প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মিশরে একটি জ্বালানিবাহী লরি উলটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ২১ জন আহত হয়েছেন। আরও জানা গেছে, ব্যক্তিগত গাড়ি, মিনিবাস ও ট্যাক্সিসহ অন্তত ২০টি যানবাহনে আগুন লেগেছে।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানী কায়রোর নিকটবর্তী গিজা প্রদেশের আল-ওয়াররাক এলাকায় রিং রোডে এই দুর্ঘটনা ঘটে। সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পেট্রোলিয়ামজাত পণ্যবাহী লরিটির আগুন দ্রুত আশপাশের গাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। ফলে ঘটনাস্থলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
মিশরীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইমবাবা এলাকার ওয়াররাক মহল্লায় টেনথ টানেলের ওপরের অংশে আগুন লাগার খবর পেয়ে গিজা প্রদেশের জরুরি নিয়ন্ত্রণকক্ষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তারা দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এবং আশপাশের অন্যান্য যানবাহনে তা ছড়িয়ে পড়া প্রতিরোধ করেন।
দুর্ঘটনার পর মিশরের স্বাস্থ্য ও জনসংখ্যামন্ত্রী খালেদ আবদেল গাফফার ঘটনাস্থলের নিকটবর্তী হাসপাতালগুলোকে জরুরি চিকিৎসাসেবার প্রস্তুতি বাড়ানোর নির্দেশ দেন। আহতদের হাসপাতালে নেওয়ার কাজে কয়েক ডজন অ্যাম্বুলেন্স অংশ নেয়। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় অব্যাহত রেখেছে।
এদিকে, ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে রিং রোডের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও যানজট কমাতে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে দুর্ঘটনাকবলিত সড়ক বন্ধ করে বিকল্প পথে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়।
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে জরুরি তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন।
মর্মান্তিক এই দুর্ঘটনায় হতাহতের পাশাপাশি বিপুলসংখ্যক যানবাহন ক্ষতিগ্রস্ত হওয়ায় কায়রোর গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার কারণ ও সার্বিক ক্ষয়ক্ষতি নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন