প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ২০২৫ সালে ভয়াবহ দাবানলের সূত্রপাত ঘটানোর দায়ে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে আদালত। শুক্রবার দেশটির একটি জুরি বোর্ড এ রায় দেন। ওই দাবানলে প্যাসিফিক প্যালিসেডস এলাকায় ১২ জনের মৃত্যু হয়েছিল।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
দোষী সাব্যস্ত ব্যক্তির নাম জোনাথন রিন্ডারনেখট। তার বয়স ৩০ বছর। তিনি একসময় উবার চালক হিসেবে কাজ করতেন। এ ঘটনায় তার বিরুদ্ধে এটি ছিল দ্বিতীয়বারের মতো ফেডারেল আদালতে বিচার। প্রথম বিচারপ্রক্রিয়ায় জুরিরা সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় মামলাটি অমীমাংসিত অবস্থায় শেষ হয় এবং নতুন করে বিচারের নির্দেশ দেওয়া হয়।
আগামী বছর ১৭ মার্চ তার সাজা ঘোষণার দিন ধার্য করা হয়েছে। এ ঘটনায় তার সর্বোচ্চ ৪০ বছরের কারাদণ্ড হতে পারে।
চলতি বছরের প্রথম দফার বিচারেও জুরিদের মধ্যে ১০ জন তাকে খালাস দেওয়ার পক্ষে এবং দুজন দোষী সাব্যস্ত করার পক্ষে মত দিয়েছিলেন। তবে যুক্তরাষ্ট্রের আইনে জুরি বোর্ডের রায় সর্বসম্মত হওয়া বাধ্যতামূলক।
দ্বিতীয় দফার বিচার চলাকালে জুরিদের আগের বিচারপ্রক্রিয়া বা সে-সংক্রান্ত কোনো তথ্য বিবেচনায় না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
শুক্রবারের রায়ে দুটি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। এর একটি হলো আগুন লাগিয়ে সম্পত্তি ধ্বংস করা এবং অন্যটি আন্তঃরাজ্য বাণিজ্যে ব্যবহৃত সম্পত্তিতে অগ্নিসংযোগ করা। তবে রিন্ডারকনেখট উভয় অভিযোগেই নিজেকে নির্দোষ দাবি করেছিলেন।
প্রায় দুই দিন ধরে আলোচনার পর জুরিরা সিদ্ধান্তে পৌঁছান যে, রিন্ডারকনেখট একটি লাইটার ব্যবহার করে ধনী এলাকা হিসেবে পরিচিত প্যাসিফিক প্যালিসেডসের কাছাকাছি ঝোপঝাড়ে আগুন ধরিয়ে দিয়েছিলেন। এলাকাটি মালিবুর পাশেই অবস্থিত।
প্রথমে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন বলে মনে করেছিলেন। কিন্তু পরে দেখা যায়, মাটির নিচে আগুনের কিছু অঙ্গার জ্বলতে ছিল। প্রবল বাতাসে সেগুলো ছড়িয়ে পড়ে এবং নতুন করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তেই দাবানলটি অভিজাত আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে এবং হাজার হাজার বাড়িঘর পুড়িয়ে দেয়।
এটি ক্যালিফোর্নিয়ার ইতিহাসের অন্যতম ধ্বংসাত্মক দাবানলে পরিণত হয়।
রিন্ডারকনেখটের আইনজীবী স্টিভেন হ্যানি আদালতে যুক্তি দেন, তাঁর মক্কেল আগুনের সূত্রপাত ঘটিয়েছেন—এমন কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই। নববর্ষ উদ্যাপনের আতশবাজি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলেও তিনি দাবি করেন।
আইনজীবীর দাবি, রিন্ডারকনেখটের ফোনের কল রেকর্ডে ৯১১ নম্বরে (জরুরি সেবা) ফোন করার তথ্য রয়েছে, যা প্রমাণ করে তিনি পরিস্থিতি মোকাবিলায় সহায়তা করার চেষ্টা করেছিলেন।
অন্যদিকে, রাষ্ট্রপক্ষ জানায়, মোবাইল ফোনের তথ্যসহ বিভিন্ন প্রমাণে ঘটনার সময় ঘটনাস্থলে তার উপস্থিতি নিশ্চিত হয়েছে।
এ ছাড়া নজরদারি ক্যামেরার ভিডিও এবং আগুন কীভাবে ছড়িয়ে পড়েছিল, সে বিষয়ে বৈজ্ঞানিক বিশ্লেষণও তার বিরুদ্ধে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়।
রাষ্ট্রপক্ষ আরও জানায়, রিন্ডারকনেখট চ্যাটজিপিটিকে প্রশ্ন করেছিলেন, সিগারেটের মাধ্যমে আগুন লাগালে কেউ আইনগতভাবে দায়ী হতে পারেন কি না।
জুরি বোর্ডের সদস্যদের একজন ক্যামেরন আদালতের বাইরে সাংবাদিকদের বলেন, শুরুতে তিনি রিন্ডারকনেখটকে নির্দোষ মনে করেছিলেন। তবে ফেডারেল তদন্তকারীদের কাছে দেওয়া তার সাক্ষাৎকারের তথ্যগুলো তাকে অপরাধের সঙ্গে জড়িত থাকার বিষয়ে সন্দিহান করে তোলে।
ক্যামেরন বলেন, ‘সেদিন আকাশ পরিষ্কার ছিল, বাতাসও শান্ত ছিল। ওই দিন বা রাতে পাহাড়ে আর কেউ ছিল না। কিন্তু আসামি সেখানে ধূমপান করছিলেন এবং তাঁর কাছে একটি লাইটারও ছিল।’
তিনি আরও বলেন, ‘সবকিছু শেষ পর্যন্ত একটি সিদ্ধান্তের দিকেই ইঙ্গিত করছিল।’
‘কোনো রায়ই স্বজন হারানোর বেদনা মুছে দিতে পারবে না’
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্টের অ্যাটর্নি অফিসের প্রধান বিল এসাইলি এ রায়কে স্বাগত জানিয়েছেন।
তিনি বলেন, ‘যেসব পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে এবং হাজার হাজার মানুষ যাদের জীবন ওলটপালট হয়ে গেছে, তাদের জন্য এই রায় কিছুটা হলেও ন্যায়বিচার নিশ্চিত করবে।’
২০২৫ সালে লস অ্যাঞ্জেলেসে দাবানলের পেছনে প্রবল বাতাস বড় ভূমিকা রেখেছিল। ওই দাবানলে সব মিলিয়ে ৩১ জনের মৃত্যু হয়।
প্যাসিফিক প্যালিসেডস এলাকায় ভয়াবহ ক্ষয়ক্ষতির পাশাপাশি লস অ্যাঞ্জেলেসের উত্তর-পূর্বাঞ্চলের আলতাডেনা এলাকায় আরেকটি দাবানল ছড়িয়ে পড়ে। এতে ওই এলাকার বেশ কিছু অংশ পুড়ে ছাই হয়ে যায়।
তদন্তে জানা যায়, স্থানীয় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান সাউদার্ন ক্যালিফোর্নিয়া এডিসনের একটি নিষ্ক্রিয় বিদ্যুৎ সঞ্চালন টাওয়ার থেকে সৃষ্ট স্ফুলিঙ্গ শুকনো গাছপালায় আগুন ধরিয়ে দেয়।
ভয়াবহ ওই দুর্যোগের দুই বছর পরও শহরটি পুনর্গঠনের কাজ চালিয়ে যাচ্ছে।
লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস এক বিবৃতিতে বলেন, ‘কোনো আদালতের রায়ই প্রাণ হারানো মানুষদের ফিরিয়ে আনতে পারবে না কিংবা তাদের পরিবারগুলোর দীর্ঘদিনের বেদনা মুছে দিতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘অনেক মানুষ এখনো নিজেদের ঘরবাড়ি ও জীবন নতুন করে গড়ে তোলার সংগ্রাম করছেন। যারা এখনো বাস্তুচ্যুত, তাদের কাছে এই ধ্বংসযজ্ঞ প্রতিদিনের বাস্তবতা হয়ে আছে।’
সম্প্রতি পুনর্নির্বাচনে হেরে যাওয়া মেয়র কারেন বাস দাবানল মোকাবিলায় তার ভূমিকার জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন