প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করতে গেলে প্রায়ই ব্যবহারকারীদের সামনে ‘আই অ্যাম নট অ্যা রোবট’ লেখা একটি বার্তা দেখা যায়, যেখানে একটি বক্সে টিক দিতে বলা হয়। কখনো কখনো, ব্যবহারকারীদের নির্দিষ্ট ছবি দেখে বস্তু চিহ্নিত করতে হয়। এই ব্যবস্থা পরিচিত ক্যাপচা হিসেবে। এটি মূলত ওয়েবসাইটে মানুষের এবং স্বয়ংক্রিয় বটের মধ্যে পার্থক্য নির্ধারণে ব্যবহৃত হয়। তবে বর্তমানে সাইবার অপরাধীরা এই নিরাপত্তা ব্যবস্থার আদলে ভুয়া পেজ তৈরি করছে, যার ফলে সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীরা ফাঁদে পড়ছেন।
ক্যাপচার শব্দের পূর্ণরূপ হলো ‘কমপ্লিটিটলি অটোমেটেড পাবলিক টার্নিং টেস্ট টু টেল কম্পিউটারস অ্যান্ড হিউম্যানস অ্যাপার্ট’। সহজভাবে বলতে গেলে, এটি নিশ্চিত করার উদ্দেশ্যে ব্যবহৃত হয় যে, ওয়েবসাইটে প্রবেশকারী ব্যক্তি একজন মানুষ, নাকি একটি স্বয়ংক্রিয় কম্পিউটার প্রোগ্রাম। স্প্যাম, ভুয়া অ্যাকাউন্ট তৈরি এবং বটের মাধ্যমে অননুমোদিত কার্যকলাপ ঠেকাতে বিভিন্ন ওয়েবসাইটে এই পদ্ধতি ব্যবহার করা হয়। সাধারণত, নির্দিষ্ট বক্সে টিক দেওয়া, ছবি চেনা অথবা সহজ কোনো ধাঁধার সমাধান করেই এই যাচাই সম্পন্ন হয়।
তবে সাইবার অপরাধীরা ক্যাপচা ব্যবস্থার আড়ালে প্রতারণা চালিয়ে যাচ্ছে। এই প্রতারণার কৌশলটি ‘ক্লিকফিক্স’ নামে পরিচিত। এতে অপরাধীরা আসল ক্যাপচার মতো দেখতে ভুয়া ওয়েবপেজ তৈরি করে। যখন ব্যবহারকারী সেখানে প্রবেশ করে, তখন তাকে বলা হয়, যাচাই সম্পন্ন করার জন্য কিছু অতিরিক্ত ধাপ অনুসরণ করতে হবে।
কখনো কখনো পেজে এমন নির্দেশনা দেওয়া হয়, যাতে ব্যবহারকারীকে কম্পিউটারের ক্লিপবোর্ডে থাকা একটি কম্যান্ড কপি করে উইন্ডোজের রান বক্স বা টার্মিনালে পেস্ট করতে বলা হয়। অনেক সময় Windows+R চেপে Run খুলতে এবং সেখানে নির্দিষ্ট কম্যান্ড চালাতে বলা হয়। ম্যাক কম্পিউটারের ক্ষেত্রে টার্মিনাল ব্যবহারের নির্দেশও দেওয়া হতে পারে।
সমস্যা হলো, ব্যবহারকারী বুঝতে না পেরেই এমন কম্যান্ড চালিয়ে ফেলতে পারেন, যা কম্পিউটারে ক্ষতিকর সফটওয়্যার ডাউনলোড বা চালু করে দেয়। এর মাধ্যমে সাইবার অপরাধীরা পাসওয়ার্ড, ব্রাউজারে সংরক্ষিত তথ্য এবং ব্যক্তিগত ডেটা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। অর্থাৎ, এখানে শুধু ক্যাপচাতে ক্লিক করলেই বিপদ হয় না; বিপদ তৈরি হয় ভুয়া নির্দেশ মেনে কম্পিউটারে অজানা কম্যান্ড চালালে।
সাধারণ ক্যাপচাতে ছবি চেনা, বক্সে টিক দেওয়া কিংবা নির্দিষ্ট অক্ষর-সংখ্যা লিখতে বলা হতে পারে। কিন্তু যাচাইয়ের নামে যদি কোনো ওয়েবসাইট Windows+R চাপতে, Run বা Terminal খুলতে কিংবা অজানা কম্যান্ড কপি-পেস্ট করতে বলে, তবে সতর্ক থাকা উচিত। এ ধরনের নির্দেশ ক্লিকফিক্স প্রতারণার লক্ষণ হতে পারে।
মনে রাখবেন, আসল ক্যাপচা যাচাইয়ের জন্য সাধারণত কম্পিউটারের কম্যান্ড চালানোর প্রয়োজন হয় না।
কীভাবে এই প্রতারণা থেকে নিরাপদ থাকবেন?
১. কোনো ওয়েবসাইট ক্যাপচা যাচাইয়ের নামে Run বা Terminal খুলতে বললে নির্দেশ অনুসরণ করবেন না।
২. অচেনা ওয়েবসাইট থেকে আসা কম্যান্ড কপি-পেস্ট করে চালাবেন না। ক্লিপবোর্ডে কী রয়েছে, না জেনে কোনো কম্যান্ড চালানো ঝুঁকিপূর্ণ।
৩. সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন। ওয়েবসাইটের ঠিকানা ভালো করে দেখে নিন।
৪. কম্পিউটারের অপারেটিং সিস্টেম, ব্রাউজার ও অ্যান্টিভাইরাস সফটওয়্যার নিয়মিত আপডেট রাখুন।
৫. গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার করুন। পাশাপাশি মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখুন।
এখন মূল প্রশ্ন হলো, ভুল করে কম্যান্ড চালিয়ে ফেললে কী করবেন?
ভুয়া ক্যাপচার নির্দেশ মেনে কোনো অজানা কম্যান্ড চালিয়ে ফেললে দ্রুত সতর্ক হওয়া জরুরি। সন্দেহজনক কার্যকলাপের আশঙ্কা থাকলে ডিভাইসটির ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করুন এবং নির্ভরযোগ্য নিরাপত্তা সফটওয়্যার দিয়ে পরীক্ষা করান। প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নিন। অন্য কোনো নিরাপদ ডিভাইস থেকে গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলে নিন এবং অস্বাভাবিক লগইন বা কার্যকলাপ হয়েছে কি না, পরীক্ষা করুন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন