প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্পেনের একটি আদালত মার্কিন সমাজহিতৈষী ও ফিলিস্তিনের পক্ষে সক্রিয় দাতা জেমস ‘ফার্গি’ চেম্বার্সকে শর্তসাপেক্ষ জামিন প্রদান করেছে। হামাসকে অর্থনৈতিক সহায়তা দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রত্যর্পণ অনুরোধের কারণে তিনি গত জুলাই থেকে কারাগারে আটক ছিলেন। তবে চেম্বার্স এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন।
আদালত সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার কথা থাকলেও নথিপত্রের অনুবাদে ত্রুটির কারণে রায় দিতে বিলম্ব হতে পারে বলে শুক্রবার আদালত জানিয়েছে। বিচারকদের মতে, অনুবাদের এই ত্রুটি প্রত্যর্পণ প্রক্রিয়ার ফলাফলে প্রভাব ফেলতে পারে এবং মার্কিন কর্তৃপক্ষের সরবরাহ করা নথির নির্ভুলতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে, যা আপাতত প্রত্যর্পণের ভিত্তিকে দুর্বল করতে পারে।
জামিনের শর্ত অনুযায়ী, চেম্বার্সকে প্রতি সপ্তাহে স্থানীয় আদালতে হাজিরা দিতে হবে, তাঁর পাসপোর্ট জমা রাখতে হবে, স্পেনের ভেতরেই অবস্থান করতে হবে, একটি স্থায়ী ঠিকানা জানাতে হবে এবং হাইকোর্ট তলব করলে হাজির হতে হবে।
যুক্তরাষ্ট্রে প্রত্যর্পিত হলে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের অভিযোগে তাঁকে সর্বোচ্চ ৩০ বছরের কারাদণ্ডের ঝুঁকিতে পড়তে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই মামলায় চেম্বার্স রাজনৈতিক আশ্রয়ের আবেদনও করেছেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে। আশ্রয়ের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁকে প্রত্যর্পণ করা যাবে না এবং আবেদন গৃহীত হলে প্রত্যর্পণ বাতিল হয়ে যাবে।
আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে চেম্বার্সের পরিবার ও আইনজীবীরা জানিয়েছেন, আগামী মার্চে তাঁর স্ত্রীর সন্তান জন্মদানের কথা রয়েছে। এর আগে তাঁর স্ত্রী স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের প্রতি তাঁকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার আহ্বান জানিয়েছিলেন, যাতে যুক্তরাষ্ট্রে গিয়ে তাঁকে কারাগারে যেতে না হয়। তিনি সতর্ক করেছিলেন যে স্পেন ব্যবস্থা না নিলে তা ইউরোপে ফিলিস্তিনপন্থী সংহতিকে অপরাধ হিসেবে দেখার একটি নজির তৈরি করতে পারে।
এ ছাড়া জাতিসংঘের মানবাধিকার রক্ষক বিষয়ক বিশেষ দূতও সতর্ক করে বলেছিলেন যে চেম্বার্সকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হলে তাঁর অপূরণীয় মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা রয়েছে এবং তিনি প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছিলেন।
গাজায় মানবিক সহায়তা কার্যক্রমে বড় অঙ্কের অনুদান দেওয়া এই মার্কিন নাগরিকের মামলাটি স্পেনের সমাজতান্ত্রিক নেতৃত্বাধীন সরকারের জন্য রাজনৈতিকভাবে বেশ সংবেদনশীল হয়ে উঠেছে। ফিলিস্তিন ইস্যুতে স্পেনের কঠোর অবস্থান এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সমালোচনার মুখে পড়েছে এবং ওয়াশিংটনের সঙ্গে টানাপোড়েন বাড়িয়েছে। আদালত প্রত্যর্পণের অনুমোদন দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্পেনের মন্ত্রিসভা।
পাশাপাশি চেম্বার্সের আইনজীবীরা জানিয়েছেন, মার্কিন কর্তৃপক্ষের অনুরোধে আয়ারল্যান্ডের ডাবলিনে তাঁর পারিবারিক বাড়িতে পুলিশের চালানো এক অভিযানের বিরুদ্ধেও তাঁরা আইনি চ্যালেঞ্জ জানানোর প্রস্তুতি নিচ্ছেন, যে অভিযানে ইলেকট্রনিক ডিভাইসসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছিল। সূত্র: আল জাজিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন