প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দীর্ঘকাল ধরে বক্স অফিসের নিয়ন্ত্রণ পুরুষ তারকাদের হাতে ছিল। এই ধারণা পরিবর্তন করে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা নিজের অবস্থান তৈরি করেছেন। একের পর এক নারীপ্রধান সিনেমার সফলতা, পারিশ্রমিক এবং ব্যবসায়িক উদ্যোগ— সবকিছু মিলিয়ে ভারতীয় সিনেমা জগতে তিনি ‘লেডি সুপারস্টার’ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
তবে ‘লেডি সুপারস্টার’ হিসেবে পরিচিত এই অভিনেত্রী খুব একটা স্বস্তিতে নেই। এই ‘লেডি’ উপাধি পাওয়ার কারণে তাকে অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়। গত পাঁচ-ছয় বছর ধরে তিনি প্রযোজক ও পরিচালকদের কাছে সিনেমায় তার নামের আগে এই উপাধি ব্যবহার না করার জন্য অনুরোধ জানিয়ে আসছেন।
নয়নতারা বলেন, “আমার ক্যারিয়ার কোনো উপাধি বা পরিচয়ে সংজ্ঞায়িত হয় না। কারো কাছ থেকে কোনো উপাধি কেড়ে নেওয়ার চেষ্টাও আমি করছি না। বিষয়টি আমার কাছে আসলে গুরুত্বপূর্ণ নয়।”
অভিনয়ের পাশাপাশি তিনি বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনেও কাজ করে বড় অঙ্কের আয় করেন। প্রতিটি বিজ্ঞাপনের জন্য তিনি প্রায় পাঁচ কোটি রুপি পারিশ্রমিক নেন। টাটা স্কাইয়ের ৫০ সেকেন্ডের একটি বিজ্ঞাপনে চার ভাষায় কাজ করে পাঁচ কোটি রুপি আয় করেছিলেন নয়নতারা।
অন্যদিকে, অভিনয়ের পাশাপাশি স্বামী পরিচালক ভিগনেশ শিবানের সঙ্গে বেশ কয়েকটি ব্যবসায় যুক্ত রয়েছেন নয়নতারা। এ তারকা দম্পতির ‘রাউডি পিকচার্স’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানটির মূল্য প্রায় ৫০ কোটি রুপি বলে দাবি করা হয়েছে। এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে ভিগনেশ জানিয়েছিলেন— ৪০০ কোটি রুপি আয় করতে পারলে তারা সিনেমা থেকে অবসর নেওয়ার কথা ভাবতে পারেন।
২০২৩ সালে সিঙ্গাপুরের উদ্যোক্তা ডেইজি মরগ্যানের সঙ্গে যৌথভাবে ত্বকের যত্নের প্রসাধনী ব্র্যান্ড ‘নাইনস্কিন’ চালু করেন অভিনেত্রী। তারও আগে ২০২১ সালে চর্মরোগ বিশেষজ্ঞ রেনিতা রাজনের সঙ্গে যৌথভাবে লিপ বাম ব্র্যান্ডের ব্যবসায় যুক্ত হন নয়নতারা।
২০০৩ সালে মাত্র ১৮ বছর বয়সে মালায়ালাম সিনেমা ‘মনসিনাক্কারে’ দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে নয়নতারার। ২০০৫ সালে রজনীকান্তের ‘চন্দ্রমুখী’ ও এআর মুরুগাদস পরিচালিত ‘গজিনি’ সিনেমার মাধ্যমে তামিল সিনেমায় পরিচিতি পান। ২০০৭ সালে ‘বিল্লা’ সিনেমায় ভিন্ন লুকে হাজির হয়ে তিনি নিজের চেনা ইমেজ ভেঙে দেন। তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড় ও হিন্দি— পাঁচ ভাষায় ৭৫টির বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
ব্যক্তিগত কারণে দুই বছরের বিরতির পর ২০১৩ সালে আবার ‘রাজা রানি’ সিনেমার মাধ্যমে অভিনয়ে ফিরেন। এরপর ‘মায়া’ (২০১৫), ‘আরাম’ (২০১৭) ও ‘কোলামাভু কোকিলা’ (২০১৮)-এর মতো সিনেমায় এককভাবে নেতৃত্ব দিয়ে বক্স অফিসে সাফল্য অর্জন করেন। এসব সিনেমা তাকে নারীপ্রধান চলচ্চিত্রের অন্যতম নির্ভরযোগ্য তারকায় পরিণত করে।
অভিনয়ের সাফল্যের সঙ্গে তার পারিশ্রমিকও বেড়েছে। শাহরুখ খানের বিপরীতে ‘জওয়ান’ সিনেমায় অভিষেকের সময় প্রায় ১০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন বলে খবর প্রকাশিত হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার তথ্যানুযায়ী, সম্প্রতি ‘টক্সিক’ সিনেমার জন্য ১৮ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেন তিনি। যদিও যশ অভিনীত সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি।
ভারতের বিভিন্ন শহরে তার একাধিক সম্পত্তিও রয়েছে। ২০২১ সালে চেন্নাইয়ে চার শয়নকক্ষের একটি ফ্ল্যাট কেনেন ভিগনেশের সঙ্গে। এছাড়া হায়দরাবাদের বানজারা হিলসে দুটি বাড়ি রয়েছে, যার মূল্য ৩০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। মুম্বাইয়ে বিলাসবহুল চার শয়নকক্ষের ফ্ল্যাট এবং কেরালায় পৈতৃক বাড়িও রয়েছে অভিনেত্রীর। তার ব্যক্তিগত বিমানের আনুমানিক মূল্য ৫০ কোটি রুপি। গাড়ির সংগ্রহে রয়েছে বিএমডব্লিউ ৫ সিরিজ, মার্সিডিজ জিএলএস ৩৫০ডি ও বিএমডব্লিউ ৭ সিরিজ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন