প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এক সময় মানুষ প্রিয়জনের চিঠির জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতেন। ডাকপিয়নের সাইকেলের বেল বা রানারের পায়ের শব্দ শুনে তারা দরজায় ছুটে যেতেন।
সুসংবাদের চিঠি পেলে মন আনন্দে ভরে উঠতো, আবার স্বজনের পাঠানো দুঃসংবাদে চোখে জল আসতো। কিন্তু সময়ের সঙ্গে সেই চেনা দৃশ্য পাল্টে গেছে। মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং ইমোর যুগে চিঠি লেখার রীতি প্রায় উঠে গেছে। তবুও ডাকঘরের কর্মীদের জন্য চিঠির অপেক্ষা এখনও শেষ হয়নি।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পোস্ট অফিসে প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত চিঠির জন্য দায়িত্ব পালন করেন কর্মীরা। নিয়মিতভাবে ডাকবাক্স খোলা হয়। তবে ব্যক্তিগত চিঠি এখন প্রায় আসেই না বললেই চলে। পরিবর্তে সরকারি নিয়োগ, চাকরিসংক্রান্ত চিঠি, আদালতের সমন এবং বিবাহবিচ্ছেদের নোটিশের মতো ডাকই বেশি আসছে।
গৌরীপুর উপজেলা পোস্টমাস্টার আমিনুল ইসলাম জানান, দীর্ঘ আট বছর পর এক মাস আগে পোস্ট অফিস ভবনের সামনে একটি বড় ডাকবাক্স স্থাপন করা হয়েছে। কিন্তু গত এক মাসে ওই বাক্সে একটি চিঠিও পড়েনি। তার মতে, সরকারি ডাকের মধ্যে নিয়োগ ও চাকরিসংক্রান্ত চিঠি, আদালতের সমন এবং বিবাহবিচ্ছেদের কাগজপত্রই বেশি আসে। সরকার বিভিন্ন সেবা ও সুবিধা চালু করলেও সেগুলোতে আশানুরূপ সাড়া পাওয়া যাচ্ছে না।
এক সময় দূরের মানুষের কাছে মনের ভাব পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম ছিল চিঠি। প্রিয়জনের হাতে লেখা চিঠি পেতে মানুষ দিনের পর দিন প্রহর গুনতেন। চিঠির প্রতিটি ছত্রে মিশে থাকতো ভালোবাসা, অভিমান, আনন্দ অথবা বিচ্ছেদের বেদনা। কবি সুকান্ত ভট্টাচার্যের ‘রানার’ কবিতায়ও সেই সময়ের ডাকবাহকের জীবন ও দায়িত্বের চিত্র ফুটে উঠেছিল।
এখন আর রাত জেগে চিঠির পাতায় মনের কথা বা প্রেমের কথা লেখেন না অনেকেই। কয়েক মুহূর্তেই মুঠোফোনে বার্তা পৌঁছে যায়। যোগাযোগব্যবস্থার এই পরিবর্তনে ব্যক্তিগত চিঠির সেই দিনগুলো অনেকটাই অতীত হয়ে গেছে। তারপরও ডাকঘরের কর্মীরা প্রতিদিন ডাকবাক্স খোলেন এবং চিঠির জন্য অপেক্ষা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন