প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দীর্ঘদিনের সাংগঠনিক জটিলতা ও বিভিন্ন বিতর্কের অবসান ঘটিয়ে বামনা প্রেসক্লাব পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, পারস্পরিক ঐক্য প্রতিষ্ঠা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৭-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের বিষয়ে আলোচনা শেষে আগামী সাত কর্মদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় বামনা প্রেসক্লাব মিলনায়তনে সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের অর্থবিষয়ক সম্পাদক ও দৈনিক ইনকিলাবের বরগুনা জেলা সংবাদদাতা জাহাঙ্গীর কবীর মৃধা, বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইদুর রহমান মন্টু, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. আ. হালিম, বামনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন খানসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও প্রেসক্লাবের সদস্যরা।
বক্তব্য রাখেন বামনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মোল্লা, বেগম ফাইজুন্নেসা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান, মো. নাসির উদ্দিন মোল্লা, শহিদুল ইসলাম আকন, মো. বাছির মোল্লা, ফেরদৌসী আক্তার রিনা, মাসুদ রেজা ফয়সল, ইকবাল কুরাইশি বাবু, মো. কামরুজ্জামান, ফোরকান মাহমুদ, মো. মিরাজ হোসাইন চৌধুরী, রিয়াদুল ইসলাম রিয়াদ, সিদ্দিকুর রহমান মান্না, নাসির উদ্দিন জমাদ্দার, সজীব হোসেন মুন্না ও আসাদুল ইসলাম আসাদসহ অন্যান্য উপস্থিত সাংবাদিকরা।
সভায় বক্তারা মন্তব্য করেন, সাংবাদিকতা শুধুমাত্র একটি পেশা নয়, বরং এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন, অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে জনমত তৈরি, মানুষের অধিকার ও পেশাগত মর্যাদা রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা অপরিহার্য। এ ক্ষেত্রে একটি শক্তিশালী, কার্যকর ও গ্রহণযোগ্য প্রেসক্লাবের প্রয়োজনীয়তা অপরিসীম।
বক্তারা আরও উল্লেখ করেন, অতীতের বিভিন্ন বিতর্ক, মতবিরোধ ও সাংগঠনিক জটিলতার কারণে বামনা প্রেসক্লাবের স্বাভাবিক কার্যক্রম বিভিন্ন সময়ে বাধাগ্রস্ত হয়েছে। বিশেষ করে ৫ আগস্ট-পরবর্তী সময়ে একাধিক কমিটি গঠনের ঘটনায় সাংগঠনিক স্থবিরতা সৃষ্টি হয়েছে। এর ফলে প্রেসক্লাবের ঐতিহ্য, পেশাগত পরিবেশ ও সাংগঠনিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য ব্যক্তিগত বলয়, বিভাজন ও মতবিরোধের ঊর্ধ্বে উঠে পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে একটি গ্রহণযোগ্য কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সভায় জানানো হয়, বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ (বামনা-পাথরঘাটা-বেতাগী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম মনি এবং বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব রুহুল আমিন শরীফের উদ্যোগে বামনা প্রেসক্লাব পুনর্গঠনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। প্রেসক্লাবকে একটি সুসংগঠিত, পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, বামনা প্রেসক্লাবের সদস্য হতে আগ্রহী মূলধারার গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের আগামী সাত কর্মদিবসের মধ্যে নির্ধারিত আবেদন ফরমের সঙ্গে নিজ নিজ গণমাধ্যম প্রতিষ্ঠানের পরিচয়পত্র অথবা নিয়োগপত্র, প্রকাশিত সংবাদের কপি এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র জমা দিতে হবে।
সংশ্লিষ্টরা জানান, আবেদন ও দাখিল করা কাগজপত্র যথাযথভাবে যাচাই-বাছাই করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট সাংবাদিকদের মতামত ও পেশাগত যোগ্যতা বিবেচনায় নিয়ে একটি গ্রহণযোগ্য ও পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে। এ প্রক্রিয়া সম্পন্ন করে আগামী সাত কর্মদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপস্থিত সাংবাদিকরা আশা প্রকাশ করেন, এই পুনর্গঠন উদ্যোগের মাধ্যমে বামনা প্রেসক্লাবের দীর্ঘদিনের সাংগঠনিক জটিলতার অবসান ঘটবে। ফিরে আসবে পারস্পরিক আস্থা, পেশাগত শৃঙ্খলা ও ঐক্যের পরিবেশ। একই সঙ্গে বামনায় সাংবাদিকতার মানোন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশ এবং অন্যায়-অনিয়মের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনে প্রেসক্লাবটি আবারও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন