প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
উপকূলীয় জেলা বরগুনায় জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং পানির লবণাক্ততার কারণে নিরাপদ সুপেয় পানির সংকট ক্রমাগত জটিল আকার ধারণ করছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে পানির প্রাপ্যতা হ্রাস পাওয়ায় জেলার বিভিন্ন এলাকার প্রান্তিক জনগণের এবং আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের চরম ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে। কোথাও নিরাপদ পানির উৎসের অভাব দেখা দিচ্ছে, আবার কোথাও টিউবওয়েল স্থাপন করা হলেও পানি না ওঠায় সেগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে নিরাপদ পানির অধিকার নিশ্চিত করা এবং সংকট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিতে বরগুনায় সচেতনতামূলক পোস্টার প্রদর্শন করেছে বসুন্ধরা শুভসংঘ।
সোমবার (২৩ নভেম্বর) বরগুনা জেলা শাখার উদ্যোগে বসুন্ধরা শুভসংঘ এই পোস্টার প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনীতে উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকটের কারণ, সাধারণ মানুষের ভোগান্তি এবং সংকট মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ তুলে ধরা হয়।
পোস্টার প্রদর্শনীতে উপস্থিত ছিলেন মো. মাসুদ আলম মনির, মো. নাসির উদ্দীন খান, মো. ফরিদ উদ্দীন খোকন, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আরিফ হোসেন ফসল, বসুন্ধরা শুভসংঘ বরগুনা জেলা শাখার সদস্য আকবর হোসেন প্রিন্স এবং সামছুর রহমানসহ অন্যান্যরা।
আয়োজনে বক্তারা মন্তব্য করেন, নিরাপদ সুপেয় পানি মানুষের মৌলিক অধিকার। কিন্তু উপকূলীয় বরগুনার বিভিন্ন এলাকায় জলবায়ু পরিবর্তন ও পানির লবণাক্ততার কারণে সেই অধিকার নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে পানির স্তর নিচে নেমে যাওয়ার ফলে এবং মিঠাপানির উৎস সীমিত হয়ে যাওয়ায় সাধারণ মানুষকে দূরবর্তী স্থান থেকে পানি সংগ্রহ করতে হয়। এ কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন নারী, শিশু এবং বয়স্ক ব্যক্তিরা।
বক্তারা আরও উল্লেখ করেন, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করতে বিভিন্ন স্থানে টিউবওয়েল স্থাপন করা হলেও অনেক ক্ষেত্রেই সেগুলো থেকে পানি পাওয়া যাচ্ছে না। ফলে অবকাঠামো নির্মাণের পাশাপাশি পানির উৎসের উপযোগিতা যাচাই, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং বিকল্প পানির ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শুধু টিউবওয়েল স্থাপন করলেই দায়িত্ব শেষ হয় না, সেগুলো থেকে মানুষ নিয়মিত নিরাপদ পানি পাচ্ছেন কি না, তা তদারকিও করা প্রয়োজন।
তারা বলেন, উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা আবশ্যক। এ ক্ষেত্রে বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবহারের উপযোগী ব্যবস্থা গড়ে তোলা, পুকুর ও জলাশয় পুনঃখনন, মিঠাপানির আধার সংরক্ষণ, নদী-খাল দখল ও দূষণমুক্ত রাখা এবং লবণাক্ততাসহিষ্ণু নিরাপদ পানির প্রযুক্তি সম্প্রসারণে গুরুত্ব দেওয়া প্রয়োজন। পাশাপাশি বিদ্যমান পানির উৎসগুলো সচল রাখতে নিয়মিত পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা প্রয়োজন।
বক্তারা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আশ্রয়ণ প্রকল্পসহ পানিসংকটে থাকা এলাকাগুলোতে ব্যবহার উপযোগী ও টেকসই সুপেয় পানির উৎস নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
পোস্টার প্রদর্শনীর মাধ্যমে নিরাপদ পানির গুরুত্ব, উপকূলীয় জনপদের বাস্তব সংকট এবং এর স্থায়ী সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ সম্পর্কে জনসচেতনতা তৈরির বার্তা তুলে ধরে বসুন্ধরা শুভসংঘ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন