প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের বিকল্প চিকিৎসাব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে হোমিওপ্যাথিক চিকিৎসাশিক্ষা প্রতিষ্ঠানগুলো বর্তমানে প্রশাসনিক জটিলতা ও আইন বাস্তবায়নে ধীরগতির কারণে সংকটের সম্মুখীন হয়েছে। এই পরিস্থিতির কারণে ওষুধ ব্যবসায়ী, শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। সংকটের সমাধানে হোমিওপ্যাথিক ওষুধকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতামুক্ত রাখার পাশাপাশি ডিএইচএমএস (ডিপ্লোমা-ইন-হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি) ডিগ্রিধারীদের সরকারি চাকরির সুযোগ সৃষ্টির জন্য চার দফা দাবি জানিয়েছেন চিকিৎসকেরা।
বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে এই দাবি উত্থাপন করেন ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশন।
সংগঠনটির চারটি দাবি হলো—ডিএইচএমএস চিকিৎসকদের সরকারি চাকরিতে নিয়োগের সুযোগ সৃষ্টি করা, মাদক আইনের আওতা থেকে হোমিওপ্যাথিক ওষুধের অন্তর্ভুক্তি বাতিল করা, হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ অনুযায়ী কাউন্সিলের গভর্নিং বডি ও নির্বাহী পরিষদ গঠন করা এবং হোমিওপ্যাথিক কলেজের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা নিশ্চিত করা।
কর্মসূচিতে বক্তারা উল্লেখ করেন, ১৯৭২ সাল থেকে স্বাধীন বাংলাদেশে হোমিওপ্যাথিক চিকিৎসাপদ্ধতি রাষ্ট্রীয় স্বীকৃতি লাভ করেছে। বর্তমানে ডিএইচএমএস ও বিএইচএমএস কোর্সের মাধ্যমে এ চিকিৎসাশিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে বিভিন্ন সংকট ও প্রশাসনিক জটিলতার কারণে শিক্ষাব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে।
তারা আরও বলেন, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জাতীয় স্বাস্থ্যব্যবস্থায় হোমিওপ্যাথিক চিকিৎসাসেবার পরিসর বৃদ্ধি করা প্রয়োজন। এ জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন, ২০২৩-এর পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ উত্থাপিত চার দফা দাবি দ্রুত কার্যকর করার জন্য প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত আমদানিকৃত ওষুধে রেকটিফায়েড স্পিরিট বা ইথাইল অ্যালকোহল থাকার কারণে এসব ওষুধের আমদানি, সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহারের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতি নিরসনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গত ১৩ আগস্ট জারি করা প্রজ্ঞাপন বিবেচনায় নিয়ে ওষুধের প্রয়োজনে বৈধ আমদানি ও ব্যবহারের জন্য সহজ, সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত নীতিমালা প্রণয়নের দাবি জানান তারা। একই সঙ্গে মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণের পাশাপাশি বৈধ ওষুধ আমদানি ও চিকিৎসাসেবার স্বার্থ সুরক্ষার আহ্বান জানান।
এ বিষয়ে সংগঠনের সভাপতি ডা. মো. মজিবুল্যাহ মজিব বলেন, ২০০৯ সালে ঘোষিত অষ্টম জাতীয় বেতন স্কেলের মূল বেতনের ৫ শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বেতন দেওয়া হতো। তবে প্রায় দুই বছর ধরে সেই বেতনও বন্ধ রয়েছে। এর ফলে এসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছেন। তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় জনবল কাঠামো ও নীতিমালা প্রণয়ন করে সরকারি রাজস্ব খাত থেকে শতভাগ বেতন-ভাতা দেওয়ার কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন