প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অপরাধ, খুন অথবা রহস্যজনক মৃত্যুর ঘটনার উপর ভিত্তি করে তৈরি পডকাস্ট, ওয়েব সিরিজ এবং তথ্যচিত্রের জনপ্রিয়তা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। অসংখ্য মানুষ ঘণ্টার পর ঘণ্টা এসব অপরাধের গল্প শুনছেন বা দেখছেন। বিশেষ করে নারীদের মধ্যে এই ধরনের কনটেন্টের প্রতি আগ্রহ অনেক বেশি। তবে এটি কেবল কৌতূহল বা বিনোদনের জন্য নয়। এর পেছনে মানুষের মনস্তত্ত্ব, নিরাপত্তাবোধ এবং ভয়কে বোঝার চেষ্টা রয়েছে।
মনোবিষয়ক সাময়িকী সাইকোলজি টুডেতে প্রকাশিত একটি নিবন্ধে উল্লেখ করা হয়েছে যে, সত্য ঘটনা অবলম্বনে অপরাধের গল্প মানুষের কিছু মনস্তাত্ত্বিক চাহিদা পূরণ করে। এর মধ্যে নিরাপত্তার অনুভূতি, পরিস্থিতি সম্পর্কে ধারণা তৈরি, আবেগ নিয়ন্ত্রণ এবং অন্যদের সঙ্গে মানসিক সংযোগ অন্তর্ভুক্ত রয়েছে।
নিরাপত্তা ও আত্মরক্ষার প্রস্তুতি
নারীদের মধ্যে সত্য ঘটনা অবলম্বনে অপরাধের গল্পের জনপ্রিয়তার একটি কারণ হতে পারে নিরাপত্তা নিয়ে সচেতনতা। এ ধরনের ঘটনা শুনে বা দেখে তাঁরা বিপদের সম্ভাব্য লক্ষণ, অপরাধীর আচরণ এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সম্পর্কে ধারণা পেতে পারেন। ফলে ভবিষ্যতে অনুরূপ পরিস্থিতির সম্মুখীন হলে কিভাবে সতর্ক থাকতে হবে, সে বিষয়ে মানসিক প্রস্তুতি তৈরি হয়।
অপরাধের ঘটনা বিশ্লেষণ করে কী ভুল হয়েছিল এবং কিভাবে বিপদ এড়ানো যেত, তা বোঝার চেষ্টা মানুষের মধ্যে এক ধরনের নিয়ন্ত্রণবোধ তৈরি করতে পারে।
রহস্য উন্মোচনের কৌতূহল
মানুষ স্বাভাবিকভাবেই কোনো ঘটনার পেছনের কারণ, উদ্দেশ্য এবং পরিণতি জানার প্রতি আগ্রহী। অপরাধের গল্পে রহস্য, সূত্র, অপরাধীর উদ্দেশ্য এবং ঘটনার সমাধানের অপেক্ষা থাকে। এসব বিষয় দর্শক-শ্রোতাদের গল্পের শেষ পর্যন্ত যুক্ত রাখে।
বিশেষ করে অপরাধ কেন ঘটল, অপরাধী কীভাবে পরিকল্পনা করল এবং শেষ পর্যন্ত কীভাবে সত্য সামনে এল—এসব প্রশ্নের উত্তর খোঁজার আগ্রহ থেকেই অনেকেই এ ধরনের কনটেন্ট দেখেন।
ভয় ও আবেগ নিয়ন্ত্রণের চেষ্টা
অপরাধের গল্পে ভয়, রাগ, ক্ষোভ এবং উদ্বেগের মতো তীব্র আবেগ তৈরি হয়। তবে বাস্তবে বিপদের মুখোমুখি না হয়েই মানুষ এসব আবেগের অভিজ্ঞতা নিতে পারেন। গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনাপ্রবাহ অনুসরণ করে তাঁরা এক ধরনের মানসিক অভিজ্ঞতার মধ্য দিয়ে যান।
সাইকোলজি টুডের নিবন্ধে উল্লেখ করা হয়েছে, সত্য ঘটনা অবলম্বনে অপরাধের গল্প মানুষের আবেগ নিয়ন্ত্রণের চাহিদাও পূরণ করতে পারে। গল্পের নির্দিষ্ট কাঠামো এবং শেষ পর্যন্ত সমাধান পাওয়ার প্রত্যাশা দর্শক-শ্রোতাদের স্বস্তি দিতে পারে।
মানসিক সংযোগ ও সামাজিক যোগাযোগ
অপরাধবিষয়ক পডকাস্ট বা অনুষ্ঠান নিয়ে অনেকেই বন্ধু, পরিবার অথবা অনলাইন কমিউনিটিতে আলোচনা করেন। একই ঘটনা নিয়ে মতামত বিনিময়, অপরাধের সূত্র বিশ্লেষণ এবং বিচার নিয়ে আলোচনা তাঁদের মধ্যে সামাজিক সংযোগ তৈরি করে।
পডকাস্টের উপস্থাপকদের কণ্ঠ এবং গল্প বলার ধরনও শ্রোতাদের কাছে পরিচিত ও আপন মনে হতে পারে। ফলে তাঁদের সঙ্গে এক ধরনের একতরফা মানসিক সম্পর্ক তৈরি হয়, যা অনেকের সামাজিক চাহিদা পূরণে ভূমিকা রাখে।
অতিরিক্ত আগ্রহে বাড়তে পারে ভয় ও উদ্বেগ।
অপরাধবিষয়ক কনটেন্টের প্রতি আগ্রহ সব সময় ইতিবাচক অভিজ্ঞতা তৈরি করে না। বারবার ভয়ংকর অপরাধের ঘটনা দেখতে থাকলে মানুষের কাছে পৃথিবী বাস্তবের তুলনায় বেশি বিপজ্জনক মনে হতে পারে। এতে অপরিচিত মানুষের প্রতি অবিশ্বাস, ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা এবং সব সময় সতর্ক থাকার প্রবণতা তৈরি হতে পারে।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম ব্যবহারকারীর আগ্রহ অনুযায়ী একই ধরনের কনটেন্ট বারবার সামনে নিয়ে আসে। ফলে কেউ একবার অপরাধবিষয়ক ভিডিও বা পডকাস্টে আগ্রহী হলে ক্রমাগত এ ধরনের কনটেন্ট দেখতে পারেন।
ভুক্তভোগীদের প্রতি সহমর্মিতাও জরুরি
অপরাধের ঘটনা নিয়ে বিনোদনমূলক কনটেন্ট তৈরির ক্ষেত্রে ভুক্তভোগী এবং তাদের পরিবারের প্রতি সম্মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আকর্ষণীয় গল্প তৈরির প্রতিযোগিতায় অনেক সময় বাস্তব ঘটনার ভয়াবহতা অতিরঞ্জিত করা হয়। কখনো অপরাধীদের এমনভাবে উপস্থাপন করা হয়, যেন তারা কোনো তারকা।
এতে অপরাধের প্রকৃত ক্ষতি এবং ভুক্তভোগীদের অভিজ্ঞতা আড়ালে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই সত্য ঘটনা অবলম্বনে অপরাধের গল্প দেখার সময় তথ্যের সত্যতা, উপস্থাপনার ধরন এবং ভুক্তভোগীদের প্রতি নির্মাতাদের দৃষ্টিভঙ্গিও বিবেচনায় রাখা প্রয়োজন।
উল্লেখ্য, অপরাধের গল্পের জনপ্রিয়তা কেবল ভয়ংকর ঘটনার প্রতি মানুষের কৌতূহলের ফল নয়। নিরাপত্তা, নিয়ন্ত্রণবোধ, আবেগের অভিজ্ঞতা এবং সামাজিক সংযোগের মতো মনস্তাত্ত্বিক চাহিদাও এর পেছনে কাজ করে। তবে এসব কনটেন্ট দেখার পর নিজের মধ্যে অযথা ভয় বা উদ্বেগ তৈরি হচ্ছে কি না, সেদিকেও খেয়াল রাখা জরুরি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন