প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইতিহাসের প্রথমবারের মতো আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করে রায় দেওয়ার একদিন পর শুক্রবার বাংলাদেশের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান। ভারতীয় সংবাদসংস্থা এএনআই নিউজের তথ্য অনুযায়ী, এ সময় তিনি ঘোষণা করেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দেশে ফেরার পথ শুরু হয়েছে। একই সঙ্গে তিনি মিয়ানমারকে আদালতের এই বাধ্যতামূলক রায় মেনে চলার আহ্বান জানান।
আইসিজের রায়ে উল্লেখ করা হয়েছে, ২০১৭ সালে উত্তর রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনীর ‘নিরাপত্তা অভিযানের’ সময় রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে। জাতিসংঘের গণহত্যা সনদের অধীনে নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় মিয়ানমারকে এর জন্য দায়ী করেছে আদালত।
উখিয়ার রোহিঙ্গা শিবিরে সরাসরি শরণার্থীদের সামনে বক্তব্য রাখেন খলিলুর রহমান। তিনি এর আগে রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। তিনি বলেন, নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বসে না থেকে এই ঐতিহাসিক মুহূর্তে সরাসরি শিবিরে এসে রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে চেয়েছেন।
গাম্বিয়ার দায়ের করা মামলায় বৃহস্পতিবার এই ঐতিহাসিক রায় প্রদান করে জাতিসংঘের সর্বোচ্চ আদালত। রায়ে বলা হয়, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হামলায় মানুষ গুলিবিদ্ধ হন, ছুরিকাঘাতের শিকার হন এবং আগুনে পোড়েন। ব্যাপক ধর্ষণ ও দলবদ্ধ ধর্ষণসহ নানা ধরনের যৌন সহিংসতা চালানো হয়। এর সঙ্গে মারধর ও শরীরের অঙ্গ বিকৃত করার মতো গুরুতর নির্যাতনের ঘটনাও ঘটে।
শিবিরে রোহিঙ্গাদের উদ্দেশে খলিলুর রহমান বলেন, হেগে জাতিসংঘের সর্বোচ্চ আদালত রোহিঙ্গাদের স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং বহু প্রজন্ম ধরে মিয়ানমারের সঙ্গে তাদের সম্পর্কের কথা মেনে নিয়েছে। তিনি মন্তব্য করেন, "কোনো রায় মৃতদের ফিরিয়ে আনতে বা সব ক্ষত সারাতে পারে না, তবে সত্যের স্বীকৃতি থেকেই ন্যায়বিচার শুরু হয়।"
মিয়ানমারের রাজধানী নেপিডোকে সতর্ক করে খলিলুর রহমান বলেন, এই রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ নেই। মিয়ানমার নিজেদের বক্তব্য ও প্রমাণ উপস্থাপনের পূর্ণ সুযোগ পেয়েছে। তাই রায় মেনে চলা ঐচ্ছিক নয়, এটি অবশ্যই বাস্তবায়ন করতে হবে।
রায় বাস্তবায়নে চারটি জরুরি পদক্ষেপের কথা তুলে ধরেন খলিলুর রহমান:
বিচার ও আইনি সংস্কার : গণহত্যাসংক্রান্ত অপরাধে জড়িত থাকার যৌক্তিক সন্দেহ রয়েছে—এমন ব্যক্তিদের দ্রুত তদন্ত, বিচার ও শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি প্রচলিত আইনের ঘাটতি দূর করে ভবিষ্যতে এমন অপরাধ না ঘটার নিশ্চয়তা দিতে হবে।
নিরাপদ প্রত্যাবাসন ও নাগরিকত্ব : জোর করে বা বিপদের মুখে রোহিঙ্গাদের ফেরত পাঠানো যাবে না। নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্থায়ী প্রত্যাবাসনের জন্য সুরক্ষা, চলাচলের স্বাধীনতা, বৈষম্য থেকে মুক্তি এবং নাগরিকত্বের অধিকার নিশ্চিত করতে হবে। নিজেদের ভবিষ্যৎ সিদ্ধান্তে রোহিঙ্গাদের, বিশেষ করে নারী ও তরুণদের মতামত থাকতে হবে।
ক্ষতিপূরণ : ব্যক্তি ও রোহিঙ্গা জনগোষ্ঠীর আর্থিক ও অন্যান্য ক্ষতি পূরণে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা দুই বছরের মধ্যে আদালতকে জানাতে হবে মিয়ানমারকে।
দীর্ঘমেয়াদি সুরক্ষা : ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে, নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দিতে হবে এবং তাদের ওপর কার্যকর বেসামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে।
খলিলুর রহমান সতর্ক করেন, জাতিসংঘ সনদের ৯৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোনো দেশ রায় না মানলে বিষয়টি নিরাপত্তা পরিষদে তোলার সুযোগ রয়েছে। নিরাপদে ফেরার পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত শিবিরে খাবার, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও আশ্রয়ের জন্য আন্তর্জাতিক সহায়তা চালিয়ে যাওয়ারও আহ্বান জানান তিনি।
নির্যাতন থেকে বেঁচে যাওয়া ব্যক্তি ও নারী সাক্ষীদের প্রতি শ্রদ্ধা জানান খলিলুর রহমান। পাশাপাশি গাম্বিয়া, ওআইসি, মামলায় অংশ নেওয়া ১১টি দেশ এবং উখিয়া ও টেকনাফের স্থানীয় বাংলাদেশিদের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ১৯৪৮ সালের গণহত্যা সনদ এই প্রথম রোহিঙ্গাদের পক্ষে কাজ করেছে এবং ১৯ নভেম্বরকে তিনি রোহিঙ্গাদের দেশে ফেরার পথ শুরুর দিন হিসেবে দেখছেন। জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের কাছে রোহিঙ্গাদের কথা তুলে ধরার প্রতিশ্রুতিও দেন তিনি।
রায়ে আদালত উল্লেখ করেছে, বেসরকারি ব্যক্তিদের গণহত্যায় উসকানি দেওয়ার সরাসরি ও প্রকাশ্য কোনো প্রমাণ মিয়ানমারের বিরুদ্ধে পাওয়া যায়নি। তবে ২০২০ সালের ২৩ জানুয়ারি দেওয়া আদালতের নির্দেশ লঙ্ঘন করে প্রমাণ সংরক্ষণ ও নষ্ট হওয়া ঠেকাতে ব্যর্থ হয়েছে মিয়ানমার। তাই চলমান সব লঙ্ঘন বন্ধ করা, অভিযুক্তদের তদন্ত ও বিচার এবং ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আইসিজে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন