প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাঙামাটির নানিয়ারচর উপজেলার দুর্গম এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প করেছে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন। ক্যাম্পে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। প্রত্যন্ত ও দুর্গম পাহাড়ি এলাকা থেকে অনেক মানুষ চিকিৎসাসেবা নিতে ক্যাম্পে উপস্থিত হন।
চিকিৎসা ক্যাম্পে রোগীদের শারীরিক বিভিন্ন সমস্যা সম্পর্কে পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। স্থানীয়দের জন্য এ উদ্যোগ প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরি করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন নানিয়ারচর জোন কমান্ডার মশিউর রহমান, পিএসসি। এ সময় তিনি চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। তিনি ক্যাম্পের চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রমের সার্বিক পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন।
এ সময় রোগীদের আশ্বস্ত করে জোন কমান্ডার বলেন, প্রয়োজনীয় কোনো ওষুধ জোনে পাওয়া না গেলে শহর থেকে সংগ্রহ করে তা বিনামূল্যে সরবরাহের ব্যবস্থা করা হবে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নানিয়ারচরের বেশ কিছু এলাকা দুর্গম হওয়ায় অসুস্থ অবস্থায় দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া অনেকের জন্য কঠিন। বিশেষ করে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য চিকিৎসা ব্যয়ও বড় ধরনের চাপ তৈরি করে। এমন বাস্তবতায় সেনাবাহিনীর বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প তাদের জন্য স্বস্তি নিয়ে এসেছে।
চিকিৎসাসেবা নিতে আসা কয়েকজন রোগী বলেন, দূরের হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়া তাদের জন্য সময় ও ব্যয়সাপেক্ষ। কাছে এসে চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে পাওয়ায় তারা উপকৃত হয়েছেন।
নানিয়ারচর জোনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, শুধু চিকিৎসাসেবা নয়, দুর্গম এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে সেনাবাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রম স্থানীয় জনগণের মধ্যে আস্থা ও সহযোগিতার পরিবেশ আরও সুদৃঢ় করছে।
সংশ্লিষ্টরা বলছেন, পাহাড়ি ও দুর্গম জনপদে সাধারণ মানুষের প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো এবং সেবামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। নানিয়ারচরের এ চিকিৎসা ক্যাম্পও সেই ধারাবাহিকতার অংশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন