোরের বিভিন্ন ঐতিহাসিক গুরুদ্বারা পরিদর্শন শেষে ১ ডিসেম্বর ওয়াগাহ সীমান্ত দিয়ে সড়কপথে ভারতে ফিরবেন।
ধর্মীয় উৎসব ও বিশেষ দিবস উপলক্ষে ভারতীয় শিখদের পাকিস্তান সফর একটি নিয়মিত ঘটনা। এর আগে গত জুনে গুরু অর্জন দেবের মৃত্যুবার্ষিকী জোড় মেলা উপলক্ষে প্রায় ৬০০ শিখ তীর্থযাত্রী পাকিস্তানে এসেছিলেন। এ ছাড়া এপ্রিলে বৈশাখী উৎসব উদ্যাপনে ভারতীয় শিখদের জন্য প্রায় ২ হাজার ৮০০টি ভিসা দেওয়া হয়েছিল। তথ্যসূত্র: দ্য ডন
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন