প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শীত পুরোপুরি জেঁকে বসার আগে ভোলার চরফ্যাশন উপজেলা সদরে লেপ-তোশকের বাজার জমে উঠেছে। সন্ধ্যা নামার সাথে সাথে শীতের আমেজ অনুভূত হওয়ায় ক্রেতারা আগাম প্রস্তুতি হিসেবে দোকানগুলোতে ভিড় করছেন। ফলে নতুন লেপ-তোশক তৈরি ও পুরোনোগুলো মেরামতে সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন কারিগর ও ব্যবসায়ীরা।
উপজেলা সদরের ‘সুমন বেডিং’-এ সরেজমিনে দেখা যায়, দোকানের ভেতরজুড়ে চলছে লেপ তৈরির কর্মযজ্ঞ। কেউ কাপড় মাপছেন, কেউ তুলা ধুনে সমানভাবে বিছিয়ে কাঠামো তৈরি করছেন, আবার কেউ সুই-সুতার নিপুণ ফোঁড়ে সেলাইয়ে ব্যস্ত। এক পাশে স্তূপ করে রাখা হয়েছে কাপড় ও তুলার বস্তা, অন্য পাশে ক্রেতাদের জন্য সাজিয়ে রাখা হয়েছে তৈরি লেপ-তোশক।
শরীফ হোসেন, বাবুল, শফিক ও রিপন মিয়া, কারিগররা জানান, শীত মৌসুম এলেই তাঁদের কাজের চাপ কয়েক গুণ বেড়ে যায়। একটি মানসম্মত লেপ তৈরিতে কাপড়ের মাপ নেওয়া, সমানভাবে তুলা বিছানো এবং নিখুঁত সেলাইয়ের জন্য ধৈর্য ও অভিজ্ঞতার প্রয়োজন হয়। বাবুল ও রিপন মিয়া বলেন, ক্রেতাদের চাহিদা মেটাতে এখন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে। এতে পরিশ্রম বাড়লেও মৌসুমি বাড়তি আয়ে সংসারে কিছুটা সচ্ছলতা আসে।
দোকানটির মালিক সেলিম জানান, শীত মৌসুম তাদের ব্যবসার প্রধান সময়। তাই তিনি আগে থেকেই পর্যাপ্ত কাপড়, তুলা ও অন্যান্য উপকরণ সংগ্রহ করে রেখেছেন। তিনি বলেন, কেউ নতুন লেপ তৈরি করতে আসছেন, আবার কেউ পুরোনো লেপে নতুন কাপড় লাগাতে দিচ্ছেন। ক্রেতাদের সামর্থ্য ও পছন্দ অনুযায়ী বিভিন্ন মান ও দামের লেপ তৈরি করে দেওয়া হচ্ছে। শীত বাড়ার সাথে সাথে বেচাকেনা আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে, আগাম প্রস্তুতি নিতে দোকানে আসা ক্রেতা সাইফুল ইসলাম রুবেল বলেন, শীত পুরোপুরি পড়ার আগেই পরিবারের জন্য একটি ভালো মানের লেপ তৈরি করতে এসেছেন। বাজারে রেডিমেড কম্বল পাওয়া গেলেও নিজের পছন্দমতো কাপড় ও তুলার পরিমাণ দিয়ে তৈরি করা লেপের স্থায়িত্ব ও আরাম বেশি বলে তিনি মনে করেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, আধুনিক কম্বলের প্রচলন বাড়লেও উপকূলীয় জনপদ চরফ্যাশনে শীত নিবারণে ঐতিহ্যবাহী লেপের চাহিদা এখনো অটুট রয়েছে। মৌসুমি এই কর্মচাঞ্চল্য একদিকে যেমন কারিগরদের জীবিকার সংস্থান করছে, অন্যদিকে স্থানীয় ক্ষুদ্র অর্থনীতিতেও গতি সঞ্চার করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন