প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গুগল ইন্দোনেশিয়া সরকারের সমর্থনে থাকা ১৯ হাজারের বেশি ইউটিউব চ্যানেল সরিয়ে ফেলেছে। এই ঘটনার প্রেক্ষিতে, দেশটির ডিজিটাল মন্ত্রণালয় চ্যানেলগুলো বন্ধ করার কারণ ও ব্যবহৃত পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে। মন্ত্রণালয়ের মতে, এ ধরনের পদক্ষেপ ভুলভাবে ব্যাখ্যা হওয়ার ঝুঁকি রয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ৩০ অক্টোবর প্রকাশিত গুগলের ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের ‘ইনফ্লুয়েন্স অপারেশনস বুলেটিনে’ চ্যানেল সরানোর তথ্য প্রকাশিত হয়েছে। এতে জানানো হয়েছে, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ইন্দোনেশিয়া সরকারের সমর্থনে থাকা ১৯ হাজারের বেশি ইউটিউব চ্যানেল বন্ধ করা হয়েছে। তালিকায় ইন্দোনেশিয়া শীর্ষে রয়েছে, এরপর রয়েছে চীন ও রাশিয়া।
গুগল প্রতি তিন মাস পরপর এ ধরনের প্রতিবেদন প্রকাশ করে। এসব প্রতিবেদনে বিভিন্ন দেশের সঙ্গে সংশ্লিষ্ট সমন্বিত প্রভাব বিস্তারের কার্যক্রমে যুক্ত অ্যাকাউন্ট বন্ধের তথ্য তুলে ধরা হয়।
চ্যানেলগুলো সরানোর কারণ জানার জন্য গুগলের ইন্দোনেশিয়া প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে ডিজিটাল মন্ত্রণালয়। বৈঠকের পর, মন্ত্রণালয় গুগলের কাছে চ্যানেল শনাক্ত ও বন্ধ করার পদ্ধতি, পর্যালোচনা প্রক্রিয়া, তথ্যের নির্ভুলতা পরিমাপের কৌশল এবং শনাক্তকরণে ভুলের হার সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছে।
মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা মেডিওদেচ্চি লুস্তারিনি বলেছেন, যেসব অ্যাকাউন্ট শেষ পর্যন্ত বন্ধ করা হয়েছে, সেগুলো শনাক্ত ও ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত মানদণ্ড এবং পদ্ধতি ব্যাখ্যা করে লিখিত প্রতিবেদন দিতে গুগলকে অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে উদাহরণও চাওয়া হয়েছে।
কনটেন্ট নির্মাতা বা সংশ্লিষ্ট অ্যাকাউন্ট পরিচালনাকারীদের অবস্থান কীভাবে নির্ধারণ করা হয়েছে, সে বিষয়েও গুগলের কাছে ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়।
রয়টার্সের প্রশ্নের জবাবে গুগলের এক মুখপাত্র বলেন, ইউটিউবসহ নিজেদের প্ল্যাটফর্ম সুরক্ষিত রাখতে বিশ্বব্যাপী সমন্বিত প্রভাব বিস্তারের কার্যক্রম নিয়মিতভাবে শনাক্ত ও বন্ধ করে প্রতিষ্ঠানটি। রাজনৈতিক মতাদর্শ যা-ই হোক না কেন, সবার ক্ষেত্রেই একই নীতিমালা প্রয়োগ করা হয় বলে জানান তিনি।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর জনপ্রিয়তা কমে আসার সময়েই বিপুলসংখ্যক চ্যানেল সরানোর বিষয়টি সামনে এসেছে। দেশটির অর্থনৈতিক পরিস্থিতি এবং প্রেসিডেন্টের প্রধান সামাজিক কর্মসূচিগুলো নিয়ে অসন্তোষ বাড়ছে। গত বছরের নভেম্বরে তার জনসমর্থন প্রায় ৮০ শতাংশ থাকলেও চলতি বছরের জুলাইয়ে তা কমে ৫১ শতাংশে নেমে আসে।
তবে চ্যানেলগুলো বন্ধ করার বিষয়ে গুগলের প্রতিবেদনে ইন্দোনেশিয়ার রাজনৈতিক পরিস্থিতির কোনো উল্লেখ ছিল না। অ্যাকাউন্টগুলোকে কেন সমন্বিত প্রভাব বিস্তারের কার্যক্রমের অংশ হিসেবে চিহ্নিত করা হয়েছে, সে বিষয়েও বিস্তারিত ব্যাখ্যা দেয়নি প্রতিষ্ঠানটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন