প্রিন্ট এর তারিখঃ ২৩শে নভেম্বর, ২০২৬ইং; ০৯:২০ পি.এম || প্রকাশের তারিখঃ ২৩শে নভেম্বর, ২০২৬ইং; ০৯:০৩ পি.এম
নোয়াখালীতে ২ শিবির নেতাকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রশিবির
এবছরের ২৭ এপ্রিল নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে জাতীয় নির্বাচনে ভোট দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় বাংলাদেশ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের উদ্দেশ্যমূলকভাবে আসামি করার অভিযোগ এবং সর্বশেষ আজ আদালতে জামিন নিতে গেলে গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর শাখা।
আজ সোমবার (২৩ নভেম্বর-২০২৬) নোয়াখালী শহর ছাত্রশিবিরের মিডিয়া সম্পাদক মাহবুবুর রহমান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
এক যৌথ প্রতিবাদ বিবৃতিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাহবুব এবং সেক্রেটারি মুহাম্মদ বোরহান উদ্দিন বলেন, “গত ২৭ এপ্রিল ছয়ানী ইউনিয়নে বিএনপির নিজেদের দলীয় কোন্দলকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় উপজেলা বিএনপির সমন্বয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়, যেখানে রাজনৈতিক প্রতিহিংসাবশত সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে ইসলামী ছাত্রশিবিরের নিরপরাধ নেতাকর্মীদের আসামি করা হয়েছে।”
নেতৃবৃন্দ বিবৃতিতে উল্লেখ করেন, “মামলার বিষয়ে আমরা তাৎক্ষণিকভাবে থানায় যোগাযোগ করলে পুলিশ প্রশাসন বিষয়টি নিষ্পত্তি করে দেওয়ার আশ্বাস দিয়েছিল। কিন্তু প্রশাসন সেই আশ্বাস রক্ষা না করে মামলাটি ঝুলিয়ে রাখে এবং আমাদের নেতাকর্মীদের হয়রানি করতে থাকে। এরই ধারাবাহিকতায় আজ মামলার জামিনের জন্য আদালতে গেলে ইসলামী ছাত্রশিবিরের দুই সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোট ছয়জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়।”
গ্রেপ্তারকৃত ছাত্রশিবির নেতৃবৃন্দের নির্দোষিতার প্রমাণ তুলে ধরে শহর সভাপতি ও সেক্রেটারি বলেন, “ঘটনার দিন গ্রেপ্তার হওয়া আমাদের দুই ভাইয়ের কেউই ঘটনাস্থলের আশপাশে ছিলেন না। হাম্মাদুর রহমান সিয়াম পারিবারিক কাজে নিজ বাড়ির এলাকায় অবস্থান করছিলেন এবং আনাস মুঈন ঘটনাস্থল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে তাঁর মেসের পাশে একজন শিক্ষার্থীর বাসায় টিউশন করাচ্ছিলেন। অথচ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এ ধরনের হয়রানি ও গ্রেপ্তার নোয়াখালীর শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করে তুলবে এবং পরিস্থিতিকে আরও জটিল করবে। আমরা প্রশাসনের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি এবং অবিলম্বে গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।”
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"