প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি নাজমুন নাহার নিলু পোশাকশ্রমিকদের জীবনধারণের জন্য উপযুক্ত ন্যূনতম মজুরি নিশ্চিত করার পাশাপাশি মালিকদের মুনাফায় শ্রমিকদের অংশীদারিত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি মন্তব্য করেন, "শুধু বেতন বাড়ালেই শ্রমিকদের জীবনমানের উন্নয়ন হবে না। উৎপাদন ও ব্যবসায় অর্জিত মুনাফার একটি অংশও শ্রমিকদের দিতে হবে। এতে তাদের আয় ও জীবনযাত্রার মান বাড়বে।"
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘পোশাকশ্রমিকদের ন্যায্য ও জীবনধারণ উপযোগী ন্যূনতম মজুরি নির্ধারণ: বাস্তবতা, মানদণ্ড ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চ আয়োজিত বৈঠকটি পরিচালনা করেন সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান।
নাজমুন নাহার নিলু আরও বলেন, "নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে বেড়েছে, সে তুলনায় শ্রমিকদের আয় কতটা বেড়েছে, তা বিবেচনায় নিতে হবে।" তিনি উল্লেখ করেন, "শুধু পণ্যমূল্যের পরিসংখ্যান দিয়ে শ্রমিকদের প্রকৃত অবস্থা বোঝা সম্ভব নয়; জীবনযাত্রার বাস্তব ব্যয় বিবেচনা করা জরুরি।" তিনি উদাহরণ হিসেবে বলেন, "১০০ টাকায় এখন এক কেজি মসুর ডালও পাওয়া যায় না। অথচ শ্রমিকদের ঘরভাড়া, খাবারসহ নানা খরচ মেটাতে হয়।" তিনি আশা প্রকাশ করেন যে, সরকার শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবি বিবেচনা করে মেনে নেবে।
মালিকদের মুনাফায় শ্রমিকদের অংশীদারত্বের বিষয়ে এমপি নিলু বলেন, "উৎপাদন বোনাস ও বিভিন্ন প্রণোদনাসহ নানা মাধ্যমে শ্রমিকদের মুনাফার অংশ দেওয়া যেতে পারে।" তিনি বলেন, "শুধু মালিকেরা লাভের সুফল ভোগ করবেন, আর শ্রমিকেরা নির্ধারিত বেতনের মধ্যে সীমাবদ্ধ থাকবেন— এটি কাম্য নয়।" এ প্রসঙ্গে তিনি মালিকদের আরও মানবিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
বৈঠকে নারী শ্রমিকদের অধিকার ও কর্মপরিবেশের বিষয়েও গুরুত্ব দেন এমপি নিলু। তিনি বলেন, "পর্যাপ্ত বসার জায়গা, স্বাস্থ্যসম্মত টয়লেট ও মাতৃত্বকালীন সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।" তিনি আরও বলেন, "মজুরি বৃদ্ধির পাশাপাশি কর্মক্ষেত্রে নারীবান্ধব পরিবেশ গড়ে তোলাও জরুরি।"
গাজীপুরে নারী শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানিয়ে তিনি বলেন, "বিপুলসংখ্যক পোশাকশ্রমিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের হাসপাতাল প্রয়োজন।" বিশেষ করে নারী শ্রমিকদের স্বাস্থ্য ও মাতৃত্বকালীন চিকিৎসার বিষয়টি গুরুত্ব দিতে হবে।
বিদেশে কর্মরত নারী শ্রমিকদের দুর্দশার প্রসঙ্গ তুলে তিনি বলেন, "বিভিন্ন দেশে অনেক বাংলাদেশি নারী শ্রমিক কারাগারে রয়েছেন।" তাদের আইনি ও মানবিক সহায়তা নিশ্চিত করা জরুরি বলেও তিনি উল্লেখ করেন। এ ছাড়া নারী শ্রমিকদের নিরাপদ যাতায়াতের জন্য পৃথক যানবাহনের ব্যবস্থা করার দাবিও জানান তিনি।
নাজমুন নাহার নিলু বলেন, "শ্রমিকদের ন্যায্য মজুরি, মুনাফায় অংশীদারত্ব এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করা গেলে তাদের জীবনমান উন্নয়নের পাশাপাশি দেশের পোশাকশিল্পের অগ্রগতিও ত্বরান্বিত হবে।"
বৈঠকে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী, শ্রম সংস্কার কমিশনের প্রধান ও বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, বিএনবিসি ও বিজিএমইএ, স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম, আন্তর্জাতিক ছাত্র ও যুব ফেডারেশনের (ইফসু) মহাসচিব ড. মোস্তফা ফয়সাল পারভেজ, নর্থ সাউথ ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. শিব্বির আহমদ, তুরস্কের তোকাত গাজী ওসমান পাশা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. হাফিজুর রহমান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, ব্যারিস্টার আল মামুন রাসেল এবং আইবিডব্লিউএফের ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল ইসলাম রাজু প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন