প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাতক্ষীরা, ১৯ নভেম্বর, ২০২৬ : মানবপাচারের শিকার ব্যক্তিদের অর্থনৈতিক পুনর্বাসন এবং উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠার উদ্দেশ্যে সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’ উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ।
বিসিক-সাতক্ষীরার সহযোগিতায় এবং সুইজারল্যান্ড দূতাবাসের সহায়তায় উইনরক ইন্টারন্যাশনালের ‘আশ্বাস’ প্রকল্পের তত্ত্বাবধানে আজ ১৯ ও আগামীকাল ২০ নভেম্বর এই মেলা চলবে।
উইনরক ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ দীপ্তা রক্ষিতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর চৌধুরী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীব দাস, বিসিকের উপ-ব্যবস্থাপক গৌরব দাস, উদ্যোক্তা রেহেনা পারভীন প্রমুখ।
এ সময় বিভিন্ন উদ্যোক্তা এবং সরকারি-বেসরকারি অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উইনরক ইন্টারন্যাশনালের প্রোগ্রাম অফিসার (বিজনেস ডেভেলপমেন্ট) সাদিয়া ইসলাম।
আয়োজকরা জানিয়েছেন, প্রশিক্ষণ ও পুঁজি সহায়তা পেয়ে মানবপাচারের শিকার অনেকেই হস্তশিল্প, সেলাই, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষি ও প্রাণিসম্পদ খাতে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে উঠেছেন।
মেলায় খুলনা ও সাতক্ষীরা জেলার মানবপাচারের শিকার নারী ও পুরুষ উদ্যোক্তাদের পাশাপাশি মহিলা বিষয়ক অধিদপ্তর, বিসিক এবং বেসরকারি খাতের উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য ১৯টি স্টলে প্রদর্শনের আয়োজন করেছেন।
উদ্বোধনের পর ব্যবসায়িক যোগাযোগ, বাজার সংযোগ এবং উদ্যোক্তাদের অভিজ্ঞতা ও সফলতার গল্প নিয়ে দুটি মতবিনিময় ও শিখন সেশন অনুষ্ঠিত হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন