প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যদি কোনো শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে, তাহলে ক্ষতির মাত্রা শুধুমাত্র একটি অফিসের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এর প্রভাব বিস্তার করে ওই শাখার সঙ্গে যুক্ত হাজার হাজার সদস্যের জীবন ও জীবিকার ওপর। তাঁদের সঞ্চয়, ঋণ, ব্যবসা এবং কৃষিকাজের সুযোগ সংকুচিত হয়ে যায়। ক্ষুদ্রঋণ নিয়ে দোকান, হাঁস-মুরগি পালন, সেলাই অথবা কৃষিকাজ শুরু করা মানুষগুলোর সামনে এগিয়ে যাওয়ার পথও বাধাগ্রস্ত হয়।
গ্রামীণ ব্যাংক ১৯৭৬ সালে চট্টগ্রামের জোবরা গ্রামে একটি ছোট উদ্যোগের মাধ্যমে যাত্রা শুরু করে। আজ সেই উদ্যোগ নোবেল বিজয়ী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। জামানতবিহীন ক্ষুদ্রঋণ, ক্ষুদ্র সঞ্চয় এবং আয়বর্ধক কর্মকাণ্ডে অর্থায়নের মাধ্যমে প্রতিষ্ঠানটি নারী উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক এবং গ্রামীণ জনগণের জন্য নিজেদের সামর্থ্য কাজে লাগানোর সুযোগ তৈরি করেছে। এই সুযোগ গ্রহণ করে তাঁরা পরিবারের প্রয়োজন মেটানোর পাশাপাশি সন্তানদের শিক্ষা ও পুষ্টিতে অবদান রাখছেন।
২০২৬ সালের অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, সারাদেশের ৮১ হাজার ৬৭৮টি গ্রামে ২ হাজার ৫২৮টি শাখার মাধ্যমে গ্রামীণ ব্যাংকের সঙ্গে যুক্ত রয়েছেন ১ কোটি ৬ লাখের বেশি সদস্য। প্রত্যেক সদস্যের সঙ্গে জড়িয়ে রয়েছে একটি পরিবার, একটি স্বপ্ন এবং সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা। ফলে কোনো শাখা ক্ষতিগ্রস্ত হলে কিংবা ব্যাংকিং কার্যক্রম ব্যাহত হলে তার প্রভাব পড়ে অসংখ্য পরিবারের জীবনে।
গ্রামীণ ব্যাংক কোনো ব্যক্তি, পরিবার বা বিশেষ গোষ্ঠীর মালিকানাধীন প্রতিষ্ঠান নয়। ১৯৮৩ সালে অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত এই ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা সদস্যদের এবং বাকি ১০ শতাংশ সরকারের। অর্থাৎ সদস্যরা শুধু ঋণগ্রহীতাই নন, তাঁরা ব্যাংকটির প্রধান মালিক ও অংশীজন। তাই এই প্রতিষ্ঠানে নাশকতার অর্থ হলো সদস্যদের নিজেদের সম্পদ ও ভবিষ্যতের ওপর আঘাত করা।
এটি উল্লেখযোগ্য যে, গ্রামীণ ব্যাংক কখনো কোনো স্থাপনা নষ্টের সঙ্গে সম্পৃক্ত ছিল না। বরং প্রতিষ্ঠানটির কার্যক্রমের মূল লক্ষ্য হচ্ছে অর্থনীতিকে গতিশীল করা।
অত্যন্ত উদ্বেগের বিষয় হলো, ১০ থেকে ১৯ নভেম্বর ২০২৬-এর মধ্যে দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের মোট ৭২টি শাখায় অগ্নিসংযোগ অথবা অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে। এসব ঘটনায় কয়েকটি শাখার আসবাবপত্র, কম্পিউটার, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং সিসিটিভি সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও শাখা কার্যালয়ের প্রায় সবকিছু পুড়ে গেছে।
দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গ্রামীণ ব্যাংক ধর্ম, বর্ণ, গোত্র এবং রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে থেকে কাজ করে আসছে। দরিদ্র নারীদের হাতে পুঁজি তুলে দেওয়া এবং জামানতবিহীন ঋণের মাধ্যমে তাঁদের দারিদ্র্য থেকে মুক্তির পথে এগিয়ে নেওয়াই প্রতিষ্ঠানটির লক্ষ্য ছিল, এখনো রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
এ অবস্থায় প্রশ্ন উঠেছে, কেন এই প্রতিষ্ঠান নাশকতার শিকার হবে? যে প্রতিষ্ঠান গ্রামের দরিদ্র মানুষের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে কাজ করছে, সেই প্রতিষ্ঠানের শাখায় অগ্নিসংযোগের ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ সদস্য ও তাঁদের পরিবার।
দেশের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান, গ্রামীণ ব্যাংককে সুরক্ষা দিতে নিজ নিজ এলাকা থেকে এগিয়ে আসুন। ব্যাংকটির পাশে দাঁড়ানো মানে গ্রামের একজন নারীর নিজের পায়ে দাঁড়ানোর ভরসা ও স্বাবলম্বী হওয়ার স্বপ্নকে টিকিয়ে রাখা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন