প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভোলা সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এবং করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) স্থাপনসহ চার দফা দাবি বাস্তবায়নের আশ্বাস পেয়ে আন্দোলনরত যুবকেরা আমরণ অনশন প্রত্যাহার করেছেন।
বুধবার রাতে জেলা প্রশাসক ডা. শামীম রহমান তাদের জুস পান করিয়ে অনশন ভাঙানোর ব্যবস্থা করেন এবং দাবি পূরণের আশ্বাস দেন।
গত মঙ্গলবার, চার দফা দাবিতে টানা ২৮ দিন আন্দোলন করার পর ভোলার কয়েকজন যুবক আমরণ অনশনে বসেন। অনশনের দ্বিতীয় দিনে দুজন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়লে জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক মো. বেলাল হোসেনের মাধ্যমে তাদের খোঁজখবর নেন। পরে জেলা প্রশাসক নিজেই অনশনস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।
জেলা প্রশাসক ডা. শামীম রহমান এ সময় জানান, দাবিগুলো বাস্তবায়নের জন্য সরকারের কাছে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করা হয়েছে এবং ইতিবাচক আশ্বাস পাওয়া গেছে। তিনি আশা প্রকাশ করেন যে অল্প সময়ের মধ্যেই আইসিইউ ও সিসিইউ স্থাপন করা সম্ভব হবে। এছাড়া, চিকিৎসক ও নার্স পদায়ন এবং হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথা জানান জেলা প্রশাসক।
জেলা প্রশাসকের আশ্বাসে আন্দোলনকারীরা অনশন ভাঙতে সম্মত হন। পরে জেলা প্রশাসক ডা. শামীম রহমান, সিভিল সার্জন ডা. মো. মুনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. বেলাল হোসেন এবং সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরাফাতুর রহমান অনশনকারীদের জুস পান করিয়ে অনশন প্রত্যাহার করান।
অনশন ভাঙার সময় আন্দোলনকারীদের মধ্যে নয়ন খান, রাকিব পালোয়ান, তানজীল শরীফ ও ইয়ামিন বলেন, জেলা প্রশাসক ও সিভিল সার্জনসহ সংশ্লিষ্টদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং দাবি বাস্তবায়নের আশ্বাসে তারা কর্মসূচি প্রত্যাহার করেছেন। তারা আশা প্রকাশ করেন যে ভোলার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিতে তাদের এই আন্দোলন ভূমিকা রাখবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন