প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউডের জনপ্রিয় সিনেমা ‘কাভি খুশি কাভি গাম’-এর ২৫ বছর পূর্তি এ বছর উদযাপন করা হচ্ছে। ২০০১ সালের ১৪ ডিসেম্বর মুক্তি পাওয়া করণ জোহর পরিচালিত এই সিনেমাটি এখনও দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বিশেষ এই বছরটিকে স্মরণীয় করে তোলার জন্য সিনেমাটির আইকনিক রাইচাঁদ হাউসকে বাস্তবের আবাসনে রূপান্তর করছে ভ্রমণ ও আবাসনসেবা প্রতিষ্ঠান এয়ারবিএনবি। সেখানে অতিথিদের থাকার সুযোগও থাকবে।
তবে ভক্তদের জন্য সবচেয়ে বড় চমক হলো সিনেমাটির দুই জনপ্রিয় চরিত্র ‘পু’ ও ‘রোহান’-এর পুনর্মিলন। দীর্ঘ ২৩ বছর পর একসঙ্গে দেখা গেল কারিনা কাপুর খান ও হৃত্বিক রোশনকে। ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হুঁ’ সিনেমার পর এই জুটিকে আর একসঙ্গে দেখা যায়নি।
এয়ারবিএনবির সঙ্গে সিনেমাটির বিশেষ আয়োজনের ঘোষণা দিতে একটি ভিডিওতে হাজির হন কারিনা ও হৃত্বিক। সেখানে তারা পুরনো দিনের স্মৃতি ফিরিয়ে আনেন। কারিনাকে আবারও ‘পু’ চরিত্রের পরিচিত সংলাপ ‘হাউ ডেয়ার ইউ?’ ও ‘হু আর দে?’ বলতে শোনা যায়। অন্যদিকে, হৃত্বিকও নিজের চেনা রসিকতায় মেতে ওঠেন। নিজের নম্বর জানতে চাইলে তিনি বলেন, ‘১০’। পরে জানান, নম্বরটি তিনি নিজেকেই দিয়েছেন।
ভিডিওতে রাইচাঁদ হাউসের পরিচিত সিঁড়ি, পুয়ের পোশাকের সংগ্রহ ও স্টাডি রুমও প্রদর্শিত হয়েছে। একপর্যায়ে করণ জোহরও তাদের সঙ্গে যোগ দেন। তিনজনকে একসঙ্গে দেখে ভক্তরা নস্টালজিয়ায় ভেসে যান।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকে। অনেকেই তাদের ‘আইকনিক’ বলে মন্তব্য করেছেন। বলিউডের কয়েকজন তারকাও প্রতিক্রিয়া জানিয়েছেন। অভিনেত্রী অঞ্জলি আনন্দ লিখেছেন, ‘আইকনিক’। মাহিপ কাপুর মন্তব্য করেছেন, ‘ফ্যাব’। এ ছাড়া সাবা পাতৌদি ও তাহিরা কাশ্যপও তাদের প্রতি ভালোবাসা জানিয়েছেন।
২০০১ সালে মুক্তি পাওয়া ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমায় অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল, হৃত্বিক রোশন ও কারিনা কাপুর অভিনয় করেছেন। ধনী রাইচাঁদ পরিবারের গল্প নিয়ে নির্মিত সিনেমাটিতে দত্তক ছেলে রাহুলের সঙ্গে পরিবারের দ্বন্দ্ব এবং ভিন্ন সামাজিক অবস্থানের এক তরুণীর সঙ্গে তার প্রেমের বিষয়টি তুলে ধরা হয়েছে। সিনেমাটির সংগীত পরিচালনা করেন যতীন-ললিত, সন্দেশ শান্ডিল্য ও আদেশ শ্রীবাস্তব। প্রযোজনা করে ধার্মা প্রোডাকশনস।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন