প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সরকার দেশজুড়ে অভিন্ন টোল কালেকশন ব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণ করেছে। এই ব্যবস্থার মাধ্যমে একটি অ্যাপ, সফটওয়্যার অথবা অ্যাকাউন্ট ব্যবহার করে দেশের বিভিন্ন সেতু, ফ্লাইওভার এবং টোল প্লাজায় টোল পরিশোধ করা সম্ভব হবে। সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ আশা প্রকাশ করেছেন যে, আগামী পবিত্র ঈদুল ফিতরের আগেই এই সেবা চালু করা সম্ভব হবে।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সভাকক্ষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত এক কর্মশালায় তিনি এসব তথ্য জানান। এই কর্মশালার আয়োজন করা হয় যোগাযোগ বিটের পেশাদার সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোড’ (আরআরআর)-এর সদস্যদের তিন মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে অবহিত করার জন্য।
মোহাম্মদ আবদুর রউফ বলেন, ইউনিফায়েড ন্যাশনাল ইটিসি (ইউওএনএফ) ফ্রেমওয়ার্কের আওতায় সারা দেশে একই টোল সিস্টেমের মতো প্রত্যেকটি টোল সিস্টেমে যেন একই অ্যাপ, সফটওয়্যার অথবা একটি অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করা যায়, সে লক্ষ্যে কাজ চলছে।
তিনি উল্লেখ করেন, রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভার, চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরাম ফ্লাইওভার, পদ্মা, যমুনা, কর্ণফুলী ও মুক্তারপুর সেতুর টোল প্লাজাগুলো এপিআইয়ের মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত করা হবে। এপিআই এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে দুটি ভিন্ন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের মধ্যে তথ্য আদান-প্রদান ও যোগাযোগ করা সম্ভব।
সেতু বিভাগের সচিব জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কেন্দ্রীয়ভাবে সফটওয়্যার ও অ্যাপ তৈরি করছে। পরে দরপত্রের মাধ্যমে দুটি পেমেন্ট সার্ভিস অপারেটর (পিএসও) নিয়োগ দেওয়া হবে। ডিসেম্বর নাগাদ সফটওয়্যার পাওয়া গেলে আগামী রোজার ঈদের আগেই এ সেবা চালু করা সম্ভব হবে বলে আশা করছেন তারা।
নতুন ব্যবস্থায় টোলের অর্থ স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট সংস্থার হিসাবে জমা হবে। তিনি বলেন, এপিআই যুক্ত থাকলে যে যানবাহন যেখানে যাবে, সে বিভাগ সে টাকা পাবে। যেমন—সেতুর টাকা সেতুর অ্যাকাউন্টে, সড়কের টাকা সড়কের অ্যাকাউন্টে স্বচ্ছতা ও রিয়েল-টাইম ডেটাসহ জমা হবে।
তবে এ ব্যবস্থা কার্যকর করার জন্য সব টোল প্লাজায় একই স্পেসিফিকেশনের রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) রিডার, অটোমেটিক নম্বর প্লেট রিকগনিশন ক্যামেরাসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করতে হবে। এ জন্য টেকনিক্যাল কমিটি অভিন্ন স্পেসিফিকেশন নির্ধারণ করেছে বলেও তিনি জানান।
বর্তমানে সড়কপথে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল দিতে বিভিন্ন সংস্থার আলাদা নিবন্ধনের বাধ্যবাধকতা বিদ্যমান। তবে নতুন ব্যবস্থায় এ ধরনের ভোগান্তি থাকবে না বলে জানিয়েছেন সেতু বিভাগের সচিব।
তিনি জানান, গাড়ির মালিকরা ঘরে বসেই মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের মূল তথ্য সংগ্রহ করা হবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সার্ভার থেকে। পাশাপাশি আরএফআইডি ট্যাগ ও রিড ক্যাপাসিটিসংক্রান্ত সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
যেসব টোল প্লাজা এ ব্যবস্থার আওতায় আসবে, সেখানে যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারবে। বিকাশ, নগদসহ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), ব্যাংক কিংবা ভিসা কার্ডের মতো বাংলাদেশ ব্যাংক স্বীকৃত বিভিন্ন পেমেন্ট মাধ্যম যুক্ত করে একটি ওয়ালেটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করা যাবে।
এতে যানবাহন ঘণ্টায় ৪০ থেকে ৮০ কিলোমিটার গতিতে চললেও টোল দেওয়ার জন্য থামতে হবে না। গাড়ি টোল প্লাজা অতিক্রম করার সময় স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট ওয়ালেট থেকে নির্ধারিত টাকা কেটে নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন