প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পটুয়াখালীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় দায়ের করা একটি মামলায় আপসের কারণে আদালত বাদীকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। একই সঙ্গে মামলার আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিন এ আদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত বাদী মোহাম্মদ আলী হাওলাদার (৩২) গলাচিপা উপজেলার পশ্চিম পক্ষিয়া এলাকার বাসিন্দা। অপরদিকে, মামলার আসামি মো. আজিজুল হাওলাদার (২৪) একই এলাকার বাসিন্দা।
মামলার বিবরণ ও সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, মোহাম্মদ আলী হাওলাদার তার ১৪ বছর বয়সী ভাতিজিকে যৌন নিপীড়নের অভিযোগে আজিজুল হাওলাদারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। তবে পরে স্থানীয়ভাবে দুপক্ষের মধ্যে আপস-মীমাংসা হয়। এরপর বাদী ও আসামি আদালতে উপস্থিত হয়ে আপসের ভিত্তিতে মামলা প্রত্যাহারের আবেদন করেন। কিন্তু আপস অযোগ্য ধারার মামলায় আদালতকে যথাযথভাবে অবহিত না করে আপসের আবেদন করায় ট্রাইব্যুনাল বাদীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। আদালত তাকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন এবং আসামিকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন আদালতের (পিপি) অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান বলেন, "ভিকটিমকে উপস্থিত না করে আজকে বিজ্ঞ ট্রাইব্যুনাল বাদীকে আপস অযোগ্য ধারায় আপস করার কারণে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে আসামিকেও হাজতে পাঠিয়েছেন।"
তিনি আরও বলেন, "অনেক সময় স্থানীয়ভাবে প্রভাবশালী ও অতি উৎসাহী কিছু ব্যক্তি বড় অঙ্কের টাকা লেনদেনের মাধ্যমে ভুক্তভোগী ও বাদীকে স্থানীয় চাপ ও বলপ্রয়োগের মাধ্যমে আপসে বাধ্য করেন। আপস অযোগ্য ধারার মামলায় এ ধরনের আপস দণ্ডনীয় অপরাধ। আজকের আদালতের এ আদেশের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় একটি স্পষ্ট বার্তা যাবে যে, আইনে আপসের সুযোগ নেই এমন মামলায় আপস করার সুযোগ নেই।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন